লড়াইয়ে জয়ী হোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি কী ভাবছি’ বিভাগে লুৎফা খানের ‘সাত বোন পারুল জাগো’ শিরোনামের লেখাটি পড়ে সত্যিই ব্যথিত হলাম। কীভাবে মানুষ নিজের প্রয়োজনটুকু মিটিয়ে পরক্ষণেই কৃতঘ্ন হয়ে ওঠে! আমাদের সমাজের সর্বত্র এমনই হচ্ছে।হয়তো কেউ কেউ আইন-আদালত করে অনেক ঘাম ঝরিয়ে অর্থের দণ্ড দিয়ে বুঝে পাচ্ছেন তাঁর অধিকারটুকু। কিন্তু এসব থেকে যিনি বঞ্চিত, তাঁর তো পথে বসা ছাড়া কোনো উপায় নেই। এই পুরুষতান্ত্রিক সমাজে লুৎফা খান যে যুদ্ধ করছেন, তা তাঁর শিক্ষা, সততা ও মনস্তাত্ত্বিক শক্তির বহিঃপ্রকাশ। আমাদের সমাজের মায়েদের তাই শিক্ষা ছাড়া জেগে ওঠার কোনো মাধ্যম নেই। একজন মায়ের সন্তান শিক্ষার শিখরে গেল, অথচ হাজার মায়ের সন্তান অশিক্ষিত রয়ে গেল, তাতে কাজ হবে না। পরিবারে মেয়েদের শিক্ষার যথেষ্ট সুযোগ আছে। অথচ মেয়েদের বেশি পড়ে কাজ নেই—এমন ভাবধারা থেকেই নারীশিক্ষা প্রসার পায় না; অথবা মেধাবী মেয়েটাকে অর্থের মোহে টাকাপয়সাওয়ালা জামাই পেলেই বিয়ে দেওয়ার মনোভাব—এটাও পুরুষতান্ত্রিক চিন্তা-চেতনা। এসব থেকে মায়েদের প্রতিবাদী হয়ে বেরিয়ে আসতে হবে। লুৎফা খানের যুদ্ধকে সমর্থন ও ধন্যবাদ জানাই এবং এ-ও কামনা করছি, তিনি জয়ী হোন। পাশাপাশি ঠকবাজদের জন্য কঠোর আইন করা অতি জরুরি। কারণ, দেশের আনাচ-কানাচে এমন ঠকবাজেরা কারও অর্থ, কারও জমিজমা ঠকিয়ে খাচ্ছে বছরের পর বছর। এদের শাস্তি হওয়া উচিত।নাম-ঠিকানা পাওয়া যায়নি