শক্তিশালীদের আড়াল করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার ধসের ঘটনায় সরকারের গঠিত তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেছেন, শেয়ারবাজার নিয়ে খেলা হচ্ছে। এ খেলা থেকে বের হয়ে আসা উচিত। কিন্তু এ ক্ষেত্রে সরকার ভুল সিদ্ধান্ত নিচ্ছে। শক্তিশালী একটি পক্ষকে ইচ্ছা করে আড়াল করার চেষ্টা করছে। এভাবে ছিয়ানব্বইতেও আড়াল করা হয়েছে। ২০১১ সালেও হচ্ছে। আর তা করতেই পুঁজির সংকট দেখানোর চেষ্টা হচ্ছে। কিন্তু মূল সংকট আস্থার।কৃষি ব্যাংকের বর্তমান এই চেয়ারম্যান আরও বলেন, ‘বাজারের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী এগিয়ে এসেছেন, এটি তাঁর উদারতা। বিশ্বের কোথাও এমনটি হয় না। এটা বর্তমান এসইসি ও অর্থমন্ত্রীরই ব্যর্থতা, তাঁরা প্রধানমন্ত্রীকে এর মধ্যে জড়িয়েছেন। ইটস শেইম, শেইম। এর ফলে এসইসি ও সংশ্লিষ্ট সংস্থাগুলো নিজেদের ব্যর্থতার ভার সরকারের ওপর চাপিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রীর উচিত ছিল কেউ ব্যর্থ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’শেয়ারবাজারের পরিস্থিতি নিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলা হয়। রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে গতকাল সকালে এই আলোচনা অনুষ্ঠিত হয়।খোন্দকার ইব্রাহিম খালেদ আরও বলেন, ‘এসইসির বর্তমান ও সাবেক চেয়ারম্যানকে দেখেছি এমন কোনো সপ্তাহ নেই যে তাঁরা অর্থ মন্ত্রণালয়ে যান না। এভাবে হলে তো নিজেরাই স্বাধীনভাবে কাজ করতে পারবেন না।’ ইব্রাহিম খালেদ বলেন, ‘তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিনই সন্ধ্যায় টিভি খুলে দেখলাম, অর্থমন্ত্রী বললেন প্রতিবেদনটি অনেকাংশে অনুমাননির্ভর। এতে যাঁদের নাম এসেছে, তাঁরা অনেক শক্তিশালী। তাহলে ওই সব ব্যক্তি কি সরকারের চেয়েও শক্তিশালী? কিন্তু তদন্ত প্রতিবেদনে অনুমাননির্ভর কিছু নেই। তবে কিছু বিষয় আছে ধারণার ভিত্তিতে করা, যা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত।’সাবেক এই ব্যাংকার বলেন, আস্থার সংকট মূল কারণ হলেও ভুল অনুমানের ওপর ভিত্তি করে সরকার পুঁজির জোগান বাড়াতে নানা পদক্ষেপ নিচ্ছে। ভুল অনুমানের ফলাফল তো ভুল হবেই। তাই সরকারের নানা পদক্ষেপের পরও শেয়ারবাজারে কাজের কাজ কিছুই হচ্ছে না।পুঁজিবাজারের ব্যাপারে সরকারের প্রতি মানুষের আস্থা নেই মন্তব্য করে খোন্দকার ইব্রাহিম খালেদ আরও বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর এসইসির যেসব সৎ কর্মকর্তা ছিলেন, তাঁদের আগে বিদায় করে দেওয়া হয়েছে। যাঁরা বাজারে বিতর্কিত, তাঁদেরই আবার স্থিতিশীলতার দায়িত্ব দেওয়া হয়েছে। এ অবস্থায় পুঁজিবাজারের ব্যাপারে সরকারের প্রতি মানুষের আস্থা থাকবে কীভাবে?’সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা মির্জ্জা এ বি আজিজুল ইসলাম বলেন, বর্তমান বাজার অতিমাত্রায় অবমূল্যায়িত। এটি এখন বিনিয়োগের যৌক্তিক নিম্নস্তরের (বটম লাইন) কাছাকাছি রয়েছে। এখান থেকে অবশ্যই বাজার ঘুরে দাঁড়াবে। হয়তো কিছুটা সময় লাগবে। তবে বিনিয়োগকারীদের বুঝতে হবে, এক-দুই দিনেই তাঁদের হারানো পুঁজি ফিরে পাওয়া যাবে না। এ জন্য ধৈর্য ধারণ করতে হবে।এসইসির সাবেক চেয়ারম্যান মির্জ্জা আজিজুল ইসলাম আরও বলেন, আইনের প্রয়োগই বড় কথা। এসইসির আইনে সংস্থাটিকে যে স্বাধীনতা দেওয়া হয়েছে, সেটি যথেষ্ট। তবে তাদের সেই স্বাধীনতা সঠিকভাবে চর্চা করতে দেওয়া হবে কি না, এটি রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। বাজারের বর্তমান অবস্থায় একের দায়িত্ব অন্যের ঘাড়ে চাপানো হচ্ছে।ইব্রাহিম খালেদ এ প্রসঙ্গে বলেন, শেয়ারবাজারে রাজনৈতিক নিয়োগ হচ্ছে। শক্তিশালীরা এখনো নিয়োগে অবদান রাখছে। অর্থাৎ, শক্তিশালীদের কাছে সরকার নত হয়ে যাচ্ছে।অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ গবেষণা ফেলো খন্দকার গোলাম মোয়াজ্জেম।গোলটেবিল আলোচনায় শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতির জন্য নিয়ন্ত্রক সংস্থা এসইসি, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতাকে দায়ী করা হয়। একই সঙ্গে সঠিক সময়ে সঠিক ব্যবস্থা না নেওয়ায় অনেকে বাংলাদেশ ব্যাংক ও এসইসির সমালোচনা করেন। কিন্তু অনুষ্ঠানে এই দুই সংস্থার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।এ বিষয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সিপিডির পক্ষ থেকে এসইসির চেয়ারম্যান ও সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তাঁরা অপারগতা প্রকাশ করেছেন।