শচীন টেন্ডুলকারের ২০০!
এক দিনের ক্রিকেটের ৪০ বছরের ইতিহাসের সবচেয়ে আনন্দদায়ক মাইলফলকটি অতিক্রম করলেন আজ শচীন টেন্ডুলকার। প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির দেখা পেলেন তিনি। গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিজের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ইনিংসটি খেললেন ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তি। আজ তিনি এমন একটি ইনিংসের দেখা পেলেন, যে ইনিংসটি খেলেননি ক্রিকেট ইতিহাসের আর কোনো ব্যাটসম্যানই।শচীন টেন্ডুলকার তাঁর ২১ বছরের ক্রিকেট ক্যারিয়ারে অনেক রেকর্ডই করেছেন। অনেকবারই তিনি ইতিহাস গড়েছেন। ওয়ানডেতে তিনি যত সেঞ্চুরি করেছেন, তাঁর ধারে-কাছেও নেই অন্য কেউ। তাঁর কাছাকাছি ম্যাচ কতজন খেলোয়াড় খেলেছেন, তা হাতে গুনেই বলে দেওয়া যায়। কিন্তু আজকের ইনিংসটি খেলার জন্যই বোধ হয় শচীন টেন্ডুলকারের এতদূর আসা।শচীন টেন্ডুলকার যেদিন বড় ইনিংস খেলেন, সেদিন নাকি প্রথম থেকেই বোঝা যায়, আজকেও প্রথম থেকেই বোঝা যাচ্ছিল শচীন বড় একটি ইনিংস খেলার পথেই এগোচ্ছেন। বল প্রথম থেকেই তাঁর ব্যাটের মাঝেই লাগছিল। দক্ষিণ আফ্রিকার বোলাররা ক্লান্ত হয়ে গিয়েছিলেন নিজেদের করা বোলিংয়ের করুণ পরিণতি দেখে। ফিল্ডাররা হয়তো কায়মনোবাক্যে প্রার্থনা করছিলেন দ্রুত ৫০ ওভার শেষ হয়ে যাওয়ার। হয়তো প্রোটিয়ারা মুগ্ধ চোখেই উপভোগ করছিলেন এই ক্রিকেট কিংবদন্তির খেলা!ওয়ানডে ক্রিকেটে এর আগের সর্বোচ্চ সংগ্রহ কার ছিল, তা নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি আছে। যদিও এর আগের সেরা ইনিংসের সংখ্যা একই—১৯৪। ১৯৯৭ সালের মে মাসে ভারতের বিপক্ষে পাকিস্তানের সাঈদ আনোয়ার ১৯৪ রান করে আউট হয়েছিলেন। এখানে সাঈদ আনোয়ারের আউট হওয়ার কথাটি বলা হচ্ছে কারণ এরপর যিনি সাঈদ আনোয়ারের সমানসংখ্যক ১৯৪ রান করেছেন, তিনি জিম্বাবুয়ের চার্লস কভেন্ট্রি বাংলাদেশের বিপক্ষে। মজার ব্যাপার হলো চার্লস কভেন্ট্রি অপরাজিত থাকায় ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ডটি সাঈদ আনোয়ারের হাতছাড়া হয়ে গিয়েছিল।আজকের দিনের পর এই বিভ্রান্তির আর কোনো প্রয়োজন নেই। কারণ রেকর্ডবুকে সর্বোচ্চ রানের জন্য কেবল একটি নামই থাকবে, আর সেটা শচীন টেন্ডুলকার—দ্য লিটল জিনিয়াস।শচীন বন্দনায় আজকের খেলায় ভারতের আরও একটি অর্জনই ঢাকা পড়ে যাচ্ছে। আর সেটা হলো ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০১ রানের কোটা পেরোনো। শচীন টেন্ডুলকারের ২০০, দীনেশ কার্তিকের ৭৯ ও মহেন্দ্র সিং ধোনির ৬৮ রানে ভারত ৩ উইকেটে ৪০১ রান সংগ্রহ করেছে।দক্ষিণ আফ্রিকা হয়তো চাইবে গোয়ালিয়রের মাটিতে আরও একবার জোহানেসবার্গ ফিরিয়ে আনতে। কিন্তু সেটা পরের ব্যাপার। আপাতত শচীন টেন্ডুলকারের তৈরি ইতিহাসটিই উদযাপন করা হোক না!