শওকত ওসমান: জন্মদিনে শ্রদ্ধা
কথাশিল্পী শওকত ওসমানের ৯৬তম জন্মদিন ছিল গতকাল সোমবার। এ উপলক্ষে বিকেলে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল স্মৃতি মিলনায়তনে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করে শওকত ওসমান স্মৃতি পরিষদ। এতে প্রয়াত লেখকের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন শওকত ওসমানের বড় ছেলে অধ্যাপক বুলবন ওসমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী, রাকিবুল ইসলাম। প্রাবন্ধিক আহমেদ রফিকের সভাপতিত্বে পিতৃস্মৃতিচারণ করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।অনুষ্ঠানে বক্তারা বলেন, লেখক শওকত ওসমানের রচনায় আছে শোষিত মানুষের কথা, শোষকের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। ছিল নিপীড়িত মানুষের অবয়ব; মা, মাটি ও মানুষের জীবনছবি। তাঁর সাম্প্রদায়িকতা ও মৌলবাদবিরোধী ক্ষুরধার লেখনী আজও পাঠককে নাড়া দেয়। তাঁর ছিল প্রখর স্মৃতিশক্তি, ছিল প্রাণচাঞ্চল্যে ভরা জীবন। প্রতিকূলতার মধ্যেও তিনি শিশুর মতো নির্মল হাসতে পারতেন। আমৃত্যু সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। শওকত ওসমানের জন্ম ১৯১৭ সালে ভারতের পশ্চিমবঙ্গে। তিনি প্রধানত গল্প ও উপন্যাস লিখে বিশেষ খ্যাতি অর্জন করেন। তবে কবিতা, প্রবন্ধ, নাটক, রম্যরচনা, স্মৃতিকথা, অনুবাদ, শিশুসাহিত্যেও তিনি মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। তিনি ১৯৯৮ সালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।