লড়াই হবে ড্রোনে ড্রোনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন শতাব্দীর সূচনায় অনেক বিপর্যয় ও দুর্যোগের আশঙ্কা করেছিলেন গবেষক ও বিজ্ঞানীরা। আতঙ্কও ছড়িয়েছিল অনেক। সেসব নিয়ে সংবাদমাধ্যমে মাতামাতিরও অন্ত ছিল না। এসব আশঙ্কার অনেকগুলো এড়ানো গেছে। কিন্তু যুদ্ধের ঝনঝনানি বদলে গিয়ে এখন শোঁ শোঁ রব উঠেছে। যে ভয়ে সবাই ভীত ছিল, তা আরও বেশি করে জেঁকে বসছে বিশ্বের মানুষের ওপর। এ ভয়ের এবং নতুন রবের নাম চালকহীন বিমান বা ড্রোন।কয়েক দশক আগেও ড্রোনের একমাত্র অধিকারী হিসেবে হুংকার দিত মার্কিন যুক্তরাষ্ট্র। এখন দিন বদলেছে। নিউ আমেরিকান ফাউন্ডেশনের তথ্যমতে বিশ্বের প্রায় ৭০টি দেশের কাছে আছে বিভিন্ন ধরনের ড্রোন। আশার কথা হলো, এসব ড্রোনের মাত্র কয়েকটি সংস্করণই যুদ্ধক্ষেত্রে ব্যবহারের যোগ্য।সিএনএনের এক খবরে বলা হয়েছে, ২০০১ সালে জর্জ ডব্লিউ বুশ যখন তাঁর ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ শুরু করেন, তখন যুক্তরাষ্ট্রের হাতে ছিল মাত্র ৫০টি ড্রোন। আজ ড্রোনের সংখ্যা কম করে হলেও সাড়ে সাত হাজার। বিশ্বের ওপর খবরদারি খাটাতে ড্রোনকে নিয়মিত ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। এ কারণে বিশ্বের অনেক দেশের সরকার ক্ষমতায় ভারসাম্য আনতে ড্রোনের প্রযুক্তি লাভে তত্পর হয়ে উঠেছে। প্রযুক্তির উদ্ভাবন ও বিকাশে কাঁড়ি কাঁড়ি টাকা ঢালতেও কসুর করছে না ধনী রাষ্ট্রগুলো। তবে, এ থেকে একটি বিষয় পরিষ্কার, বিশ্বের যুদ্ধ কৌশলে নাটকীয় পরিবর্তন সূচিত হতে যাচ্ছে। ঢাল-তলোয়ার নিয়ে লড়ার দিন গেছে অনেক আগে। ট্যাংক-বন্দুকের দিনও ফুরাল বলে। হয়তো এরপর লড়াই হবে আকাশে-আকাশে; ড্রোনে-ড্রোনে। চীন গত মাসে ঘোষণা দিয়েছে, জাপানের সঙ্গে যেসব দ্বীপ নিয়ে তার বিরোধ, সেগুলোর ওপরে নজর রাখতে ড্রোন ব্যবহার করবে চীনের সামরিক বাহিনী।২০১০ সালের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রকে হতবাক করে দিয়ে জুহাই বিমান প্রদর্শনীতে চীন নিজেদের উদ্ভাবিত ২৫টি ড্রোন উপস্থাপন করে। এসবের কয়েকটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে সক্ষম। চীন কতগুলো ড্রোনের মালিক কিংবা কতগুলো ড্রোন বানাতে চলেছে, তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সমান ক্ষমতাধর হতে চীন অবশ্যই চেষ্টা করবে এবং খুব দ্রুত এ প্রযুক্তির উন্নয়নে সচেষ্ট থাকবে।২০১০ সালের আগস্টে ইরান ড্রোন বানানোর ইচ্ছার কথা বলেছিল। গত মঙ্গলবার ইরানের সেনাপ্রধান জেনারেল আমির আলী হাজিজাদেহ জানিয়েছেন, দেশটি এমন একটি ড্রোন বানিয়েছে যেটি প্রায় দুই হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। এর ফলে ইসরায়েলের রাজধানী তেল আবিব ইরানের সম্ভাব্য হামলার আওতায় এসে যাচ্ছে।এদিকে ইসরায়েল অনেক আগেই ড্রোন বানানোর কৌশল রপ্ত করেছে। শুধু তা-ই নয়, বিশ্বের যেসব দেশ ড্রোন বানিয়ে অন্য দেশের কাছে বেচাবিক্রি করে, ইসরায়েল সেগুলোর মধ্যে প্রধান।যুদ্ধক্ষেত্রে ড্রোন কীভাবে ব্যবহার করতে হয়, তা এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েল ছাড়া আর কোনো দেশের জানা নেই। তবে আফগান যুদ্ধে অস্ট্রেলিয়া ইসরায়েলের কাছ থেকে ড্রোন ধার করে ব্যবহার করেছে বলে সিএনএনর খবরে বলা হয়েছে।ড্রোনের প্রযুক্তি এগিয়ে যাচ্ছে খুব দ্রুত। ২০১১ সালে বিশ্বের বিভিন্ন সরকার, কোম্পানি এবং গবেষণাপ্রতিষ্ঠান প্রায় ৬৮০টি ড্রোন নির্মাণ প্রকল্প নিয়ে কাজ করছিল। ২০০৫ সালে এমন প্রকল্পের সংখ্যা ছিল মাত্র ১৯৫টি। যুক্তরাষ্ট্রভিত্তিক জেনারেল অ্যাটোমিক্স ২০১০ সালে সৌদি আরব, মিসর, মরক্কো ও আরব আমিরাতের কাছে অস্ত্রহীন ড্রোন রপ্তানির অনুমোদন পায়। সে সময় যুক্তরাষ্ট্র ইতালির ছয়টি রিপার ড্রোনের জন্য অস্ত্র সরবরাহে রাজি হয়। তবে, এ ক্ষেত্রে তুরস্কের আহ্বানকে ফিরিয়ে দেয় যুক্তরাষ্ট্র।গত জুলাই মাসে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছিলেন, তুরস্ক নিজ প্রযুক্তিতে আনকা নামের একটি ড্রোন বানানোর চেষ্টা করছে। ড্রোন উত্পাদন ও বাজারজাতকরণে সবচেয়ে এগিয়ে আছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রায়ত্ত অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি ইতিমধ্যে নাইজেরিয়া, রাশিয়া ও মেক্সিকোর কাছে ড্রোন বিক্রি করেছে। এদিকে সুইডেন, গ্রিস, সুইজারল্যান্ড, স্পেন, ইতালি ও ফ্রান্স সিদ্ধান্ত নিয়েছে, তারা যৌথভাবে রাষ্ট্রীয় অস্ত্র উত্পাদন কারখানাগুলোকে দিয়ে উন্নত প্রযুক্তির ড্রোন বানাবে। এ ক্ষেত্রে অগ্রগতিও হয়েছে অনেক। দাসাল্ট ইউরন নামের এক ধরনের ড্রোনও বানানোর কাজ প্রায় শেষের দিকে। এ ড্রোনটি ফ্রান্সের বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার কথা। ভারত ও পাকিস্তানের ড্রোন না থাকলেও চেষ্টা চলছে। ড্রোন বানাতে যে পরিমাণ অর্থ খরচ হয়, সেটির অভাব বলে দেশ দুটি চাইছে ড্রোনের প্রযুক্তি কিনতে। ইতিমধ্যে ভারত ইসরায়েলের কাছ থেকে একটি ড্রোন কিনেও ফেলেছে। ড্রোন প্রযুক্তির পেছনে এখন বিশ্বজুড়ে বার্ষিক ব্যয় প্রায় সাড়ে ছয় বিলিয়ন ডলার। তবে, সামরিক বাহিনী ছাড়াও বিভিন্ন গোষ্ঠী ও গ্রুপের মধ্যে নানা ধরনের ড্রোনের ব্যবহার বাড়ছে। ছোট ছোট ড্রোনও পাওয়া যাচ্ছে। খেলনা ড্রোনের ব্যবহারও আছে। একটি জঙ্গি বিমান বা প্রশিক্ষণ বিমান বানানোর তুলনায় ড্রোন বানানোর খরচ অনেক কম বলে এর দিকে ঝুঁকছে অনেক দেশ। হয়তো সামনের দিনে অনেক রাষ্ট্র এ কারণেই আরও বেশি করে ড্রোন বানাবে। কোনো আন্তর্জাতিক নীতিমালার পরোয়া না করে যুক্তরাষ্ট্র পাকিস্তান ও ইয়েমেনে কথিত শত্রুদের হত্যা করতে যেভাবে ড্রোন ব্যবহার করছে, তা অনেক দেশের ইচ্ছার আগুনে ঘি ঢেলে দিয়েছে। আরও সুবিধা হয়েছে, ড্রোন উত্পাদন ও ব্যবহার নিয়ে কোনো আন্তর্জাতিক নীতিমালা না থাকায়। ড্রোনের ব্যবহার নিয়ে ধনী রাষ্ট্রগুলোতে খুব বেশি উচ্চবাচ্য না হওয়ায় নীতিমালা গঠন বিষয়ে রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনাও খুব কম।নিউ আমেরিকান ফাউন্ডেশনের হিসাব বলছে, গত আট বছরে পাকিস্তানের বিভিন্ন স্থানে মার্কিন ড্রোন হামলায় প্রায় সাড়ে তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এ নিয়ে প্রতিবাদ বা নিন্দা চললেও ড্রোন নিয়ন্ত্রণ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে, এ সিদ্ধান্তহীনতা যে বিশ্বজুড়ে অরাজকতাকে বাড়িয়েই চলবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিংশ শতাব্দীর শুরুতে যুদ্ধক্ষেত্রে ট্যাংক এবং বোমার ব্যবহার সীমিত করতে যেমন কনভেনশন করে সিদ্ধান্ত নিতে হয়েছিল, তেমনি ড্রোন ব্যবহার নিয়ে একটি সম্মেলনও অপরিহার্য হয়ে পড়েছে। এর মধ্য দিয়েই হয়তো এড়ানো যাবে ভয়ংকর কোনো যুদ্ধের পরিণাম। সিএনএন।