ল্যাপটপ মেলায় প্রথম দিনেই ভিড়, বিক্রিও ভালো
বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে ল্যাপটপ কম্পিউটারের বিক্রি বেড়ে গেছে। কম্পিউটার বাজারে বাড়ছে ল্যাপটপের দাপট। তার প্রমাণ পাওয়া গেল ল্যাপটপ মেলার প্রথম দিনেই উপচে পড়া ভিড় দেখে। উদ্বোধনের দিনে বিক্রিও ভালো হয়েছে বলে জানা গেছে। ঢাকায় তৃতীয়বারের মতো ল্যাপটপ মেলা শুরু হয়েছে গতকাল বুধবার থেকে। আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জুম ল্যাপটপ ফেয়ার ২০১০’ নামে শুরু হওয়া এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোস্তাফা জব্বার। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে ল্যাপটপ কম্পিউটার। উদ্বোধনী অনুষ্ঠানে মেলার প্রধান পৃষ্ঠপোষক সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল সিমোর, আয়োজক মেকার কমিউনিকেশনের ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক আসিফ সারওয়ার খানসহ অনেকে বক্তব্য দেন। উদ্বোধনের পরই দর্শকদের জন্য মেলা উন্মুক্ত করে দেওয়া হয়। শুরু থেকেই মেলার প্রাঙ্গণ ছিল দর্শকে পরিপূর্ণ। মেলায় ঘুরতে আসা শাহনাজ পারভীন বলেন, ‘অনেক আগে থেকেই ল্যাপটপ কেনার চিন্তা করছি। মেলায় কিছুটা কম দামে পাওয়া যাবে তাই ল্যাপটপ কিনতে আসা।’ এবারের মেলায় অনেক ক্রেতাকেই পছন্দ অনুযায়ী ল্যাপটপ কিনতে দেখা গেছে প্রথম দিন থেকেই। মেলায় আছে ১৫টি প্যাভিলিয়ন ও পাঁচটি স্টল। এ ছাড়া মেলার প্রাঙ্গণে প্রতিদিন থাকছে বিনোদনমূলক অনুষ্ঠান, প্রযুক্তি ফ্যাশন শো ও কুইজ প্রতিযোগিতা। সিটিসেলের প্যাভিলিয়নে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। মেলার সহ-পৃষ্ঠপোষক এসার, আসুস, এইচপি ও লেনোভো; রেডিও সহযোগী এবিসি রেডিও এবং অনলাইন সহযোগী বিডি জবস ডট কম।