শংকরবাটি উচ্চবিদ্যালয়ে সরকারি পৃষ্ঠপোষকতা ও শিক্ষক সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রসংখ্যার দিক দিয়ে জেলায় সর্বোচ্চ স্থান, পরীক্ষার ফল, নিয়মশৃঙ্খলা, অভিভাবকসহ এলাকায় বিদ্যানুরাগী মানুষের সম্পৃক্ততাও অত্যন্ত সন্তোষজনক। শুধু সরকারি পৃষ্ঠপোষকতা ও শিক্ষকের অভাবে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটি উচ্চবিদ্যালয় পরিচালনা করতে হিমশিম খাচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৪০০ জনেরও বেশি। ১৯২৬ সালে নিম্নমাধ্যমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে বিদ্যালয়টি ১৯৭৩ সালে মাধ্যমিক বিদ্যালয়ে পরিণত হয়। প্রথম এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে বিদ্যালয়টি এলাকায় সুনাম ও অভিভাবকদের আস্থা অর্জনে সক্ষম হয়। বিদ্যালয়ের সেই সুনাম ও আস্থা আজও অব্যাহত রয়েছে। সেই সুনাম ও আস্থার কারণেই এলাকার অভিভাবক এবং বিদ্যানুরাগী ব্যক্তিরা বিদ্যালয় পরিচালনায় সম্পৃক্ত হয়েছেন। এ জন্য বিদ্যালয়ে ২৩ জন শিক্ষকের মধ্যে ১২ জনের বেতন অভিভাবক ও বিদ্যানুরাগী ব্যক্তিদের অর্থায়নে দেওয়া হচ্ছে। প্রধান শিক্ষক হাসানুল মবিন প্রথম আলোকে জানান, এলাকার নুরুজ্জামান মিয়ার দান করা পাঁচ কাঠা জমি নিয়ে শুরু হয় এ বিদ্যালয়। বর্তমানে বিদ্যালয়ের জমির পরিমাণ প্রায় পাঁচ বিঘা। এ জমি কেনা হয় এলাকার লোকজনের দেওয়া টাকাতেই। বিদ্যালয়ের বেশির ভাগ ভবনও তৈরি হয়েছে বিদ্যানুরাগী মানুষের টাকায়। ১৯৯৫ সাল পর্যন্ত এ বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা ছিল ১৭ জন। কিছু শিক্ষক অবসর গ্রহণ করায় এ সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। এ ১১ জন শিক্ষক নিয়ে বিদ্যালয়ের ১৪ শতাধিক শিক্ষার্থীকে পাঠদান করা কোনোভাবে সম্ভব নয় বিধায় এলাকার জনসাধারণ ও অভিভাবকদের উদ্বুদ্ধ করে অতিরিক্ত ১২ জন শিক্ষক নিয়োগ দিতে হয়েছে। এই অতিরিক্ত শিক্ষকেরা সরকারি অনুদানের টাকা পান না। প্রধান শিক্ষক জানান, শিক্ষার্থীর সংখ্যাধিক্যের কারণে ষষ্ঠ শ্রেণীতে চারটি এবং সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীতে তিনটি করে শাখা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে শাখা থাকার যৌক্তিকতা উল্লেখ করা হলেও তা অনুমোদিত হয়নি। এ জন্য সরকারি অনুমোদনপ্রাপ্ত অতিরিক্ত শিক্ষক নিয়োগের অনুমোদন পাওয়া যায়নি। শাখা খোলার যৌক্তিকতা তদন্তের জন্য সরকারি নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নিয়ে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। এ কমিটি বিদ্যালয় পরিদর্শন করে ইতিবাচক প্রতিবেদন পাঠায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে। এর পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে ইতিবাচক প্রতিবেদন পাঠানো হয়। শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকও ইতিবাচক প্রতিবেদন পাঠান শিক্ষা মন্ত্রণালয়ে। প্রতিবেদন পাঠানো হলেও আজও তা অনুমোদিত হয়নি। এ অভিমত ব্যক্ত করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজীবুল ইসলাম।বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, শ্রেণীকক্ষের সংকটে তাদের এক বেঞ্চে ছয়-সাতজনকে বসতে হয়। মিলনায়তন না থাকায় সাংস্কৃতিকচর্চা বিঘ্নিত হয়। অনুষ্ঠান করতে হলে খোলামাঠে প্যান্ডেল তৈরি করে করতে হয়। যা ব্যয় বহুল। এ জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ ইচ্ছা থাকা সত্ত্বেও সব অনুষ্ঠান ও জাতীয় দিবসগুলো ভালোভাবে উদ্যাপন করতে পারে না।