স্থানীয় সরকার সম্মেলনে প্রধানমন্ত্রী
শক্তিশালী স্থানীয় সরকারের জন্য নিরবচ্ছিন্ন গণতন্ত্র অপরিহার্য
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শক্তিশালী স্থানীয় সরকারের জন্য গণতন্ত্র অপরিহার্য। নিরবচ্ছিন্ন গণতন্ত্র ছাড়া শক্তিশালী স্থানীয় সরকারব্যবস্থা সম্ভব নয়। গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক স্থানীয় সরকার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের লক্ষ্য হচ্ছে কেন্দ্রীয় সরকারকে নীতি প্রণয়ন, তদারকি ও বাজেট প্রণয়নে সম্পৃক্ত রাখা। অন্যদিকে সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করবে স্থানীয় সরকার। কিন্তু এ জন্য গণতন্ত্রের স্থায়ী ধারার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, স্বাধীনতার পর দেশে গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হওয়ায় জনপ্রতিনিধিরা যে জনগণের সেবক, এই ধারণার বাস্তব রূপায়ণ হয়নি।মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম যৌথভাবে দুই দিনের এই সম্মেলনের আয়োজন করে।অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, ডেনমার্কের রাষ্ট্রদূত এজভেন্ট অল্লিং, ভারতের অল ইন্ডিয়া ইনিশিয়েটিভ অব লোকাল সেলফ গভর্নমেন্টের প্রেসিডেন্ট যতীন ভি মোদি, ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি মাহবুবুর রহমান টুলু, মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব শামীম আল রাজিব প্রমুখ বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি আজমত উল্লাহ খান।শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর অধিকাংশ সময় সামরিক শাসন ও সামরিক একনায়কতন্ত্র বা সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দেশ শাসন করায় স্থানীয় সরকার সংস্থাগুলোর ক্ষমতায়নের সুযোগ সৃষ্টি হয়নি।জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে তাঁর সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, গত চার বছরে জাতীয় সংসদের ১৫টি আসনের উপনির্বাচনসহ পাঁচ হাজার ৫৫১টি নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ‘সরকার জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী এবং এর কর্মকাণ্ডের মাধ্যমে তা নিশ্চিত করতে চায়’ উল্লেখ করে তিনি বলেন, জনগণের রায় যা-ই হোক না কেন, তাঁর দল তা মেনে নেবে।প্রধানমন্ত্রী বলেন, জনগণকে উন্নত সেবা দিতে সরকারের কার্যকর বিকেন্দ্রীকরণ নিশ্চিত করায় পল্লীর জনগণের ক্ষমতায়নের সুযোগ সৃষ্টি হয়েছে। এই সম্মেলন দক্ষিণ এশিয়ার উন্নয়ন ত্বরান্বিতকরণ ও দারিদ্র্য দূরীকরণে সহায়ক হবে।