ল্যাবএইড কর্তৃপক্ষকে হাইকোর্টে তলব, আন্দোলনে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুর ঘটনায় ল্যাবএইড হাসপাতালের চেয়ারম্যান, সব পরিচালক, প্রধান কনসালট্যান্ট ও সংশ্লিষ্ট চিকিৎসককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৩ আগস্ট তাঁদের আদালতে হাজির হয়ে চিকিৎসায় অবহেলার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।একই সঙ্গে আদালত রুলে অবহেলাজনিত কারণে মৃদুলকান্তির মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন। এ ছাড়া ওই মৃত্যুর ঘটনায় হাসপাতালের অবহেলা প্রকাশ পেলে তাঁদের কার্যক্রম বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে।স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট ও সেক্রেটারি এবং বিভাগীয় পরিচালকসহ (ঢাকা) আটজনকে আগামী তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।মৃদুলকান্তির মৃত্যুর জন্য ল্যাবএইড কর্তৃপক্ষের ভুল চিকিৎসা ও চিকিৎসায় দীর্ঘসূত্রতাকে দায়ী করেছে তাঁর পরিবার। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছেন। তাঁরা ঘটনার জন্য দায়ী ল্যাবএইড হাসপাতালের চিকিৎসকদের নাম প্রকাশ এবং তাঁদেরকে হাসপাতাল থেকে বহিষ্কার, ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষকে গণমাধ্যমে বিবৃতি দিয়ে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, মৃদুলকান্তি চক্রবর্তীর পরিবারকে ৭২ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লোকসংগীত গবেষক ও শিল্পী মৃদুলকান্তি চক্রবর্তী গত সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।হাইকোর্টে তলব: মৃদুলকান্তির মৃত্যুর বিষয়ে ওঠা অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ গতকাল রিট আবেদনটি করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারিসহ নির্দেশনা দেন।রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, আদালত ঘটনার ব্যাখ্যা জানাতে ল্যাবএইড হাসপাতালের চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, প্রধান কনসালট্যান্টসহ সংশ্লিষ্ট চিকিৎসকদের ২৩ আগস্ট তলব করেছেন। অন্তর্বর্তীকালীন নির্দেশনায় বেসরকারি হাসপাতালগুলোতে দ্রুত ও সুচিকিৎসা নিশ্চিত করতে প্রতি মাসে তদারক করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বেসরকারি হাসপাতালগুলোতে দ্রুত এবং সুচিকিৎসায় কী ব্যবস্থা নেওয়া যায়, সে জন্য একটি নির্দেশনা (গাইডলাইন) তৈরি করতে দুই সপ্তাহের মধ্যে ১০ সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ কমিটি গঠন করতে স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে।শিক্ষার্থীদের আন্দোলন: ভুল চিকিৎসা ও চিকিৎসায় অবহেলার জন্য ল্যাবএইড হাসপাতালের চিকিৎসকদের দায়ী করে মঙ্গলবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। ওই দিন তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল এবং ল্যাবএইড হাসপাতাল ঘেরাও করেন। গতকাল বুধবার সকালে তাঁরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। আন্দোলনের মুখে দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে আলোচনায় বসেন ল্যাবএইডের পরিচালক মাহবুবুল হক ও এমরান চৌধুরী। নাট্যকলা ও সংগীত বিভাগের শিক্ষক এবং আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণকারী শিক্ষকেরা এ সময় উপস্থিত ছিলেন।সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ল্যাবএইড কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সব দাবি মেনে নেবে বলে জানিয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তের জন্য সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামীকাল তিনটায় তাঁরা ক্ষতিপূরণের টাকাও হস্তান্তর করবেন।তবে গত রাতে যোগাযোগ করা হলে উপাচার্যের এই বক্তব্য নাকচ করে দিয়েছেন ল্যাবএইডের পরিচালক এমরান চৌধুরী। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন এবং আমরা সেই সময়টাই নিয়েছি। এ সময়ের মধ্যে আমাদের ব্যবস্থাপনা কমিটি যে সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিপূরণ দেওয়া হবে এমন কোনো সিদ্ধান্ত আমরা বৈঠকে জানাইনি।’পরিবারের বক্তব্য: মৃদুলকান্তির স্ত্রী জয়া চক্রবর্তী বলেন, ১৫ আগস্ট সকাল ১০টার দিকে মৃদুলকান্তিকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা আবদুর রহমানের পরামর্শ অনুযায়ী ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। তিনি নিজেই হেঁটে হাসপাতালে ঢোকেন। দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় জরুরি বিভাগে। সেখানে চিকিৎসকেরা ভর্তির জন্য কাগজ ধরিয়ে দেন। ভর্তির প্রাথমিক কাজ শেষ করতে এসে শুরু হয় ঝামেলা।জয়া চক্রবর্তী বলেন, ‘ভর্তির জন্য দিতে হবে ১১ হাজার টাকা। কিন্তু সঙ্গে ছিল ১০ হাজার টাকা। কর্তৃপক্ষ জানাল, সব টাকা নগদ না দিলে ভর্তি করবে না। তখন ক্রেডিট কার্ড বের করে দিই। কিন্তু কর্তৃপক্ষ বলে, তাদের ক্রেডিট কার্ড সুবিধা বন্ধ। আমি অনুনয় করছি ভর্তি করার জন্য। কিন্তু তারা অনড়। এরপর একজনের কাছ থেকে টাকা ধার নিয়ে দেওয়ার পর তারা ভর্তি করে। কিন্তু ততক্ষণে অনেক সময় পার হয়ে গেছে। আর এ সময়টুকু তিনি জরুরি বিভাগে চিকিৎসা ছাড়াই ছিলেন। সর্বনাশ যা হওয়ার এরই মধ্যে হয়ে গেছে।’শুরু থেকেই সঙ্গে ছিলেন মৃদুলকান্তির ভাগনে ডা. শোভন চক্রবর্তী। জানতে চাইলে তিনি বলেন, ‘জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর দুজন ডাক্তার মৃদুলকান্তির ব্লাড প্রেশার মাপেন এবং ইসিজি করেন। কিন্তু এরপর ভর্তির কাগজ না আসা পর্যন্ত তাঁরা কোনো চিকিৎসা শুরু করেননি। অনেকক্ষণ পর কাগজপত্র এলে তাঁকে নিয়ে যাওয়া হয় কেবিনে। সেখানে প্রথমে সাধারণ স্যালাইন দেওয়া হয়। কিছুক্ষণ পরই তা খুলে অ্যান্টিবায়োটিক স্যালাইন দেওয়া হয়। সঙ্গে সঙ্গে তাঁর প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। তখন ডাক্তাররা তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে নিয়ে যান। দুই-তিন মিনিট পর ভেতরে গিয়ে দেখি, সব শেষ। ডাক্তাররা তখন জানান, হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।’ শোভন বলেন, ‘আমি নিজেও একজন ডাক্তার। আমার মামার চিকিৎসা দিতে দেরি করা হয়েছে এবং তাঁকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে বলেই তিনি মারা গেছেন।’মৃদুলকান্তি চক্রবর্তী রোববার সন্ধ্যায় অসুস্থতা বোধ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তাকে জানালে তিনি ডা. জামিল আহমেদ সাহেদিকে বাসায় পাঠান। জামিল বলেন, ‘স্যারের শরীর তেমন খারাপ ছিল না। বাসায় যাওয়ার পর তিনি নিজেই আমার সামনে এসে বসলেন এবং জানালেন, তাঁর বদহজম হয়েছে, কিছু খেতে পারছেন না। তাঁকে প্রাথমিকভাবে কিছু ওষুধ দিই এবং কিছু পরীক্ষা করানোর পরামর্শ দিই।’