শক্তিশালী উপজেলা ছাড়া ডিজিটাল বাংলাদেশ সম্ভব নয়: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পূর্ণ দায়িত্ব দিলে দেশের মানুষ উপকৃত হবে। এতে আপনার জনপ্রিয়তা বাড়বে, মহাজোটের স্বপ্নও বাস্তবায়িত হবে। উপজেলাকে শক্তিশালী না করলে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ হবে না।’১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ শনিবার মুক্তাঙ্গনে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের অনশন কর্মসূচিতে এরশাদ এ কথা বলেন।এরশাদ বলেন, সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচিত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা ফিরিয়ে দিয়ে গণতন্ত্রের চর্চা করতে হবে। তিনি বলেন, স্থানীয় সরকার শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হবে।উপজেলা পরিষদের দুই বছর পূর্তি উপলক্ষে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ এই অনশন কর্মসূচির আয়োজন করে। এতে শতাধিক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান অংশ নিয়েছেন। পরিষদের সভাপতি আবদুল মজিদ জানিয়েছেন, সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এসে তাঁদের সঙ্গে আলোচনা না করলে অনশন চালু থাকবে।অনশন চলাকালে এরশাদ ছাড়াও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, জাতীয় শ্রমিক জোটের সভানেত্রী শিরিন আক্তার, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ আরও অনেকে কর্মসূচিস্থলে গিয়ে উপজেলা চেয়ারম্যানদের দাবির প্রতি সমর্থন জানান।অনশন কর্মসূচিতে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা পরিষদের কাজে কীভাবে সাংসদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দ্বারা অবহেলিত ও নাজেহাল হন তার বিবরণ দেওয়া হয়।নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নারী ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বলেন, উপজেলার কোনো অনুষ্ঠানে নারী ভাইস চেয়ারম্যানদের জন্য কোনো চেয়ার থাকে না। সিলেট বালাগঞ্জ উপজেলার নারী ভাইস চেয়ারম্যান হালিমা বেগম বলেন, আমলা-নির্ভর কেন্দ্রীয় সরকার দিয়ে সরকারের পক্ষে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হবে না। এ জন্য স্বশাসিত উপজেলা পরিষদকে লাগবে।চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের মধ্যে আরও বক্তব্য দেন, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার নুরন্নবী চৌধুরী, বগুড়ার শিবগঞ্জ উপজেলার কেরামত আলী, কুড়িগ্রামের ফুলবাড়ীর আহমদ আলী, মৌলভীবাজার রাজনগর উপজেলার আহমেদ বেলাল, কক্সবাজারের রামু উপজেলার নুসরাত জাহান, বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবানী বিশ্বাস, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের সেলিনা জাহান প্রমুখ।