‘আমার কষ্ট আইজ সার্থক হইছে। আমি খুব খুশি হইছি। আমার দুইডা ছেলে-মায়াই মেট্রিক পরীক্ষায় বালাভাবে পাস দিছে। সেই জন্য আল্লার কাছে আমার লাক লাক শুকরিয়া। কিন্তু এহন আমার দুইডা ছেলে-মাইয়ার পড়ার খরচ চালাইব কেডা? এই দুইডা ছেলে-মাইয়ার পড়ালেহা কি আর হইব না বাজান?’ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচং গ্রামের টং দোকানি হতদরিদ্র সাহেদা বেগমের (৪২) দুই ছেলেমেয়ে শত অভাব-অনটনের মধ্যেও এ বছর এসএসসি পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হওয়ার পর তাদের ভবিষ্যৎ লেখাপড়া নিয়ে সম্প্রতি প্রথম আলোর কাছে এভাবেই উদ্বেগের কথা জানিয়েছেন তিনি।সাহেদা বেগমের ছেলে আনোয়ার হোসেন এবং মেয়ে হাসি বেগম এ বছর ভোলাচং উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। ফলাফল ঘোষণার পর জানা গেল, আনোয়ার হোসেন ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ৩ দশমিক ৬২ এবং হাসি বেগম বিজ্ঞান বিভাগ থেকে ৪ দশমিক ০১ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তাদের দুই ভাইবোনের সাফল্যে স্কুলের শিক্ষকসহ গ্রামবাসীও খুশি হয়েছেন। কিন্তু তাদের ভবিষ্যৎ লেখাপড়া নিয়ে অনেকেই উদ্বিগ্ন।আনোয়ার হোসেন ও হাসি বেগম বলে, ‘আম্মা অনেক কষ্ট কইরা একটা ছোট্ট টং দোকানের সামান্য আয় দিয়া সংসার চালাইয়াও আমাদের লেখাপড়া করাইতেছেন। আমরা আরও লেখাপড়া করতে চাই। কিন্তু মনে হয় টাকার অভাবে হয়তো আমাদের আর লেখাপড়া করা হবে না। কারণ, আম্মার সামান্য আয়ে এখন আমাদের সংসারই ঠিকমতন চলে না। লেখাপড়ার খরচ পামু কোথায়? কিন্তু আমরা আরও লেখাপড়া করতে চাই।’তবে আনোয়ার হোসেন জানায়, টাকার অভাবে নিজের আর লেখাপড়া না হলেও বোন হাসির উচ্চশিক্ষার জন্য যা যা করা দরকার, তার সব চেষ্টাই করে যাবে সে।ভোলাচং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন বলেন, ‘শত অভাব-অনটনের মধ্যেও খেয়ে না-খেয়ে ছেলেমেয়ে দুটি আমার স্কুলে পড়েছে। তাদের মায়ের কারণেই তারা আজ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে। তবে একটু আর্থিক সহযোগিতা পেলে তারা আরও ভালো করতে পারত এবং ইনশা আল্লাহ পারবেও।’ সাহেদার স্বামী বাছির মিয়া ভ্যানগাড়ি চালিয়ে সংসার চালাতেন। এখন অসুস্থ। তাই সংসারের হাল ধরতে এবং পাঁচ ছেলেমেয়ের পড়াশোনার খরচ চালাতে ধারদেনা করে বাড়ির পাশে একটি ছোট্ট টং দোকান দিয়ে নিজেই সংসারের হাল ধরেছেন। ভোর থেকে রাত পর্যন্ত ওই টং দোকানে চকলেট ও বিস্কুটজাতীয় দ্রব্য বিক্রি করে প্রতিদিন ৭০ থেকে ৮০ টাকা আয় হয়। আর সেই আয় দিয়েই ছেলেমেয়েদের পড়ার যাবতীয় খরচসহ সংসার চালাতে হয় তাঁকে।এই হতদরিদ্র সাহেদা বেগম এবং আরেক অসহায় ও দরিদ্র উদ্যমী মা জামেনা বেগম ও তাঁদের সন্তানদের লেখাপড়ার হালচাল নিয়ে গত ২৩ মার্চ নারীমঞ্চ পাতায় ‘শত কষ্টেও সন্তানদের পড়িয়েছেন’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।