শখের খামারির মিষ্টি আঙুর
২০০৯ সালের কথা। জয়পুরহাট সদর উপজেলার জামালপুর পুরাতন বাজারে ছয় বিঘা জমিতে আঙুরের চারা লাগিয়েছিলেন প্রকৌশলী রুহুল ইসলাম। জয়পুরহাটে বিদেশি ফল আঙুরের এত বড় বাগান করা নিয়ে এলাকাবাসীর হাসির পাত্র হয়েছিলেন তিনি। আঙুর ধরলেও তা মিষ্টি হবে, এমন ধারণা ছিল না খোদ কৃষি বিভাগেরও। কিন্তু সব ব্যঙ্গ-বিদ্রূপ, সংশয় আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মিষ্টি আঙুর ফলাতে সক্ষম হয়েছেন রুহুল ইসলাম। শুধু তাই নয়, শিগগিরই বাণিজ্যিক ভিত্তিতে আঙুর ফল ও চারা বাজারজাত করতে যাচ্ছেন তিনি। দেশে বিক্ষিপ্তভাবে আঙুর ফলের চাষ হচ্ছে বেশ কয়েক বছর ধরেই। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই সেই আঙুর বিদেশিগুলোর মতো মিষ্টি হয় না। এমনকি টক হয়। কাজেই স্বাদের উন্নতি করা স্থানীয় উৎপাদকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ পর্যন্ত যা দেখা গেছে, তাতে জয়পুরহাটের প্রকৌশলী রুহুল ইসলামকে সফল বলতে হবে। তাঁর বাগানের ফল খেয়ে অনেকেই বলেছেন, তা বিদেশি আঙুরের মতোই মিষ্টি। লোকমুখে শুনে দৃষ্টিনন্দন থোকা থোকা আঙুরের শোভা দেখতে এলাকার মানুষ প্রকৌশলী রুহুলের বাগানে আসছে প্রতিদিন।যেভাবে শুরু: আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারের বাসিন্দা রুহুল ইসলাম। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলের প্রধান প্রকৌশলী তিনি। তিন-চার বছর আগে ইন্টারনেট ঘাঁটতে গিয়ে হঠাৎ অস্ট্রেলিয়ায় আঙুরের চাষ নিয়ে একটি সাইট নজরে আসে তাঁর। সেই থেকে বাংলাদেশে মিষ্টি আঙুর উৎপাদন করার চিন্তা পেয়ে বসে তাঁকে। কাজের অবসরে ইন্টারনেটে খোঁজখবর করতে থাকেন। এভাবেই একদিন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের মিলডোরার এক আঙুর খামারমালিকের সঙ্গে ই-মেইলে যোগাযোগ প্রতিষ্ঠা হয় তাঁর। মিলডোরা অস্ট্রেলিয়ার একটি বড় আঙুর উৎপাদনকেন্দ্র। ওই অস্ট্রেলীয় খামারমালিক প্রকৌশলী রুহুলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তিনি জয়পুরহাটের ভৌগোলিক অবস্থান, আবহাওয়া ও মাটির বৈশিষ্ট্যের কথা শুনে আঙুর চাষে উৎসাহ ও পরামর্শ দেন। এরপর রুহুল ইসলাম ২০০৯ সালের অক্টোবর মাসে অস্ট্রেলিয়া থেকে বীজহীন দুই জাতের এক হাজার আঙুরের চারা আনান। জাতগুলো হচ্ছে ‘মেনিনডি সিডলেস’ ও ‘ক্রিমসন সিডলেস’ (লালচে রঙের)। ছয় বিঘা জমির উপরিভাগের মাটি তুলে ফেলে সেখানে দুই ফুট বালু ও মুরগির বিষ্ঠা মিশিয়ে ফেলেন। নিজে আরও ২২৫টি চারা তৈরি করে এক হাজার ২০০ চারা লাগিয়ে দেন। এরপর অস্ট্রেলীয়দের পরামর্শমতো পরিচর্যা করতে থাকেন।২০ মাস পর রুহুলের বাগানে এখন থোকায় থোকায় মিষ্টি আঙুর ঝুলছে। পাকা খুঁটি ও জিআই তার দিয়ে আঙুরলতার জন্য মাচা তৈরি করেছেন তিনি। এবার ৫০০ গাছে ফল ধরেছে। এর মধ্যে ১৫-২০টি গাছ মরে গেছে। গত ডিসেম্বরে বাগানের পাঁচ-সাতটি গাছে কয়েক থোকা আঙুর ধরেছিল। ফলগুলো বাজার থেকে কেনা বিদেশি আঙুরের মতোই সুস্বাদু ও মিষ্টি ছিল।এলাকাবাসীসহ অনেকেই খেয়ে বলেছে, এখন গাছে থাকা পুষ্ট আঙুরগুলোও বেশ মিষ্টি। রুহুল ইসলাম গত বৃহস্পতিবার জানিয়েছেন, সপ্তাহ খানেকের মধ্যেই বিক্রি শুরু হবে। ইতিমধ্যে ফল ব্যবসায়ীরা তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। থোকাগুলোতে ১০ থেকে ৩৫টি করে আঙুর রয়েছে। থোকাগুলোর ওজন ১০০ থেকে ৩০০ গ্রাম পর্যন্ত হবে বলে ধারণা করছেন বাগানের তত্ত্বাবধায়ক রুহুল ইসলামের ছোট ভাই জিল্লুর রহমান। ৫০০ গাছ থেকে প্রথমবার এক থেকে দেড় টন আঙুর উৎপাদনের আশা করছেন তাঁরা। গাছের বয়স বাড়লে উৎপাদনও বাড়বে বলে মনে করা হচ্ছে। আগামী নভেম্বর-ডিসেম্বরে ক্রিমসন সিডলেস জাতের ৭০০ গাছে ফল ধরবে।চমৎকৃত এলাকার মানুষ: জামালপুর গ্রামের বর্ষীয়ান বাসিন্দা আলেক উদ্দিন (৬৫) বললেন, ‘ইঞ্জিনিয়ার সাহেবের বাগানে মিষ্টি আঙুর হবে, এটা আমরা ভাবি নাই। তাঁর ওই বাগান করাকে তখন অনেকেই পাগলামি ও খামখেয়ালি কাজ মনে করেছিল। কিন্তু আঙুর খেয়ে তারা এখন মনে করছে, জয়পুরহাটেও মিষ্টি আঙুরের চাষ করা সম্ভব।’ জামালগঞ্জ বাজারের একটি বেসরকারি সংস্থার হিসাবরক্ষক নজরুল ইসলাম জানান, অফিসের কাছেই অবস্থিত ওই বাগানের আঙুর তাঁর কাছে বিদেশিগুলোর মতোই মিষ্টি মনে হয়েছে।যত্নআত্তি ও পরিকল্পনা: বাগানের দায়িত্বে থাকা জিল্লুর রহমান ও বাগান পরিচর্যাকারী তোতা মিয়া জানালেন, বাগানে খরার সময় প্রতি মাসে দুবার সেচ দিতে হয়েছে। ছত্রাকনাশক ওষুধও মাঝেমধ্যে স্প্রে করতে হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো রোগবালাই দেখা দেয়নি। ইতিমধ্যে ১০ হাজার চারাও বিক্রির জন্য তৈরি করে রেখেছেন তাঁরা। আঙুর টক না মিষ্টি হবে, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকায় এত দিন চারা বিক্রি করা হয়নি। মিষ্টি হওয়ায় তাঁরা এখন ওই চারা বাজারে বিক্রির চিন্তাভাবনা করছেন।প্রকৌশলী রুহুল ইসলাম বললেন, তিনি মনে করেন, যথাযথ পদ্ধতিতে সঠিক জাতের আঙুরের চাষ ছড়িয়ে দিতে পারলে মূল্যবান ফলটির আমদানিবাবদ ব্যয়িত অর্থের কিছুটা হলেও বেঁচে যাবে। বিশেষজ্ঞের কথা: জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ ও জেলা শস্য উৎপাদন বিশেষজ্ঞ কর্মকর্তা এস এম নুরুজ্জামান প্রথম আলোকে জানান, তাঁরা দুজনে একাধিকবার ওই বাগানে গেছেন। খেয়ে দেখেছেন, বিদেশি আঙুরের চেয়ে তা কোনো অংশেই স্বাদ ও মিষ্টতায় কম নয়। বাণিজ্যিকভাবে এ অঞ্চলে আঙুরের চাষ করলে ভালো ফল পাওয়া যেতে পারে বলে তাঁরা মনে করছেন।