শক্তিশালী ভূমিকম্পে তুরস্কে ১০০০ জনের মৃত্যুর আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের পূর্বাঞ্চলীয় ভনে গতকাল রোববার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭ দশমিক ৩। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইস্তাম্বুলে অবস্থিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক প্রতিষ্ঠান কান্দিলি ভূমিকম্পবিষয়ক ইনস্টিটিউটের পরিচালক মুস্তফা ইরদিক বলেন, ভূমিকম্পে ৫০০ থেকে এক হাজার মানুষ মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাতোলিয়া জানায়, কুর্দি জনগোষ্ঠী অধ্যুষিত ভনে ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ধসে গেছে। ৫০ জন আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ‘সেখানে ব্যাপক প্রাণহানি এবং স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে।’ তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি এর বেশি কিছু জানায়নি।স্থানীয় সরকারি কর্মকর্তা ভেইসেল কাসের জানান, ‘অনেক বহুতল ভবন, হোটেল এবং আবাসিক ভবন ধসে পড়েছে। আমরা সেসব স্থান থেকে আটকে পড়া ব্যক্তিদের চিৎকার-আর্তনাদ শুনতে পাচ্ছি।’টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওচিত্রে দেখা গেছে, ভূমিকম্পের ফলে অসংখ্য ভবন ধসে পড়েছে। অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসিন্দারা ভয়ে রাস্তায় দিগ্বিদিক ছোটাছুটি করছে।ভন শহরের মেয়র বেকির কাইয়া বলেন, ‘লোকজন আতঙ্কিত। টেলিযোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। আমরা কারও সঙ্গেই যোগাযোগ করতে পারছি না।’মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় বেলা একটা ৪১ মিনিটের দিকে ইরান সীমান্তে তুরস্কের ভনে ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভন শহর থেকে ১৯ কিলোমিটার দূরে তাবানলি। ইরানের বার্তা সংস্থা মেহের জানায়, সীমান্তের কাছাকাছি ইরানের ওরামিয়েহ, খোই ও সালমাস শহর ছাড়াও ইরানের তাবরিজ শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ১৯৯৯ সালে তুরস্কে রিখটার স্কেলে ৭-এর চেয়ে বেশি মাত্রার দুটি ভূমিকম্প হয়েছিল। ওই সব ভূমিকম্পে ২০ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়। এএফপি, রয়টার্স ও বিবিসি অনলাইন।