শজনে: সবজি ও ভেষজ-স্বজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ দিবস তো কবেই পেরিয়ে গেছে। ফেব্রুয়ারির সঙ্গে গ্রন্থমেলাও এখন স্মৃতি। এখন শহীদ মিনারের দিকটা বেশ নিরিবিলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার পার হয়ে আসতেই চোখে পড়ল ফুলে ফুলে শুভ্র হয়ে থাকা শজনের শাখা। মেডিকেল সেন্টার ভবনের পেছনে। গাছটি প্রাচীরের আড়ালে। শাখাগুলো প্রাচীরে ছাপিয়ে উঠেছে। কোনো কোনো গাছে শজনে ফুলে একটু গোলাপি রঙের ছোঁয়াও থাকে, তবে এগুলো একেবারে বকের মতো সাদা। নতুন ফিকে সবুজ পাতার পটভূমিতে অজস্র ফুল চোখে প্রশান্তির স্নিগ্ধতা বুলিয়ে দেয়। ঝিরঝিরে হাওয়া উঠলে হয়তো তাদের মৃদু সৌরভও ভেসে আসবে। কিন্তু সে জন্য অপেক্ষার সুযোগ কোথায়! চকিতে পথের ধারে শজিনার শোভা যে একঝলক দেখে নেওয়া গেল, তা-ই তো অনেক। কারণ অচিরেই তার এই রূপ বদলে যাবে। সেই যে কবি আবু জাফর ওবায়দুল্লাহ যেমন লিখেছিলেন, তেমনি সরু ডাঁটায় ভরে উঠবে শজনে শাখা। শজনে, শজনা, শাজিনা—এসব নামেই উদ্ভিদটি দেশের প্রায় সব অঞ্চলে কমবেশি ছড়িয়ে আছে বসতবাড়ির আশপাশে। শজনের ফুল ও ডাঁটা সবজি হিসেবে উপাদেয় এবং জনপ্রিয়ও বটে। সে কারণেই গৃহাঙ্গনে তার সমাদৃত উপস্থিতি। তবে দেশের উত্তরাঞ্চলে তুলনামূলক বেশি। মাঝারি আকারের গাছ। উচ্চতা গড়পড়তা ৯-১০ মিটার। বাকল পুরু। তাতে তিলের মতো ফুটকি থাকে। শাখা-কাণ্ড নরম। এ জন্য কোনো দারুমূল্য নেই। পাতা ত্রিপক্ষল যৌগিক। বছরে বার দু-এক ফুল আসে তবে বসন্তপ্রধান প্রস্ফুটনকাল। ডাঁটাগুলো ৩০-৪০ সে.মি.পর্যন্ত লম্বা হয়। ভেতরে ত্রিকোণাকৃতির বীজ। সাধারণত শাখা কেটে রোপণ করার মাধ্যমেই শজনের বংশবিস্তার করা হয়। এর বৈজ্ঞানিক নাম Moringa olifera.শজনে সবজি হিসেবে যেমন উপাদেয়, এর ভেষজগুণও তেমন অসাধারণ। যদি সবজি হিসেব ব্যবহার করা না-ও যেত, তবুও কেবল ঔষধি গুণের কারণেই এই উদ্ভিদটি মূল্যবান বলে বিবেচিত হতো। মৌসুমি নানা রোগব্যাধির নিরাময় ও শরীরে এসব রোগের প্রতিরোধক শক্তি বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর। বিশেষ করে বসন্ত, জন্ডিস, মূত্রসংক্রান্ত সমস্যায় বহু প্রাচীনকাল থেকে শজনেগাছের নানা অংশের ব্যবহার করে আসছেন ইউনানি ও আয়ুর্বেদ চিকিৎসকেরা।রোগ অনুসারে ব্যবহারবিধি: রোগ অনুসারে শজনের ব্যবহারবিধি জানিয়েছেন দেশের প্রাচীন ইউনানি চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান তিব্বিয়া হাবিবিয়া কলেজের শিক্ষক হাকিম ফেরদৌস ওয়াহিদ। তিনি বললেন, রোগে আক্রান্ত হয়ে চিকিৎসায় নিরাময় লাভের চেয়ে রোগাক্রান্ত না হওয়ার চেষ্টা কারাই উত্তম। দেহে রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে দেশের মৌসুমি ফল, শাকসবজি সহায়তা করে। শজনের ফুল ও কচিপাতার অল্প আঁচে তেলে ভেজে বা সজনে ডাঁটার তরকারি ক্ষুধাবৃদ্ধি, হজমে সহায়তা ও পিত্তপ্রশমক ও বসন্তকালীন ঠান্ডাজ্বর ও বসন্ত রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে। চিকিৎসা হিসেবে মূত্রস্বল্পতা বা এ-সংক্রান্ত সমস্যায় দুই চামচ পাতার রস সমপরিমাণ পানিতে মিশিয়ে দুই বেলা দুই সপ্তাহ সেবনে ফল পাওয়া যায়। এ ছাড়া নিসিন্দার পাতা ও রসুনের সঙ্গে সমপরিমাণ গাছের ছাল বেটে প্রলেপ দিলে আর্থ্রাইটিস রোগের ব্যথা ও ফোলা নিরাময় হয়। এ ছাড়া বাতের ব্যথায় সমপরিমাণ রসুন ও ছালের রস সরিষার তেলে মিশিয়ে গরম করে নিয়মিত মালিশ দিলে ব্যথা নিরাময় হয়। প্লিহা বৃদ্ধিতে তিন চামচ করে মূলের রস সকালে দীর্ঘমেয়াদে সেবন করলে উপকার পাওয়া যায়। এ ছাড়া বিভিন্ন রোগের ওষুধের উপকরণ হিসেবে শজনের ছাল, পাতা ও মূলের নির্যাস ব্যবহূত হয়। এ শহরে শজনেগাছ তেমন সহজলভ্য নয়। তবে সারা দেশেই গাছটি আছে। চাইলে ঠেকা-বেঠেকায় এর ঔষধিগুণও কাজে লাগাতে পারবেন আগ্রহী ব্যক্তিরা।