এদিন তিনি মাত্র দুটি রান করেছেন। খেলেছেন মাত্র একটি ওভার। কিন্তু তাঁর খেলা ওই একটি ওভারের ক্রিকেটই হয়ে রইল সারা দিনের খেলার সবচেয়ে চমকপ্রদ, ক্রিকেটীয় মাধুর্যে সবচেয়ে উজ্জ্বলতম অধ্যায়। ক্রিকেটকে যাঁরা চিত্তশুদ্ধির বাহন হিসেবে দেখেন, দেখেন শিষ্টাচারের সমাজ শোভন সংস্কৃতির প্রতিযোগিতা হিসেবে, তাঁদের জন্য ওই একটি ওভারের ক্রিকেট ছিল অত্যন্ত উপাদেয়।চেন্নাইতে গত পরশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের জয়ে শচীন টেন্ডুলকারের ২ রান কোনো বিশেষ ভূমিকা রাখেনি। বরং তাঁর প্রথম ওভারে প্রস্থান মাঠভরা দর্শকের সারা দিনের ক্রিকেট আনন্দকেই সকাল সকাল নিষ্প্রভ করে দিয়েছিল অনেকটাই। দর্শকদের জন্য সেটা ছিল ক্ষণিকের হতাশা। মুহূর্তে সে শোক সংবরণ করে মাঠের দর্শকই শুধু নয়, বিশ্বজোড়া মহৎ ক্রিকেটের চাতকেরা অনুভব করলেন নান্দনিক ক্রিকেটের গৌরবদীপ্ত এক পলক। খেলোয়াড়ি সততায়, সহজাত চারিত্রিক বৈশিষ্ট্যে ক্রিকেটকে আরেকটু এগিয়ে দিয়ে ‘ওয়াক’ ধরলেন ভারতীয় ক্রিকেটের নন, বিশ্ব ক্রীড়াঙ্গনের আনন্দনন্দন। আমরা আশা করেছিলাম, তিনি এদিন তাঁর শততম শতকটি করতে পারেন। আশা করেছিলাম, নিদেনপক্ষে একদিবসী ক্রিকেটে ১৮ হাজার রান পূর্ণ করবেন। ওসব কিছুই এদিন হলো না বটে, তবে যোগ করে গেলেন ক্রিকেটের ঐতিহ্যে আরেকটু ভিন্ন রঙের উজ্জ্বলতা। টেন্ডুলকার কেন বড়, কেন মহান? কেন ক্রমেই চূড়া থেকে চূড়ায় তাঁর বিচরণ? তাঁর সামর্থ্যের অন্যতম এক উৎসকেই যেন আমরা এদিন ফিরে দেখলাম। কাজটা তিনি আগেও করেছেন।খুবই উপভোগ্য ছিল এদিনের প্রথম ওভারটি। এবারের বিশ্বকাপে প্রথম বল ধরতে এলেন রবি রামপল। কেমার রোচ খেলছেন না। রামপলের হাতে নতুন বল। প্রথম বলেই তিনি ক্যারিবীয় গতির ঐতিহ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ওয়েসলি হল থেকে কোর্টনি ওয়ালশের গতির গরিমা তাঁর হাতের মুঠোয়। প্রথম বলেই ক্ষিপ্ত বাউন্সার। স্ট্রাইকে গৌতম গম্ভীর, বল তাঁর মাথার ওপর দিয়ে উল্লম্ফনে টমাসের বাড়ানো হাতের ওপর দিয়ে এক ড্রপে সীমানা পার। ওয়াইড থেকে পাঁচ। পরের বল যথাযথ লেন্থে। ডিফেন্স করলেন গম্ভীর। পরের বলে সিঙ্গেল, প্রান্ত বদল। স্ট্রাইকে এলেন শচীন, স্কোয়ার লেগে শৈল্পিক ফ্লিক, ২ রান এল। পরের বল ডট। আর শেষ বলেই এক অসম্ভব সুন্দর গতির কারুকাজ রামপলের। গুড লেন্থ থেকে খাঁড়া সিম যেন মাটি ছুঁয়ে উঠতে উঠতে সামান্য বাঁক নিল ব্যাটসম্যানের শরীরের দিকে। গতিটা একটু বেশি, বাউন্সটাও। শচীনের ব্যাটের নেমে আসাকে ফাঁকি দিয়ে ব্যাট ও শরীরের মাঝখান দিয়ে টমাসের গ্লাভসে জমা পড়ল বল। ব্যাটের কানায় লাগল কি না, বোঝা গেল না। রামপলের আবেদন। আম্পায়ার স্টিভ ডেভিসের ‘না’। সঙ্গে সঙ্গে বোলারের রিভিউ। এদিকে এসব আবেদন-নিবেদনের কিছুই দেখেননি শচীন। হাঁটা ধরেছেন সাজঘরের দিকে। রিভিউয়ের ফলাফল পেয়ে ডেভিস যখন সিদ্ধান্ত পাল্টে আঙুল ওঠালেন, তখন প্রায় প্রান্তরজ্জু ছুঁয়েছেন। আম্পায়ারকে বিভ্রান্ত করা বলের ব্যাটে হালকা চুমু ব্যাটধারী ঠিকই টের পান। টের পেয়ে কেউ হাঁটেন, কেউ হাঁটেন না। শচীনরা এক দলে, পন্টিংরা আরেক দলে। রামপলদের শ্রদ্ধার করতালি শচীনদের দিকেই যায়।