শক্তিশালী নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, দায়বদ্ধহীন তত্ত্বাবধায়ক সরকার শুধু অনভিপ্রেতই নয়, রাষ্ট্রপরিচালনায় তাদের সৃষ্ট সমস্যার জন্য জনগণকেই মাশুল দিতে হয়। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় চূড়ান্তভাবে তা প্রমাণিত হয়েছে। তিনি মনে করেন, একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে।তথ্যমন্ত্রী আজ রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতি ‘অবাধ ও গ্রহণযোগ্য সংসদীয় নির্বাচন: অন্তর্বর্তীকালীন সরকার বনাম তত্ত্বাবধায়ক সরকার’ শীর্ষক ওই বৈঠকের আয়োজন করে।তথ্যমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক নামক একটি অপ্রতিনিধিত্ব সরকার দেশের জন্য সম্মানহানিকর। জনগণের সব ক্ষমতার মালিক হওয়ায় জনগণের প্রতিনিধিরাই কেবল রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, জনগণের নির্বাচিত সরকার অন্তর্বর্তীকালীন সময়ে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সতর্কপ্রহরী হিসেবে কাজ করতে পারে, যা নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ার উপনির্বাচন প্রমাণ করেছে। তিনি আরও বলেন, ১৯৯১ সাল থেকে চারবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং চারটি নির্বাচনই প্রশ্নবিদ্ধ হয়েছে।গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক গিয়াসউদ্দিন মোল্লা বলেন, ‘গণতান্ত্রিক বিশ্বে প্রচলিত অন্তর্বর্তীকালীন সরকারের মতো রাজনৈতিক কৃষ্টি সৃষ্টিতে আমরা একীভূত হতে চাই। তত্ত্বাবধায়ক সরকারের মতো অনির্বাচিত, অসাংবিধানিক ও জনগণের কাছে দায়বদ্ধহীন অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই।’ প্রবন্ধে তিনি আরও বলেন, আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক নির্বাচনগুলোতে সরকার কোনো প্রভাব বিস্তার করেনি। নির্বাচন কমিশনও সন্তোষ প্রকাশ করেছে। গিয়াসউদ্দিন মোল্লা বলেন, দেশের জনগণের স্বার্থে রাজনৈতিক সংকট নিরসনে সমঝোতার মাধ্যমে সবাইকে এগিয়ে আসতে হবে।গোলটেবিল বৈঠকে কয়েকজন বক্তা বলেন, আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা এবং ইলেকট্রনিক ভোটিং সিস্টেম চালু করার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। একমাত্র বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া বিশ্বের সব উন্নত দেশেই ই-ভোটিং পদ্ধতি চালু আছে। ‘এক ভোটার, এক ভোট’, নিশ্চিত করতে ই-ভোটিং চালু করা ও নির্বাচন কমিশনকে শক্তিশালী করা একান্ত আবশ্যক বলে তাঁরা মনে করেন।আলোচনায় অংশ নেন সাংসদ হাবিবুর রহমান মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমীর মহাপরিচালক শামসুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক এস এম আকরাম হোসেন, দনিয়া কলেজের অধ্যক্ষ সাহাদাত হুসাইন প্রমুখ।