শঙ্কামুক্ত নয় মালালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে তালেবানের গুলিতে আহত নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই (১৪) এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নয়। চিকিৎসকেরা বলছেন, তার বাঁচার সম্ভাবনা ৭০ শতাংশ। তাই উন্নত চিকিৎসার জন্য গতকাল বৃহস্পতিবার তাকে পেশোয়ারের সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেন, মালালার ওপর হামলাকারী জঙ্গিদের শনাক্ত করা হয়েছে। তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।রাজধানী ইসলামাবাদের উত্তর-পশ্চিমে সোয়াত উপত্যকার মিংগোরা শহরে গত মঙ্গলবার স্কুলবাসে উঠে তালেবান জঙ্গিরা মালালাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার মাথায় লাগে। এ সময় আহত হয় তার আরও দুই সহপাঠী। এ ঘটনায় পাকিস্তানসহ বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে।সোয়াত উপত্যকায় তালেবান জঙ্গিদের রক্তচক্ষু উপেক্ষা করে নারীশিক্ষার অধিকারের দাবিতে কাজ করাটাই কাল হয়েছিল কিশোরী মালালার। দীর্ঘদিন ধরে তালেবান অকুতোভয় এই কিশোরীকে হত্যার হুমকি দিয়ে আসছিল। সুযোগ বুঝে গত মঙ্গলবার তালেবান জঙ্গিরা তার ওপর কাপুরুষোচিত হামলা চালায়। তবে বিপুলসংখ্যক পুলিশ ও সেনা সদস্যদের উপস্থিতিতে স্কুলবাসে উঠে এলোপাতাড়ি গুলি চালিয়ে জঙ্গিরা কীভাবে নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করল—তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। মালালার চিকিৎসক দলের একজন মুমতাজ খান বলেন, গত বুধবার অস্ত্রোপচার করে গুলি বের করার পর থেকে মালালার অবস্থার উন্নতি হচ্ছে। তাকে দুদিন কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখা হয়েছে। গুলিতে তার মস্তিষ্কের কিছু অংশের ক্ষতি হয়েছে। তার বাঁচার সম্ভাবনা ৭০ ভাগ। মালালার আত্মীয় মাহমুদুল হাসান বলেন, মালালার অবস্থার উন্নতি হচ্ছে। তবে তার পরীক্ষা-নিরীক্ষার জন্য কাগজপত্র বিদেশেও পাঠাচ্ছেন চিকিৎসকেরা। তিনি বলেন, যুক্তরাজ্য, দুবাই বা অন্য কোনো দেশে ভালো চিকিৎসা পাওয়া যায় কি না, তাঁরা খোঁজখবর নিয়ে দেখছেন।পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল অসীম সেলিম বাজওয়া বলেন, তার অস্ত্রোপচার-পরবর্তী সেবা দরকার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে গতকালই তাকে রাওয়ালপিন্ডিতে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব কার্ডিওলোজিতে (এএফআইসি) নেওয়া হয়েছে।এদিকে মালালার ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জাতিসংঘ মহাসচিব বান কি মুন। হোয়াইট হাউস মুখপাত্র জে কার্নি বলেন, শিশুদের ওপর হামলার নির্দেশ বর্বরোচিত, কাপুরুষোচিত। তালেবান জঙ্গিরা ২০০৭ সালে সোয়াত উপত্যকা দখলে নিয়ে মেয়েদের বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ায় মালালা। মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে প্রচারণা চালায়। উপত্যকায় নিজের জীবনযাপন নিয়ে ২০০৯ সালে বিবিসি উর্দুতে লেখালেখির সুবাদে প্রথম সবার নজরে আসে মালালা। গত বছর সে পাকিস্তান সরকারের কাছ থেকে জাতীয় শান্তি পুরস্কার পায়। একই বছর শিশুদের অধিকার নিয়ে কাজ করে কিডস রাইটস ফাউন্ডেশনের ‘ইন্টারন্যাশনাল চিলড্রেনস পিস প্রাইজ’-এর জন্য মনোনীত হয় সে। এএফপি, ডন।