শচীনের জন্য ধানুশের গান
‘কোলাভেরি ডি’ গানটি তুমুল জনপ্রিয়তা পাওয়ায় রাতারাতিই তারকাখ্যাতি পেয়ে গেছেন তামিল অভিনেতা ও কণ্ঠশিল্পী ধানুশ। গানটির ব্যাপক জনপ্রিয়তার রেশ ধরে এবার ক্রিকেটার শচীন টেন্ডুলকারের জন্য গাইলেন ২৮ বছর বয়সী এই প্রতিভাবান শিল্পী। তাঁর কণ্ঠের এই গান ব্যবহূত হয়েছে বুস্ট পণ্যের মিউজিক ভিডিওতে।‘বুস্টের বিজ্ঞাপনচিত্রে ভারতের গর্ব শচীন টেন্ডুলকারের জন্য গাইতে পেরে খুবই সম্মানিত বোধ করছি। এমন একটি কাজের সুযোগ দেওয়ায় আমি মহা খুশি। এই কাজের প্রস্তাব পাওয়ার পর কোনো কিছু না ভেবেই রাজি হয়ে গেছি। আমার শুধু মনে হচ্ছিল, যে করেই হোক এই কাজ আমাকে করতে হবে। অনেক খাটা-খাটুনি করে গানটি শেষ করেছি। আশা করছি, সবাই এটা উপভোগ করবেন।’ এক খবরে ধানুশের এ বক্তব্য প্রকাশ করেছে জি নিউজ।ধানুশ আরও বলেছেন, ‘এখন পর্যন্ত শচীনের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়নি। জানি না, তিনি আমাকে চেনেন কি না। এও জানি না, আমি যে তাঁর জন্য গান গেয়েছি সেটা তিনি জেনেছেন কি না। শচীন আমার এ গান পছন্দ করলেই পরিশ্রম সার্থক হবে। আমি এই গান শুধু শচীন ও তাঁর ভক্তদের জন্যই করেছি।’ এ গানটি কোলাভেরি ডি গানের জনপ্রিয়তার সঙ্গে তাল মেলাতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের জামাতা ধানুশ বলেছেন, ‘আসলে জনপ্রিয়তার পেছনে আমি ছুটতে চাই না। আমি কঠোর পরিশ্রমে বিশ্বাসী। সব সময় নিজের সেরা কাজটিই দেওয়ার চেষ্টা করি। এই গানেও তার ব্যতিক্রম হয়নি।’ইতিমধ্যেই হায়দরাবাদের বিভিন্ন লোকেশনে গানটির দৃশ্য ধারণ করা হয়েছে। শিগগিরই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এটির প্রচার শুরু হবে।