শঙ্কায় অ্যাসাঞ্জের মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া এবং সেখানে তাঁর ওপর নির্যাতনের আশঙ্কা প্রকাশ করেছেন তাঁর মা ক্রিস্টিয়ান অ্যাসাঞ্জ। ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে অ্যাসাঞ্জকে সুইডেনে পাঠানোর পক্ষে গতকাল বুধবার লন্ডনের হাইকোর্ট রায় দেন। এর প্রতিক্রিয়ায় গতকালই অ্যাসাঞ্জের মা অস্ট্রেলিয়ার সংবাদ সংস্থা অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসকে (এএপি) তাঁর এ শঙ্কার কথা জানান।জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর ঠেকাতে তাঁর মা অস্ট্রেলিয়ার সাধারণ জনগণকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। ক্রিস্টিয়ান অ্যাসাঞ্জ জানান, জুলিয়ান অ্যাসাঞ্জের নিরাপত্তা নিয়ে তিনি ভীত।ক্রিস্টিয়ান অ্যাসাঞ্জ বলেন, ‘জুলিয়ানকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর ঠেকানো নির্ভর করছে অস্ট্রেলিয়ার জনগণের ওপর। তাঁরা যদি জুলিয়ানের পাশে না দাঁড়ায়, তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে এবং তাঁকে নির্যাতন করা হবে।’ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর উদ্দেশে ক্রিস্টিয়ান অ্যাসাঞ্জ বলেন, ‘জুলিয়া গিলার্ডের উচিত জুলিয়ানের পাশে দাঁড়ানো। যুক্তরাষ্ট্রকে তাঁর বলা উচিত, কেবল সত্য বলার জন্য আমাদের দেশের কোনো ব্যক্তিকে আপনারা নিতে পারবেন না এবং তাঁকে নির্যাতন করতে পারবেন না।’অ্যাসাঞ্জের বিরুদ্ধে সুইডেনে দুই নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। এ অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে গত ডিসেম্বরে যুক্তরাজ্যে তিনি গ্রেপ্তার হন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সুইডিশ কৌঁসুলিরা সে দেশে ফেরত পাঠানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের নিম্ন আদালত গত ফেব্রুয়ারিতে তাঁকে সুইডেনে পাঠানোর পক্ষে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ। শুরু থেকেই ধর্ষণের অভিযোগ নাকচ করে অ্যাসাঞ্জ একে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।