শচীন-রাহুলের দিনে ছিলেন শাহাদাতরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি: হেলমেট খুলে এক হাতে নেবেন। অন্য হাতে ব্যাট। মুখ তুলে তাকাবেন আকাশের দিকে। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানান নাকি খোঁজেন আকাশের তারা হয়ে যাওয়া বাবাকে? উনি: উচ্ছ্বাসে ভেসে যাওয়ার উপলক্ষেও ব্যাটিংয়ের সময়কার দৃঢ়প্রতিজ্ঞা তাঁর চোখেমুখে। বিনম্র ভঙ্গিতে ব্যাট তুলবেন। মুখে একচিলতে হাসি ফুটবে কি ফুটবে না। শরীরী ভাষায় জানিয়ে দেবেন, এখনো অনেক কাজ বাকি। তিনি: শচীন টেন্ডুলকার। উনি: রাহুল দ্রাবিড়। দুজনের সেঞ্চুরি উদ্যাপন টেস্ট ক্রিকেটের হিরণ্ময় ছবিগুলোর মধ্যে পড়ে। যে ছবি ফিরে ফিরে আসে কদিন পরপরই। কাল যেমন এল মিরপুর স্টেডিয়ামে। টেস্টে ৪৫ নম্বর সেঞ্চুরি হয়ে গেল শচীন টেন্ডুলকারের। রাহুল দ্রাবিড়ের ২৯।টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটা অনেক দিনই টেন্ডুলকারের। এখন লড়াইটা নিজের সঙ্গে নিজের। বলতে পারেন, টেস্ট আর ওয়ানডে সেঞ্চুরির! কাল টেস্টে ৪৫ নম্বর দুটিকে সমান করে দিল। আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যা ৯০, এখন কি লক্ষ্য তাহলে সেঞ্চুরির সেঞ্চুরি? শচীন টেন্ডুলকার হাসেন, ‘আমি ওসব সংখ্যা গণনায় বিশ্বাস করি না।’ কী দরকার বিশ্বাস করার? তিনি সেঞ্চুরি করে যাবেন, গোনার লোকের তো আর অভাব নেই। রাহুল দ্রাবিড় সেঞ্চুরির সংখ্যায় অনেক পিছিয়ে। তবে কালকের সেঞ্চুরি তাঁকে যেখানে নিয়ে গেল, সেই ‘২৯’ সংখ্যাটি ক্রিকেট ইতিহাসে গভীর তাত্পর্যমণ্ডিত। ৯৯.৯৪ ব্যাটিং গড়ের মতো ২৯টি টেস্ট সেঞ্চুরি মানেই স্যার ডন ব্র্যাডম্যান। সেঞ্চুরি তাঁদের একক কৃতিত্ব। তবে দ্রাবিড়-টেন্ডুলকার যুগলবন্দীও তো কাল নতুন চূড়া ছুঁলো। গ্রিনিজ-হেইন্সকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি শতরানের জুটির রেকর্ডটি তো নিজেদের করে নিলেনই, দ্বিশতরানের জুটির রেকর্ড নিয়েও নাড়াচাড়া করতে বাধ্য করলেন সবাইকে। আধুনিক ক্রিকেটের এমন দুই ব্যাটিং নক্ষত্রের সেঞ্চুরির দিনে ম্যাচ রিপোর্টে তাঁদের জয়গান থাকবে স্বাভাবিক। তবে ওই দুই সেঞ্চুরি তো ঢাকা টেস্টের গভীর ব্যঞ্জনাময় দ্বিতীয় দিনের ক্ষুদ্রাংশ মাত্র। পুরো দিনে ৩৯০ রান আর ৫ উইকেট—এসব নিছকই পরিসংখ্যান। অন্তত এই দিনে স্কোরকার্ড যতটা না জানাচ্ছে, তার চেয়ে গোপন করছে বেশি! সেখানে মরা পিচেও বিশ্বসেরা ব্যাটিং লাইনআপকে বাংলাদেশের পেসারদের বাউন্সারে-বাউন্সারে কাঁপিয়ে দেওয়ার বীরত্বগাথা কোথায়? কোথায় লেখা টেন্ডুলকারের সেঞ্চুরিতে কতটা ভাগ্যের দাক্ষিণ্য? শাহাদাতের বাউন্সার যে অনেক বড় বড় পেসারকে বশ মানিয়ে আসা দ্রাবিড়কে হাসপাতালে পাঠাল, কোথায় সেই পুুুরুষকারের স্বীকৃতি?স্কোরকার্ড সব বলে না। যেমন বলছে না, ২৭ রানেই যেতে পারতেন টেন্ডুলকার। যেতে হয়নি, রুবেলের বলে গালিতে রকিবুল ক্যাচ ফেলেছেন বলে। ১৮২ বলে ১৪৩ রানের ইনিংসে কালির পরের ছোপটা ৫৩ রানে। এবার বোলার শাহাদাত, ফিল্ডার সেই রকিবুলই। পার্থক্য, এবারের ক্যাচটা ছিল অনেক কঠিন।সাকিবকে তিন বলের মধ্যে ছয়-চার মেরে মাত্রই ডানা মেলতে শুরু করেছিলেন টেন্ডুলকার। সেই ওভারেই প্যাডের বল ফ্লিক করে মিড উইকেটে ‘নরম মৃত্যু’ তাঁকে মানবীয় মনে করাল। ক্রিকেট যে সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানকেও তার দুর্বোধ্যতার সঙ্গে মাঝেমধ্যে পরিচয় করিয়ে দিতে চায়। এই সিরিজে যেমন নিয়মিতই তা করিয়ে যাচ্ছে বীরেন্দর শেবাগকে। পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি আছে, শ্রীলঙ্কার বিপক্ষে ২৯৩, টেস্টে ডাবল সেঞ্চুরি ৬টি। অথচ ‘অর্ডিনারি’ বাংলাদেশের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি সোনার হরিণ হয়েই আছে শেবাগের কাছে। এবার ৫৬ করে শাহাদাতের বাউন্সারের শিকার।‘বাউন্সারের শিকার’ কথাটা অবশ্য সবচেয়ে বেশি যায় গৌতম গম্ভীরের বেলায়। আগের পাঁচ টেস্টে সেঞ্চুরি, এখানে আরেকটি করলে স্যার ডনের পাশে বসে যান। স্যার ডন দূরেই থাকলেন। টানা ১১ টেস্টে হাফ সেঞ্চুরি করে গম্ভীর বসতে পারলেন শুধু ভিভ রিচার্ডসের পাশে। কারণটা তরুণ শফিউলের হাত থেকে বেরোনো শরীরমুখী দুর্দান্ত এক বাউন্সার। শফিউলের জন্মদিনে কেউ কোনো উপহার দিতে চাইলে শূন্যে লাফানো গম্ভীরের এলোমেলো ওই ছবির ভিডিওটা জোগাড় করতে পারেন। শফিউলের জন্য দারুণ এক উপহার হবে।বৃত্তের প্রেক্ষাপটে দেখলে এই টেস্ট ম্যাচে নাটকীয় কিছু ঘটার সম্ভাবনার মৃত্যুদিবস ছিল কাল। দিন শেষে হাতে ৫ উইকেট নিয়ে ভারত ২২৬ রানে এগিয়ে। ধোনির দলকে আবার ব্যাট করানোটাকেই মনে হচ্ছে বাংলাদেশের সাধ্যের অতীত। তার পরও ৩৯০ রান আর ৫ উইকেট যা বলে, দিনটি তেমন ছিল না। ছিল টেস্ট ক্রিকেটের রোমাঞ্চের পসরা সাজানো এক দিন। স্কোরকার্ডের কথা বলছেন? ধুর, ওটা একটা আস্ত গাধা!