লড়াই করেই নারীদের এগোতে হবে: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, এমনি এমনি কোনো কিছু পাওয়া যায় না। সবকিছু লড়াই করে আদায় করতে হয়। নারীদের লড়াই করে অধিকার আদায় করতে হবে।‘কালবর্তিকা: যাদের আলোয় উদ্ভাসিত বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে মতিয়া চৌধুরী এসব কথা বলেন। প্রধান অতিথি হিসেবে আজ রোববার ছায়ানট মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করেন কৃষিমন্ত্রী।১৯১০ থেকে ২০১০—এই ১০০ বছরে বিভিন্ন ক্ষেত্রে যেসব নারী অবদান রেখেছেন, তাঁদের জীবনী নিয়ে বইটি প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন।কৃষিমন্ত্রী বলেন, কখনো প্রথার ভেতর থেকে, কখনো বা প্রথা ভেঙে সামনে এগিয়েছে নারী; মোকাবিলা করেছেন তাঁরা সব প্রতিবন্ধকতা—দাঁড়িয়েছে আপন শক্তিতে। অবদান রেখেছে সমাজ ও রাষ্ট্রে।মুক্তিযুদ্ধে নারীর অবদানের কথা উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, মা থেকে শুরু করে কন্যা সব বয়সের নারীই মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। কৃষিমন্ত্রী এমন একটি বই প্রকাশ করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। তবে বইটিতে যাঁদের গুরুত্বপূর্ণ অবদান বাদ পড়েছে, তা সন্নিবেশিত করার পরামর্শ দেন তিনি।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। তিনি বলেন, ১৯১০ থেকে ২০১০ মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ শতক। এই শতকে এই উপমহাদেশে নারীর অবস্থান কী ছিল, নারী কী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন—সর্বোপরি নারী এই দীর্ঘ সময়ে কী কী অর্জন করেছে, সেসব প্রশ্নের উত্তর খুঁজে পেতে চেষ্টা করা হয়েছে এই বইয়ে।আয়োজকেরা জানান, কালবর্তিকা নামক বইটিতে ব্রিটিশবিরোধী, ভাষা-আন্দোলন, মুক্তিযুদ্ধ, মানবাধিকার, নারী আন্দোলন, সাহিত্য, রাজনীতি, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশাসন, অভিবাসন, চিত্রকলা, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন এমন ৪২৭ জন নারীর কথা তুলে ধরা হয়েছে।এ ছাড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য নূরজাহান বেগম, ভাষা-আন্দোলনের জন্য রওশন আরা বাচ্চু ও প্রতিভা মুত্সুদ্দি, শিক্ষার জন্য লতিফা আকন্দ ও মানবাধিকারের জন্য সুলতানা জামানের অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে এই বইয়ে।