শক্তিশালী দেশের সঙ্গে বোঝাপড়া করতে সিঙ্গাপুরে খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতায় যেতে বিশেষ একটি শক্তিশালী দেশের সঙ্গে বোঝাপড়া করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সিঙ্গাপুর গেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।আজ বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ অভিযোগ করেন। সৈয়দ আশরাফ বলেন, ‘চিকিত্সার জন্য খালেদা জিয়া সিঙ্গাপুর যেতেই পারেন। হয়তো তিনি হাসপাতালেও ভর্তি হবেন, চিকিত্সকও দেখাবেন। কিন্তু তিনি সে দেশে গেছেন একটি বিশেষ দেশের সঙ্গে বোঝাপাড়ার জন্য, কীভাবে ক্ষমতায় যাওয়া যায়। কীভাবে ওই দেশ তাঁকে সহায়তা করতে পারে।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া সিঙ্গাপুর থেকে লন্ডনে যাবেন ছেলেকে দেখার জন্য। তিনি যেতেই পারেন। কিন্তু তিনি সেখানে যাচ্ছেন আরেকটি শক্তিশালী দেশের সঙ্গে আলোচনা করার জন্য। আমি এখন ওই দেশগুলোর নাম বলব না। উনি দেশে ফিরে এলে তখন বলব।’ সৈয়দ আশরাফ বলেন, ‘ষড়যন্ত্র ও খুন ছাড়া বিএনপি কখনো ক্ষমতায় আসতে পারেনি। আগামীতে তারা আরও ভয়ংকর খুন ও ষড়যন্ত্র করতে পারে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।’ তিনি বলেন, ‘এখন আওয়ামী লীগ একা নয়। ষড়যন্ত্র মোকাবিলায় শাহবাগের তরুণ প্রজন্মসহ লাখ লাখ জনতা আমাদের সঙ্গে আছে।’সৈয়দ আশরাফ বলেন, মুক্তিযুদ্ধের স্লোগান ‘জয়বাংলা’ বলতে আগে অনেকেই লজ্জাবোধ করত। কিন্তু এটা এখন আর আওয়ামী লীগ একা বলে না। এটা এখন সারা বাঙালির স্লোগান। শাহবাগসহ দেশের তরুণ প্রজন্ম তা দেখিয়ে দিয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে না পারলে দেশ গণতন্ত্রে ফিরত না। যুদ্ধাপরাধীদের বিচার হতো না।