বিমল মণ্ডলের বাসার দেয়ালগুলো রং-পেনসিলের আঁকিবুঁকিতে ভরা। তাঁর পিঠাপিঠি তিন শিশুসন্তানের অস্তিত্ব জানান দিত এ রঙের খেলা। বাড়িতে থাকলে সারা দিনই হইচই, এটা-ওটার বায়না থাকত তাদের। গতকাল ঢাকার অদূরে কেরানীগঞ্জের ওই বাসায় গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র।অপহরণের ৩৬ ঘণ্টা পরও বাড়ির সবার আদরের ছোট শিশুটির কোনো খোঁজ কেউ দিতে পারেনি। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, পুলিশ-র্যাব বাড়িঘরে যেন গিজগিজ করছে। কেবল নেই ছয় বছরের পরাগ মণ্ডল। বাসায় গিয়ে দেখা গেল, ব্যবসায়ী বিমল মণ্ডলের বড় মেয়ে ১১ বছরের পিনাকি বিছানায় পড়ে আছে। চোখ-মুখে অসহায়ত্ব, কষ্টের ছাপ। ছোট ভাই পরাগকে অপহরণের সময় দুর্বৃত্তরা তার বাঁ পায়ে গুলি করেছিল। গুলিবিদ্ধ পা’টি ব্যান্ডেজ করা। মাথার কাছে উদ্বিগ্ন ছোট বোন আট বছরের পিয়ালি মণ্ডল। সেই অপহরণ-বিভীষিকার সময় পিয়ালিও ছিল মা আর ভাইবোনের সঙ্গে। গত রোববার সকালে স্কুলে যাওয়ার সময় কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়ার বাসার গলির মুখে পিনাকির পায়ে আর তাদের মা লিপি মণ্ডলের বুকে গুলি করে দুর্বৃত্তরা উঠিয়ে নিয়ে যায় পরাগ মণ্ডলকে। গুলি করা হয়েছে তাদের গাড়িচালক নজরুল ইসলামের পায়েও। মা হাসপাতালে আর পিনাকি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে আছে। ছোট ভাইয়ের জন্য গতকাল সারা দিনই কেঁদেছে দুই বোন। মা কাঁদছেন হাসপাতালে। গতকাল সন্ধ্যা পর্যন্ত পরাগের কোনো খোঁজ বের করতে পারেনি পুলিশ-র্যাব। মামলা হলেও গ্রেপ্তার হয়নি কেউ। শঙ্কা-উদ্বেগ: গতকাল পরাগদের বাসা ছিল শঙ্কা-উদ্বেগে স্তব্ধ। দিনভর ছিল সমবেদনা জানাতে আসা এলাকাবাসী, কৌতূহলী মানুষ, পুলিশ ও গণমাধ্যমকর্মীদের ভিড়। এত লোকের ভিড়েও ভয়ে কুঁকড়ে ছিল পিনাকি আর পিয়ালি। পিনাকিকে দেখতে আসা স্বজনেরা সান্ত্বনা দিতে গিয়ে নিজেরাই তাঁকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। পাশে থাকা ছোট বোন পিয়ালির মুখে ভয় ছাড়া কোনো অভিব্যক্তি ছিল না। কেবল সংবাদকর্মীরা ছবি তুলতে গেলে বারবারই তারা তাদের ভাইকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছে।একমাত্র শিশুপুত্রের খোঁজ নেই। স্ত্রী হাসপাতালে। গুলিবিদ্ধ শিশুকন্যা যন্ত্রণায় কাতরাচ্ছে। সব দেখে ভেঙে পড়েছেন পরাগের বাবা বিমল মণ্ডল। এর মাঝেই দৌড়াচ্ছেন থানায়, হাসপাতালে। রাজধানীর মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে শরীর থেকে গুলি বের করতে অস্ত্রোপচারের পর গতকালও অস্ত্রোপচার-পরবর্তী কক্ষে ছিলেন মা লিপি মণ্ডল। ওষুধের ঘোরে তন্দ্রাচ্ছন্ন মা দুর্বল কণ্ঠে কখনো ছেলেকে ফিরে পেতে চাইছেন, কখনো ফোঁপাচ্ছেন। লিপি মণ্ডলের ভাই অনিন্দ্য সরকার জানান, অনেক রক্তক্ষরণ হওয়ায় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন লিপি। এর মধ্যে চোখ বেয়ে শুধু পানি পড়ছে। কাছে থাকা স্বজনেরাও ভেঙে পড়ছেন তাঁর কান্না দেখে। তিনি জানান, গতকাল বিকেলে লিপির জবানবন্দি নিয়েছে পুলিশ। মামলা: এ ঘটনায় রোববার রাতে পরাগের দাদি সাবিত্রী মণ্ডল অজ্ঞাতনামা চার ব্যক্তিকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় হত্যার চেষ্টা ও অপহরণের অভিযোগ আনা হয়েছে। তবে গতকাল পর্যন্ত পুলিশ কাউকে শনাক্ত করতে পারেনি। পুলিশের ধারণা, জমিসংক্রান্ত বা লেনদেনের বিরোধের জেরে এ ঘটনা ঘটানো হয়েছে। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, জমিসংক্রান্ত বিরোধ অথবা ব্যবসায়িক লেনদেনের জেরে এ ঘটনা ঘটতে পারে। তিনি জানান, শিশুটিকে উদ্ধারে পুলিশ ও র্যাবের একাধিক দল কাজ করছে।র্যাব কর্মকর্তারা আবার জমির বিরোধের বিষয়টি কারণ হিসেবে মানছেন না। র্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টিকে জমিসংক্রান্ত বিরোধের জের হিসেবে দেখছেন না বিমল মণ্ডল নিজেই। তাঁর জমি নিয়ে বিরোধ ছিল। যার সঙ্গে বিরোধ ছিল, তাঁরাও এলাকায় রয়েছেন। বিমল তাঁদের কাউকে সন্দেহ করেন না।বিমল মণ্ডল বলেছেন, তাঁর সঙ্গে কারও বিরোধ নেই। তবে বেশ কয়েকজনের সঙ্গে তাঁর জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। কয়েক দিন আগে স্থানীয় র্যাব কার্যালয়ে বসে সেটার মীমাংসা হয়েছে।মুক্তিপণের দাবি!: পরাগের মুক্তির জন্য দুই কোটি টাকা দাবি করে পরিবারের কাছে একটি ফোন এসেছিল বলে দাবি করেছে র্যাব। তাঁরা জানান, টাকা দাবির পর ওই ফোনটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পরিবার থেকে কেউ বিষয়টি স্বীকার করেনি। র্যাব-১০-এর পরিচালক কামরুল হাসান প্রথম আলোকে বলেন, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গতকাল দুপুরে পরাগের মুক্তির জন্য দুই কোটি টাকা চেয়ে ফোন করেছে বলে পরিবার থেকে র্যাবকে জানানো হয়েছে। তবে তিনি এ-ও বলেন, এ রকম ঘটনার ক্ষেত্রে অনেক সুযোগসন্ধানী লোক সুযোগ নিতে চায়। বিষয়টি এ রকম কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে পরাগের বাবা বিমল মণ্ডল মুক্তিপণ চাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এ রকম কোনো ঘটনা ঘটলে আমি অবশ্যই সবাইকে জানাতাম।’ দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেনও মুক্তিপণের বিষয়টি জানেন না বলে জানিয়েছেন।আবার পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, তাঁরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছেন।