শকুন রক্ষায় ডাইক্লোফেনাক নিষিদ্ধ করার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শকুন রক্ষায় গবাদিপশুর ব্যথানাশক ওষুধ ডাইক্লোফেনাক নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। গরুর ব্যথানাশক হিসেবে এ ওষুধ বাংলাদেশে জনপ্রিয়। এ ওষুধের কারণে মৃত কোনো গরুর মাংস যদি শকুন খায়, তাহলে ওই শকুন সঙ্গে সঙ্গেই মারা যায়। গত এক যুগে বাংলাদেশের অধিকাংশ শকুন এ ধরনের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় মারা গেছে। আর হাজার খানেক শকুন কোনো মতে বেঁচে আছে।বাংলাদেশে বন বিভাগ ও বন্য প্রাণী ট্রাস্টের পর্যবেক্ষণে এমন তথ্য পাওয়া গেছে। আজ রোববার বন বিভাগের সভাকক্ষে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস উপলেক্ষে আয়োজিত এক আলোচনায় সভায় এসব কথা জানানো হয়। বন বিভাগ, বাংলাদেশ বন্য প্রাণী ট্রাস্ট ও বাংলাদেশ বার্ডস ক্লাব যৌথভাবে এ সভার আয়োজন করে।সভায় আরও জানানো হয়, প্রকৃতির ঝাড়ুদার হিসেবে ভূমিকা পালনকারী এই প্রাণীটিকে রক্ষায় ডাইক্লোফেনাক নিষিদ্ধ করার জন্য সরকারের কাছে আবেদন করবে পরিবেশ ও বন মন্ত্রণালয়। এ ছাড়া বন বিভাগের পক্ষ থেকে শুকুনের বসবাসের স্থান হিসেবে উঁচু বৃক্ষ সংরক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।আলোচনা সভায় মূল বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মনিরুল আলম খান এবং পাখিবিশেষজ্ঞ ইনামুল হক।