আজ আমাদের মাঠে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনাল। একটি দীর্ঘশ্বাস চেপে আমরা খেলাটি দেখতে বসব। ভাগ্য সহায়ক হলে, আমরা ভালো ক্রিকেট খেলতে পারলে আজ এ মাঠে থাকত আমাদের ক্রিকেটারদের উজ্জ্বল উপস্থিতি। মহা উৎসাহে আজ বাংলাদেশ মিরপুরমুখী হতো। ঘরে ঘরে থাকত উৎসবের আমেজ। খুব কাছে যে পৌঁছেছিলাম। ভাবনা-চিন্তায়, হিসাব-নিকাশে, কথাবার্তায় এবং সামান্য অর্জনে।কিন্তু যেভাবে পথ হাঁটলে আজকের দুয়ারে পৌঁছা যেত সেভাবে হাঁটা হলো না। নিয়তি, না কর্মফল সেই হিসাব মেলাতে মেলাতে, আশাহতের বেদনা বুকের সিন্দুকে জমা রেখে আজ আমাদের পক্ষপাতের আবেগহীন ক্রিকেট উপভোগের সময়। ওয়েস্ট ইন্ডিজ আজ লড়বে পাকিস্তানের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজ আমাদের গ্রুপের প্রতিনিধি এ কোয়ার্টার ফাইনালে। ওদেরও ৬ পয়েন্ট, আমাদেরও ৬। এই আফসোসের তিক্ততা জিবের ডগায় ঝুলিয়ে রেখে আমাদের বিশ্বকাপ-দর্শন চালিয়ে যেতে হবে। কী আর করা!মিরপুর থেকে আজ কোন দল সেমিফাইনালে যাবে, তা আন্দাজ করতে গেলে হোঁচট খেতে হবে। কারণ ক্রিকেটের গৌরবময় অনিশ্চয়তা এই দুদলের চরিত্রে একটু বেশিই ছায়া মেলে থাকে। দুদলই সবল ঐতিহ্যের দাবিদার। এ মুহূর্তে দুদলই এবারের শিরোপা প্রত্যাশায় বাহুবলে নিজেদের নাম লিখিয়েছে। বিশ্বকাপ শুরুর আগে ওদের নিয়ে প্রত্যাশার পারদ এ মুহূর্তের মতো ছিল না। তবে বর্তমান বিশ্বকাপে অদ্যাবধি বিচরণের পরিপ্রেক্ষিতে পাকিস্তান অনেকটা এগিয়ে। অস্ট্রেলিয়ার বিজয় রথ থামিয়ে, শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ওরা গ্রুপ শীর্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ শুধু হিসাবের কৈ ঘরে তুলেছে। তবে ভারত-ইংল্যান্ড ম্যাচ দুটো ওরা জেতার সম্ভাবনা জাগিয়ে হেরেছে বলে আজকের সম্ভাবনা থেকে ওদের সরিয়ে রাখা যাবে না। এ মুহূর্তে পাকিস্তান দারুণভাবে ঘুরে দাঁড়ানো দল হলেও ওয়েস্ট ইন্ডিজের প্রদর্শিত প্রভাব বলছে ওদের সুপ্ত আগুন এখনো পুরোটা জ্বলে উঠতে বাকি। তবে যেই জিতুক, খেলাটি যে আকর্ষণীয় হবে তাতে কোনো সন্দেহ নেই। দুদলই বিশ্বকাপ জেতা। ওয়েস্ট ইন্ডিজের প্রথম দুবার জয় সেই কবেকার কথা হলেও এক দিবসী পরিসংখ্যানে এখনো ওরা পাকিস্তান থেকে এগিয়ে। ১১৪ মোকাবিলায় ৬৪-৪৮-এ এগিয়ে তারা। পাকিস্তান এগিয়ে এ মুহূর্তের চাকচিক্যে। দারুণ লড়ছেন দুঃসময়ের বিরুদ্ধে শহীদ আফ্রিদি। পাকিস্তানের ক্রিকেটাকাশে বিরাজমান কৌটিল্যের ঘন মেঘ সরিয়ে রৌদ্র টানতে বদ্ধপরিকর দেখাচ্ছে পাকিস্তানি অধিনায়ককে। ক্রমেই পাখা মেলছে ক্লাইভ লয়েডের উত্তরসূরিরা। ঐতিহ্যের বিক্রম আছে, প্রতিভার প্রাবল্য আছে। কেবল খেলোয়াড়ি সারল্যে সুযোগ হারায়। আজ একটু গুছিয়ে নিলে রোমাঞ্চকর ক্রিকেট হবে মিরপুরে। দুদলই কেমন পাগল পাগল ক্রিকেট খেলে।আজ আমাদের ভূমিকা কেবল আয়োজকের। দুটি অতিথি দল খেলবে। আমাদের পক্ষপাত থাকবে প্রতিযোগী ক্রিকেটের প্রতি। আমরা উপভোগ করব সমানভাবে উমর গুল আর কেমার রোচের গতি, ক্রিস গেইল আর উমর আকমলের ব্যাটিং। পরিমিতি বোধ থাকবে আমাদের আচরণে। আয়োজক হিসেবে অতিথি দল দুটির কাছে এবং বহির্বিশ্বের কাছে যেন আমাদের লজ্জায় না পড়তে হয়।