বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সমান সমান লড়াইয়ের (লেভেল প্লেয়িং ফিল্ড) সুযোগ নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করেছেন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী আহসান হাবিব ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। তাঁরা গতকাল বুধবার রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়ে এ জন্য রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন সুষ্ঠু করার দায়িত্বে নিয়োজিত সব পক্ষের পক্ষপাতদুষ্ট আচরণকে দায়ী করেন।আহসান হাবিব দুই দিন আগে থেকেই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শওকত হোসেনের পক্ষে নগরজুড়ে লাগানো রঙিন সব বিলবোর্ড অপসারণের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে দাবি জানিয়েছেন। এর সঙ্গে গতকাল যোগ হয়েছে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের হয়রানি না করার দাবি। তাঁরা বলছেন, সন্ত্রাসীদের গ্রেপ্তারের নামে শুধু বিএনপিকেই হয়রানি করা হচ্ছে। অথচ আওয়ামী লীগের সন্ত্রাসীরা দিব্যি ঘুরে বেডাচ্ছে। আহসান হাবিবের প্রচারে নিয়োজিত গাড়ি ও মাইক ভেঙে প্রচারণায় বিঘ্ন ঘটাচ্ছে।নির্বাচন আচরণ বিধিমালার ৭(ক) ধারায় রয়েছে, ‘নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে বিলবোর্ড ব্যবহার করা যাইবে না।’ তবে নগরের সর্বত্র ‘আধুনিক বরিশাল’, ‘আগামীর বরিশাল’, ‘আলোকিত বরিশাল’ ইত্যাদি নানা নামে সদ্য সাবেক মেয়র শওকত হোসেনের করা উন্নয়ন ও আগামী দিনের উন্নয়ন পরিকল্পনার প্রচারণা রয়েছে। অবশ্য এসব বিলবোর্ডের কোথাও শওকতের নাম ব্যবহার করা হয়নি। এসব বিলবোর্ড অপসারণের জন্য আহসান হাবিব লিখিতভাবে আবেদনও করেন। সর্বশেষ গত মঙ্গলবারের মধ্যে বিলবোর্ডগুলো অপসারণ করা না হলে বুধবার (গতকাল) বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছিলেন। ওই ঘোষণা অনুযায়ী গতকাল দুপুরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুব উদ্দিন আহমাদ, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, হাফিজ উদ্দিন আহম্মদ, আলতাফ হোসেন চৌধুরী, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শাহজাহান মিলন, সাংগঠনিক সম্পাদক সাংসদ মজিবর রহমান সরোয়ার, সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ আরও অনেকে মিছিল নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান।রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমানের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ এনে আবদুল্লাহ আল নোমান বলেন, আপনারা একতরফাভাবে কাজ করছেন। নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নষ্ট করছেন। র্যাব-পুলিশ দিয়ে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করে হয়রানি করাচ্ছেন, যাতে তাঁরা নির্বাচনে কাজ করতে না পারেন। যথাযথভাবে নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে। সে জন্য নেতা-কর্মীদের ভয়ভীতি দেখিয়ে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছেন আপনারা।এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা বলেন, রঙিন বিলবোর্ড অপসারণের জন্য ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের চিঠি দেওয়া হয়েছে। তাঁরা কাজ শুরু করেছেন। এ ছাড়া কিছু বিলবোর্ড অপসারণের জন্য সিটি করপোরেশনকেও নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেপ্তারের বিষয় তিনি বলেন, যাঁদের বিরুদ্ধে মামলা আছে, শুধু তাঁদেরই গ্রেপ্তার করা হচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে কাজ করছে এমন সন্ত্রাসীদের তালিকা থাকলে তা নির্বাচন কমিশনে জমা দিতে তিনি বিএনপির নেতাদের অনুরোধ করেন।আওয়ামী লীগের প্রতিক্রিয়া: বিএনপির নেতাদের এসব অভিযোগের বিষয়ে শওকত হোসেনের প্রধান নির্বাচন সমন্বয়কারী তালুকদার মো. ইউনুস বলেন, পরাজয় নিশ্চিত জেনে তাঁরা পরিস্থিতি ঘোলা করার জন্যই এসব অভিযোগ এনেছেন।