শখ ও নিলয়ের ‘অল্প অল্প প্রেমের গল্প’
শখ ও নিলয়—তাঁদের প্রত্যেকেরই একটি করে ছবি মুক্তি পেয়েছে। শখের বলো না তুমি আমার আর নিলয়ের বেইলি রোড। এবার এই দুজনকে নিয়ে ছবি তৈরি করছেন সানিয়াৎ হোসেন। নাম অল্প অল্প প্রেমের গল্প। পরিচালকের ভাষায়, ‘শতভাগ বাণিজ্যিক ছবি।’ছবিটির নির্বাহী প্রযোজক এষা ইউসুফ জানান, ২ ফেব্রুয়ারি ছবিটির শুটিং শুরু হয়েছে। এখন কাজ হচ্ছে ঢাকায়। সামনে হাইওয়েতে কিছু কাজ হবে। এই অংশটির শুটিং হবে ঢাকা-সিলেট মহাসড়কে। অল্প অল্প প্রেমের গল্পর কাহিনি প্রসঙ্গে সানিয়াৎ বললেন, ‘বিভিন্ন ঘটনায় দেখা হয় শখ ও নিলয়ের। কিন্তু তারা কি একে অপরকে ভালোবাসে? অনেকটা সময় তা জানা যায় না। কিন্তু যখন জানা যায়, তখন গল্পের শেষ। পুরোপুরি রোমান্টিক গল্প।’প্রায় আড়াই ঘণ্টার এই ছবিটি তৈরি হচ্ছে ৩৫ মিমি প্রযুক্তিতে। ছবির গানের অংশের কাজ এখনো তেমন শুরু হয়নি। সানিয়াৎ বললেন, ‘আগে আমরা গল্পের অংশ শুট করছি। পরে গান নিয়ে ভাবব। তবে এরই মধ্যে শওকত আলী ইমনের সঙ্গে গান নিয়ে কিছু আলোচনা হয়েছে।’