শওকতের সম্পদ বেড়েছে অনেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশনে মেয়র পদে পাঁচ প্রার্থীর মধ্যে আয় ও সম্পদে সবার চেয়ে এগিয়ে আছেন সদ্য সাবেক মেয়র শওকত হোসেন। ২০০৮ সালের নির্বাচনে শওকত হোসেন তাঁর হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছিলেন ছয় লাখ ১২ হাজার টাকা। এবারের হলফনামায় তিনি বার্ষিক আয় দেখিয়েছেন তিন কোটি ৪৬ লাখ ২৫ হাজার ৩০ টাকা। এর মধ্যে ব্যক্তিগত ব্যবসা এবং বাড়িভাড়া থেকে আয় তিন কোটি ২৭ লাখ ২৮ হাজার ১০০ টাকা।গতবার ১৩ লাখ ৬৭ হাজার ৬৮৭ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি দেখান। তবে দশমিক শূন্য ৮ একর জমি, তিনতলা দালান ও একটি বাড়ি আছে বলে জানালেও দাম উল্লেখ করেননি। এবারের হলফনামায় শওকত হোসেন স্থাবর সম্পদের মধ্যে তাঁর বাড়ির মূল্য দেখিয়েছেন এক কোটি টাকা। বরিশাল শহরে নিজের মালিকানায় নির্মাণাধীন ভবনের মূল্য দেখানো হয়েছে ৫৫ লাখ টাকা। ঢাকার উত্তরার প্লটে বিনিয়োগ করেছেন ৩০ লাখ টাকা।জানতে চাইলে শওকত হোসেন বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে বৈধ আয়ের মাধ্যমেই তিনি এই সম্পদ অর্জন করেছেন। শওকত হোসেনের অস্থাবর সম্পদের পরিমাণ চার কোটি টাকার মতো। এর মধ্যে ব্যাংকে ২০ লাখ ৪৮ হাজার ৮১২ টাকা। দুটি কার্গো জাহাজের মূল্য তিন কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৬২৪ টাকা। বাস ১৫ লাখ ১৭ হাজার ৮৭৬ টাকা এবং মোটরগাড়ির মূল্য দেখানো হয়েছে ১৬ লাখ ৪৫ হাজার ২১৪ টাকা। তবে হলফনামায় বাস ও মোটরগাড়ির সংখ্যা উল্লেখ করা হয়নি।শওকত হোসেনের স্ত্রীর বার্ষিক আয় দেখানো হয়েছে ৭০ লাখ টাকা। তাঁর নামে ব্যাংকে আছে ২৬ লাখ ১৮ হাজার ৯০৮ টাকা এবং শেয়ার কেনা রয়েছে ৬৩ লাখ টাকার। এ ছাড়া স্ত্রীর ৭৩ তোলা সোনা আছে এবং ঢাকার গুলশানে স্ত্রীর নামে ৪৪ লাখ টাকার ফ্ল্যাট।আহসান হাবিব: বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি আহসান হাবিবের পেশা ব্যবসা। তাঁর বার্ষিক আয় দুই লাখ ৩০ হাজার টাকা। বাড়িভাড়া পান সাত লাখ টাকা। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে অকৃষিজমি নিজ নামে ২০ শতাংশ ও স্ত্রীর নামে একটি বাড়ি। যার মূল্য দেখানো হয়নি। আহসান হাবিবের অস্থাবর সম্পদের মধ্যে নিজ নামে ৪৮ হাজার এবং স্ত্রীর নামে ২৫ হাজার টাকা রয়েছে। একটি গাড়ির দাম ১২ লাখ। স্ত্রীর নামে আছে ৫১ ভরি সোনা।কামরুল আহসান: বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল আহসান পেশায় আইনজীবী। হলফনামা অনুযায়ী এ পেশা থেকে তাঁর বার্ষিক আয় দুই লাখ টাকা। এ ছাড়া কৃষি ও বাড়িভাড়া থেকে বছরে আয় দুই লাখ ২০ হাজার টাকা। তাঁর নিজের ও স্ত্রীর নামে ব্যাংকে আছে ৩৫ হাজার টাকা এবং স্ত্রীর নামে আট ভরি সোনা আছে বলে হলফনামায় বলা হয়।এবায়দুল হক: জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবায়দুল হক পেশায় ব্যবসায়ী। ব্যবসা, কৃষি ও বাড়িভাড়া থেকে বছরে তাঁর আয় দুই লাখ ২২ হাজার টাকা। অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে নগদ পাঁচ লাখ ও ব্যাংক জমা ৩০ হাজার টাকা। দুই লাখ টাকা দামের একটি ব্যক্তিগত গাড়ি এবং স্ত্রীর পাঁচ ভরি সোনা। এবায়দুল হকের স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে পাঁচ লাখ টাকা মূল্যের কৃষিজমি ও যৌথ মালিকানায় তিন একর জমি। নিজস্ব ভবন ছয় লাখ টাকার। যৌথ মালিকানার পাকা বাড়ি ৭০ লাখ টাকার। মাহমুদুল হক খান: জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক পেশায় ঠিকাদার। ব্যবসা থেকে তাঁর বার্ষিক আয় ১৩ লাখ ৯৯ হাজার ৯৩৬ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে ব্যাংকে নিজ নামে ১৩ লাখ ৯৯ হাজার ৯৩৬ এবং স্ত্রীর নামে দুই লাখ ৪০ হাজার টাকা। একটি গাড়ি এবং ১০ ভরি স্বর্ণালংকার রয়েছে।স্থাবর সম্পদের মধ্যে যৌথ মালিকানায় ২৩ একর কৃষি ও ১২ একর অকৃষিজমি। প্রায় তিন একর জমির ওপর রয়েছে একটি যৌথ মালিকানার দোতলা বাড়ি। তবে জমি বা বাড়ির কোনো মূল্য দেখানো হয়নি।পাঁচ প্রার্থীর বার্ষিক আয়শওকত হোসেন: ৩,৪৬,২৫,০৩০আহসান হাবিব: ২,৩০,০০০কামরুল আহসান: ৪,২০,০০০এবাদুল হক: ২,২২,০০০মাহমুদুল হক খান: ১৩,৯৯,৯৩৬