লড়াইটা মাঠের বাইরেও
‘...এটা কেন হলো? ওটা আরও ভালো হতে পারত!’ গত বিশ্বকাপের সময় এমন অনেক প্রশ্ন এবং উপদেশ শুনতে হয়েছে আমাকে। বাংলাদেশ থেকে মোবাইলে সুদূর ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে যেত সবই। মোবাইল এমন একটা জিনিস, যেটি যোগাযোগের মাধ্যম থেকে অনেক সময়ই উপদ্রব। ভুক্তভোগী আমি নিজেই। আমার ফ্ল্যাটের পাশেই থাকা এক ড্রাইভার পর্যন্ত আমাকে ওয়েস্ট ইন্ডিজে ফোন করে বসল। ওপরের কথাটি তারই। এটা বাস্তবতা। সুযোগ থাকলে লোকজন আপনাকে ফোন করবেই। আর বন্ধু-বান্ধব তো আছেই। কারও এক বন্ধু হয়তো বলল, ‘দোস্ত তোর এই শটটা ঠিক হয়নি। শটটা এইভাবে নিতে পারতি’...। বিশ্বকাপের সময় এগুলো কানে তোলা যাবে না একদম। এবার তো আমরা দেশের মাটিতে বিশ্বকাপ খেলছি। মোবাইল বিড়ম্বনা আরও প্রবল হতে পারে। সুতরাং বিশ্বকাপের সময় যতটা সম্ভব এই বস্তুটি অতি জরুরি প্রয়োজন ছাড়া ব্যবহার না করাই ভালো ক্রিকেটারদের। খেলা নিয়ে খেলার বাইরের লোকের কথা শোনা চলবে না।তাই আমার পরামর্শ, মোবাইল ফোন ‘সংরক্ষিত’ করে দেওয়া উচিত। তাই বলে কাউকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলছি না, শুধু নির্ধারিত কিছু মানুষের সঙ্গে কথা বলা সীমাবদ্ধ থাকলেই ভালো। এটা শুধু পরিবার হতে পারে। এর বাইরে অন্য কারও ফোন ধরা উচিত হবে না খেলোয়াড়দের।লেখার শুরুতে মোবাইল নিয়ে পড়ার কারণ, বিশ্বকাপটা শুধু মাঠের লড়াই নয়, মাঠের বাইরের লড়াইও। কাজেই মাঠের বাইরে আমাদের দলীয় ব্যবস্থাপনা এমন হওয়া উচিত, খেলোয়াড়েরা যেন চাপমুক্ত হয়ে মুক্তমনে নিজের খেলাটা খেলতে পারে। এটা খুবই জরুরি। দেশের মাটিতে খেলা বলে প্রত্যাশার চাপ একটু বেশিই থাকবে। আর এই প্রত্যাশা বেড়েছে আমাদের দলের সাম্প্রতিক পারফরম্যান্সে। তবে দলের প্রতি আমার প্রথম কথা, প্রত্যাশার চাপটা বাইরে রেখে খেলতে হবে। মানুষের চাহিদা অনেক, কিন্তু খেলা একটা বাস্তবতা। ব্যাট-বলের হিসাব। কে কী চায়, সেটাকে বাউন্ডারি লাইনের বাইরে আছড়ে ফেলে নিজেদের স্বাভাবিক খেলাটাই মূল ভাবনা হওয়া চাই এই সময়। আমার বিশ্বাস, একটা দল তখনই ভালো খেলে, যখন তারা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলার চেষ্টা করে। অতিরিক্ত কিছু করতে গেলেই অনেক সময় স্বাভাবিক পারফরম্যান্স পাওয়া যায় না। কাজেই স্বাভাবিক খেলাটাই প্রথম কাজ।দ্বিতীয় কাজ—বেশি উপদেশ শোনা যাবে না। আমাদের দেশে উপদেশ দেওয়ার লোকের অভাব নেই। আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, ক্রিকেটবোদ্ধা, ক্রিকেট-সংশ্লিষ্ট অনেকেরই উপদেশ থাকবে, কিন্তু খেলতে হবে নিজের খেলাটাই। আবারও বলছি, উপদেশ অনেক আসবে, কিন্তু কানে তোলা যাবে না।তিন স্পিনার কেন খেলানো হলো, ব্যাটিং অর্ডারে অমুক জায়গায় অমুক কেন, এটা না করে ওটা করলে কী হতো....বাইরে থেকে শোনা যাবে এমন অসংখ্য মন্তব্য। প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা বলি, গত বিশ্বকাপে জাভেদকে দিয়ে উদ্বোধন করানোর একটা কথা এসেছিল, কিন্তু বিশ্বকাপের আগ থেকে শাহরিয়ার নাফীস ভালো কিছু ইনিংস খেলে আসায় আমরা ওকে দিয়েই শুরু করতে চাইছিলাম। ফাস্ট বোলার দুজনের জায়গায় তিনজন খেলানো (আমরা দুজন নিয়ে খেলছিলাম)...এমন উপদেশ ছিল অনেক। কিন্তু টিমের জন্য যেটা ভালো মনে করতাম, আমরা সেটাই করতাম। আমরাই বুঝতে পারতাম, কাকে কীভাবে কাজে লাগানো যায়। কে ভালো ফর্মে আছে। টিমে যারা থাকে, তারাই সবচেয়ে ভালো বোঝে। সুতরাং টিম ম্যানেজমেন্ট যা ভালো মনে করবে, তা-ই করা উচিত।বিশ্বকাপের সময় সারাক্ষণ হোটেলে বসে থাকারও পক্ষপাতী নই আমি। বাইরে যাব না, কোথায়ও মিশব না—এসব চিন্তা যেন না করে খেলোয়াড়েরা। এসব চিন্তা চাপ আরও বাড়িয়ে দেয়। সামাজিকতা আমরা অবশ্যই রক্ষা করব, তবে ওসব অনুষ্ঠানে খেলা নিয়ে কথাবার্তা এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ।আমরা যেকোনো অনুষ্ঠানেই যেতে পারি। সবাই মিলে একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, ডিনার করা...এগুলো দরকার। বাইরে গেলে আমরা ডিনারটা সব সময় একসঙ্গে করি। দেশে অনেক সময় এটা সম্ভব হয় না। এমন কিছু খাওয়া যাবে না যাতে শরীরের ক্ষতি হয়। কারণ ফিট টিম বিশ্বকাপে খুব দরকার হবে। সবাই যেন এই ব্যাপারটা নিয়ে সতর্ক থাকে। একসঙ্গে ঘুরলে, সিনেমা দেখলে টিমের গাঁথুনিটা অনেক দৃঢ় হয়। টিম ম্যানেজমেন্ট এসব নিশ্চিত করতে পারে। মাঝে মাঝে সবাই একসঙ্গে বসে সবকিছু বিচার-বিশ্লেষণ করাও গুরুত্বপূর্ণ।মাঠে অনেক দর্শক থাকবে। প্রতি বলে চার-ছয় দেখতে চাইবে অনেকে। অবশ্যই দর্শক অনেক বড় প্রেরণা, তবে দর্শকদের চাহিদার কথা না ভেবে ম্যাচের অবস্থা বুঝে খেলা দরকার। দর্শককে খুশি করার জন্য যেন কেউ কিছু না করে...অবশ্য এই পর্যায়ে এটা কারও করার কথাও না। তবে দেশের মাটিতে খেলা বলে দর্শকের বাড়তি চাপ সামলানোর মতো বড় একটা কাজ রয়েছে খেলোয়াড়দের। তবে সেটা নিয়ে বেশি ভাবলে চলবে না।আর একটা বিষয়, খেলোয়াড়দের সঙ্গে বিশ্বকাপের সময় পরিবার থাকলে ভালো। সারাক্ষণ খেলা নিয়ে ভাবলে সেটা বাড়তি বোঝা হতে পারে। খেলা না থাকলে বা অবসরে খেলার বাইরে অন্য কিছু নিয়ে চিন্তা করা ভালো। ওই সময় চাপমুক্ত থাকাটা খুবই জরুরি।বিশ্বকাপের সময় খুব বেশি পত্রপত্রিকা না পড়াই ভালো। ভালো করলে মিডিয়া ভালো লিখবে, খারাপ করলে খারাপ। খারাপটা আমরা হয়তো সেভাবে নিতে পারব না। গত বিশ্বকাপের সময় ওয়েস্ট ইন্ডিজে আমরা দেশের কাগজ পড়তাম ইন্টারনেটে। সেই অভিজ্ঞতা থেকে বলছি, বিশ্বকাপের সময় যত দূর সম্ভব পত্রিকা থেকে দূরে থাকুক খেলোয়াড়েরা।টিম ম্যানেজমেন্টেরও দায়িত্ব অনেক। কোচ-অধিনায়ককে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। মোট কথা, টোটাল টিম ওয়ার্কে সমন্বয় থাকা চাই। খেলোয়াড়দের যতটা সম্ভব চাপমুক্ত রাখার চেষ্টা করা উচিত বোর্ডের। চাপ এলে সেটিকে সরিয়ে এগিয়ে যাওয়া চাই একসঙ্গে। আল্লাহ না করুক, যদি খারাপ কিছু হয়, তখন খেলোয়াড়দের পাশে দাঁড়াতে হবে। এ জন্য সবাই সবার প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দেবে আশা করছি। দলের প্রতি অকুণ্ঠ সমর্থনটা খুব দরকার। সেই সমর্থন পেলে মাঠের বাইরের চাপ পেছনের দরজা দিয়ে এমনিতেই পালাবে!