শচীনের ডায়েরি থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ ফেব্রুয়ারি ২০১০ বুধবারস্থান: রূপ সিং স্টেডিয়াম, গোয়ালিয়র, ভারত।অবশেষে এখানে এসে এমএসের (ধোনি) টস-ভাগ্যটা খুলল। দুটো টেস্ট থেকে শুরু করে ওয়ানডে সিরিজেও দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথের কাছে ও শুধু হেরেই চলেছিল। সিরিজে প্রথম টস জয়ে আমাদের সাজঘরটা তাই উত্ফুল্ল হয়ে উঠেছিল। আসলে ৫০ ওভার বোলিং-ফিল্ডিং করার পর ব্যাট করতে নামাটা খুব কষ্টসাধ্য বৈকি। আর দশটা একদিনের ম্যাচের মতো আজকেও বীরুই প্রথম স্টান্স নিচ্ছিল। প্রান্ত বদল হওয়ায় প্রথম ওভারেই কটা বল খেলার সুযোগ পেলাম। বলটা ব্যাটে খুব ভালো আসছিল প্রথম থেকেই। পরপর দুই বলে দুটো বাউন্ডারি পেয়ে গেলাম। বীরুকে ওভার শেষে ডেকে বললাম, ‘মনে হচ্ছে আজকের এই মাঠটা রানে ভরপুর।’ কিছুক্ষণ পরেই বীরু বাউন্ডারি সীমানায় ক্যাচ দিয়ে ফিরে গেল। আমি তখন মাঠের চারদিকে খেলে চলেছি ক্রিকেটের নানা রকমের শট। সবে ৩৭টি বল খেলেছি, এর মধ্যেই আমার অর্ধশত রান হয়ে গেল। ব্যাটে যেভাবে বল আসছে, তাতে সেঞ্চুরিটা না পাওয়ার কোনো কারণ দেখছি না। স্ট্রোকগুলোর মধ্যে কোনো ঝুঁকি থাকছে না। যে বলটা পেটাচ্ছি, দড়ির ওপারে গিয়ে আছড়ে পড়ছে।ইনিংসের তখন বুঝি মাঝামাঝি চলছে। ৯০টার মতো বল খেলেছি। ৪৬তম সেঞ্চুরিটা খুব মসৃণভাবে, নিষ্কলঙ্ক পথেই হয়ে গেল। এর সঙ্গে টেস্টের ৪৭টি যোগ দিলে আন্তর্জাতিক ক্রিকেটে ৯৩তম। চরম প্রাপ্তিতেও আমার আবার অতখানি উচ্ছ্বাস প্রকাশ করার স্বভাব নয়। ব্যাটটা উঁচিয়ে মাঠের চারদিকে ঘুরিয়ে দিলাম গ্যালারি আর টিভির কোটি কোটি ভক্তের উদ্দেশে। উচ্ছ্বসিত হওয়ার জন্য ওরাই তো রয়েছে। আজকে কি কিছু একটা হয়ে যাবে আমার হাত দিয়ে, যা আগে কখনো হয়নি? এক শ বিশ-ত্রিশ রান করার পর থেকেই মনের কোণে একটা সম্ভাবনা উঁকি দিচ্ছিল। অনেকগুলো ওভার এখনো পড়ে রয়েছে যে!বীরু একবার বলেছিল বটে, একদিনের খেলায় ওর পক্ষে ডাবল সেঞ্চুরি করা সম্ভব। আমার আবার আগাম কিছু বলার ধাত নেই। আমি ভূরিভোজন শেষে হাত আঁচানোর পরে ‘খেয়েছি’ বলায় বিশ্বাসী। বীরুর স্বপ্নটা কি বিধাতা আজ আমার হাত দিয়ে পূরণ করিয়ে নেবেন?এর মধ্যে মুণ্ডিত মাথার চার্ল ল্যাঙ্গেভেল্ট আমার একটি বল ধরতে গিয়ে ভ্রুতে লাগিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে ফেলল। ভাগ্যিস, চোখে লাগেনি। ভেতরে ভেতরে আমার খুব অস্বস্তি হচ্ছিল। ইচ্ছা হচ্ছিল কাছে গিয়ে ওকে বলি, কী দরকার ছিল তোমার ওভাবে বলটাকে ঝুঁকি নিয়ে ধরতে যাওয়ার? খুব কি কষ্ট হচ্ছে? কিন্তু মাঠে পাছে প্রতিদ্বন্দ্বিতার আমেজটা নষ্ট হয়ে যায়, তাই চেহারায় একটা ঔদাসীন্যের ভাব এনে দাঁড়িয়ে থাকি ক্রিজের পাশেই। ১৯৪ রানের জুটি গড়ার পর দীনেশটাও ফিরে গেল।দেখতে দেখতে ৩৮তম ওভারে দেড় শ হয়ে গেল আমার। ১২টি ওভার হাতে রয়েছে, এর মধ্যে আরও ৫০টি রান হবে না? যুবির অনুপস্থিতিতে ইউসুফও কিছু রান করে ফিরে গেছে সাজঘরে। চলে এসেছে এমএস। আজকে দলের সবাই ব্যাট হাতে আক্রমণাত্মক খেলছে। মজবুত ভিত আর ব্যাটিং উপযোগী মাঠ পেয়ে সবাই আজ খ্যাপা বাউল।একদিনের ক্রিকেটে এর আগেও দ্বিশতকের কাছাকাছি গিয়েছি। ১৯৯৯ সালে হায়দরাবাদে কিউইদের বিপক্ষে ১৮৬ রান করে অপরাজিত ছিলাম। দ্বিশত করতে ক্রিস কেয়ার্নসের শেষ ৪ বলে চারটি বাউন্ডারি হাঁকাতে হতো। সেদিন তা করা হয়নি। আজ কখন পেরিয়ে গেছি নিজের সর্বোচ্চ রানটা, খেয়ালই করিনি। একে একে পেরিয়ে গেছি কোচ গ্যারি কারস্টেন (১৮৮), সনাত্ জয়াসুরিয়া (১৮৯) আর ভিভ রিচার্ডসকে (১৮৯*)। এবার আরও পাঁচটি রান নিয়ে চলে এসেছি সাঈদ আনোয়ার আর চার্লস কভেন্ট্রির (১৯৪*) সমান্তরালে। সাঈদের ইনিংসটা তো আমি মাঠেই প্রত্যক্ষ করেছিলাম আজ থেকে ১৩ বছর আগে।ইনিংসের ৪৬তম ওভার চলছে। আমার নামের পাশে এবার লেখা হলো ১৯৫ রান। বিশ্ব রেকর্ড। জানি, এবার পুরোনো রেকর্ড ধুয়ে-মুছে লেখা হবে আমার নাম। কিছুটা অবসাদ ততক্ষণে আমার শরীরে ভর করেছে। তাই আমাকে দর্শক বানিয়ে এমএস সব বল প্রায় একাই খেলে যাচ্ছে। চার আর ছয়ের ফুলঝুরি। আমি তখন নিজেকে গুটিয়ে নিয়েছি। এমএসের দেখতে দেখতে ৫০ হয়ে গেল; প্রতিটি বলেই ও খুনির মেজাজে গদার মতো ব্যাট চালাচ্ছে।পুরো স্টেডিয়াম উন্মাতাল। মাঠের বাইরে দেশ-বিদেশের শত কোটি ভক্তের উত্কণ্ঠাও তখন আমি বেশ উপলব্ধি করতে পারছি। তথাপি আমি বুদ্ধের মতো মনটাকে শান্ত রাখতে চাইছি। চিত্তচাঞ্চল্য এলেই বরং পা ফসকানোর আশঙ্কা। ইনিংসের শেষ ওভার চলছে তখন। এমএস ততক্ষণে প্রতিটি বলকে সীমানা পার করিয়ে দলীয় রান ৪০০ অতিক্রম করানোর মিশনে নেমেছে। ১৪৬ বল খেলে আমি তখন ১৯৯ রানে। গোটা স্টেডিয়ামের দর্শকের ভয়ংকর সমবেত নিনাদে আমার তখন কান ঝালাপালা হওয়ার জোগাড়। সাজঘরের দিকে তাকিয়ে দেখি, বীরু তখন সবার সামনে হাসতে হাসতে করতালি দিচ্ছে। গ্যারিটাও খুব হাসছে। ওর কি একটুও কষ্ট হচ্ছে না ওর দেশের বিরুদ্ধে, ওদেরই দলের বিরুদ্ধে রেকর্ডটা খেলা হচ্ছে বলে? চূড়ান্ত পেশাদার কোচ হিসেবেও মাঠে আমাদের সঙ্গে মন-প্রাণ ঢেলে দেয় গ্যারি।এমএস ব্যাট চালাল। বাউন্ডারি লাইনে শ্মশ্রুধারী হাশিম আমলা দারুণ ফিল্ডিং করে এক রানের বেশি আমাদের নিতে দিল না। উত্কণ্ঠার সঙ্গে এখন সবার মনে যোগ দিয়েছে চূড়ান্ত রোমাঞ্চ, শেষ পর্যন্ত আমি স্ট্রাইক পেয়েছি বলে। আমি জানতাম, একটা বলই আমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যথেষ্ট। ওভারের তৃতীয় বল। আহত বোলার ল্যাঙ্গেভেল্টের বলটা ব্যাকওয়ার্ড পয়েন্টে আস্তে করে ঠেলে দিয়েই একটি রান। ২০০। আমার নামের পাশে এখন অপরাজিত ২০০ রান। এমএস দৌড়ে এসে আমাকে বুকে জড়িয়ে ধরল। আহ, এ যে পরিপূর্ণ তৃপ্তির আনন্দ! এমএস আমাকে আর কোনো বলই খেলতে দেয়নি। আমারও ইচ্ছে হচ্ছিল না খেলার। ১৪৭ বলে ২৫টি চার আর ৩টি ছয়ের সমাহারে ২০০ রানের অপরাস্ত ইনিংস। কেউ কেউ বলছেন মহাকাব্যিক। পরিসংখ্যানবিদেরা জানালেন, জয়াসুরিয়ার এক ইনিংসে সর্বোচ্চ ২৪টি বাউন্ডারির রেকর্ডও গেছে ভেঙে। এ যে মানুষ হয়ে মানবজাতির পক্ষেই বিজয়তিলক ললাটে আঁকা। বিধাতা আমাকেই প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছেন ক্রিকেটারদের মধ্যে প্রথম ২০০ রানের মালিক করবেন বলে।এই ক্লান্ত, অবসন্ন দেহে আজ আর ফিল্ডিং করতে নামব না। আমি ভেসে যাচ্ছি অভিনন্দনের জোয়ারে। চারদিকে আনন্দ আর উল্লাস। ভেসে যাচ্ছি শুভেচ্ছা আর ভালোবাসার তোড়ে। এই প্রথম সবাই প্রত্যক্ষ করল একদিনের ক্রিকেটে দ্বিশত রান। ঘুচে গেল একদিনের ক্রিকেটের অপূর্ণতা। যেন অবসান ঘটল অহল্যার দীর্ঘ প্রতীক্ষার। আমি তখনো উল্লাসে শূন্যে লাফিয়ে উঠিনি। শুধু দু হাত দু দিকে প্রসারিত করে আকাশের দিকে দুই চোখ মুদে মুখটা তুলেছিলাম মাত্র, যেখানে রয়েছেন আমার স্বর্গত পিতৃদেব। মাঠের ও টিভির অসংখ্য ক্রিকেটানুরাগী যদি বলে, এই ব্যাটিং-তাণ্ডব দেখে আমাদের নয়ন-মন সার্থক, পরিপূর্ণ তৃপ্ত, তাতেই আমার সার্থকতা। তাতেই আমি আনন্দিত, আজকের এই পূর্ণতার আনন্দযজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করতে পেরেছি বলে। দুঃখ-দারিদ্র্যে ভরা এই পৃথিবীতে কোটি কোটি প্রাণে কিছু সময়ের জন্য এই ইনিংস আনন্দজাগানিয়া হয়ে থাকুক।