শত কষ্টেও সন্তানদের পড়িয়েছেন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)একজনের স্বামী ভ্যানগাড়ি চালিয়ে সংসার চালাতেন। এখন অসুস্থ। তাই সংসারের হাল ধরতে ও পাঁচ ছেলেমেয়ের পড়াশোনার খরচ চালাতে ধারদেনা করে বাড়ির পাশে একটি ছোট্ট টং-দোকান দিয়ে নিজেই সংসারের হাল ধরেছেন সাহেদা বেগম (৪২)। ভোর থেকে রাত পর্যন্ত ওই টং-দোকানে চকলেট-বিস্কুট বিক্রি করে প্রতিদিন ৭০-৮০ টাকা আয় হয়। আর সেই আয় দিয়েই ছেলেমেয়েদের যাবতীয় পড়ার খরচসহ সংসার চালাতে হয় সাহেদা বেগমকে। তাঁর এক ছেলে ও এক মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। বাকিরা পড়াশোনা করছে। সবাই মেধাবী।অন্যজনের স্বামী বয়াতি (বাউল গায়ক)। তিন বছর ধরে স্বামী সংসারের খোঁজখবর নেন না। তাই সংসারের হাল ধরতে ও পাঁচ ছেলেমেয়ের লেখাপড়ার খরচ জোগাতে একটি সেলাই মেশিন জোগাড় করে সংগ্রামে নেমে পড়েন জামেনা বেগম (৩৫)। বাড়ি বাড়ি ঘুরে বিভিন্ন পোশাকের অর্ডার সংগ্রহ করে যা আয় হয়, তা দিয়েই কোনো রকমে জীবিকা নির্বাহ করেন জামেনা। তাই বলে সন্তানদের লেখাপড়া বন্ধ করেননি তিনি। তারও দুই সন্তান মেধাবী। বড় মেয়ে এ বছর এসএসসি পরীক্ষার্থী। ক্লাসের সেকেন্ড গার্ল। আর বড় ছেলে সপ্তম শ্রেণীর ফার্স্ট বয়। এ দুই সংগ্রামী নারী এভাবেই দারিদ্র্যকে পেছনে ঠেলে সন্তানদের পড়ালেখার দায়িত্ব কাঁধে নিয়ে জীবনসংগ্রামে এগিয়ে চলেছেন।ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচং গ্রামের এ দুই দরিদ্র মাকে ‘উদ্যমী মা’ হিসেবে অভিহিত করে গত ১৮ মার্চ এক ব্যতিক্রমী অনুষ্ঠানে ‘উদ্যমী মা সম্মাননা’ দেওয়া হয়েছে। স্থানীয় গুঞ্জন পাঠাগারের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পাঠাগারের উদ্যোগে ওই দুই মাকে এ সম্মাননা দেওয়া হয়। পাঠাগারের ভূমিদাতা রাজিয়া খাতুনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী একরামুল হক। অনুষ্ঠানের দুই দিন পর গত রোববার ভোলাচং গ্রামে গিয়ে দেখা যায়, ভোলাচং উচ্চবিদ্যালয়ের পেছনে ছোট্ট একটি টং-দোকানে বসে সামান্য কিছু মালামাল নিয়ে দোকানদারি করছেন মা সাহেদা বেগম। এ সময় ছোট ছোট ছেলেমেয়েকে ওই টং-দোকান থেকে চকলেট, বিস্কুট কিনে নিয়ে যেতে দেখা যায়। এ সময় কথা হয় সাহেদা বেগমের সঙ্গে। সংসারের ঘানি আর টানতে পারছেন না উল্লেখ করে সাহেদা বেগম বললেন, ‘আল্লায় আমারে তিনডা ছেলে আর দুইডা মাইয়া দিছে। এর মইদ্যে বড় দুইডা ছেলেমেয়ে এই বছর মেট্টিক পরীক্ষা দিছে। পোলাডা পরীক্ষা দিয়াই বাউনবাইরা (ব্রাহ্মণবাড়িয়া) একটা ঔষধের দোকানে বিনা পয়সায় পেডেভাতে ঔষধ বেচন শিখতাছে। আর মাইয়াডা বাড়িতই আছে। এ ছাড়া আর একটা পোলা নাইনে আর একটা মাইয়া ফাইবে পড়তাছে। কিন্তু এই টং-দোকান থাইক্যা প্রতিদিন যেই ৭০-৮০ টাকা আয় হয়, তা দিয়া কুনুভাবেই সংসার আর পোলা-মাইয়ারার লেহাপড়ার খরচ জোগান দিতে পারতেছি না। এদিকে বড় পোলা-মাইয়াডা পরীক্ষায় বালা পাস দিলে বাইরে যে কীভাবে পড়ামু, হেইডা একমাত্র আল্লাই জানে।’টং-দোকান থেকে একটু দূরে অবস্থিত সাহেদা বেগমের ছোট্ট বসতঘরে গিয়ে দেখা যায়, বাড়ির ভাঙাচোরা একটি রান্নাঘরে তাঁর বড় মেয়ে হাসি বেগম (১৭) দুপুরের রান্না করছে। এ সময় হাসি জানায়, ‘বাজান ভ্যানগাড়ি চালাইত। কিন্তু অসুস্থ হইবার পর থাইক্যা বাজান ঠিকভাবে আর গাড়ি চালাইতে পারে না। তাই মায়ের সামান্য রোজগারে সংসার আর ভাইবোনদের পড়ার খরচ চালাইতে আমাদের বড় কষ্ট হয়। তবে স্কুলের স্যার আর গ্রামের দিকদর্শন কোচিং সেন্টারের স্যারদের সহযোগিতা না পেলে আমাদের দুই ভাইবোনদের হয়তো মেট্রিক পরীক্ষা দেওয়াই হতো না। জানি না, এসএসসি পরীক্ষায় পাস করার পর আমাদের দুই ভাইবোনের আর লেখাপড়া হইব কি না?’গ্রামের কলোনিপাড়ায় বাস করেন জামেনা বেগম। দুপুরে তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরে একা বসে নিবিষ্ট মনে সেলাইকাজ করছেন। এ সময় এই প্রতিনিধিকে দেখেই চমকে ওঠেন। তিনি বলেন, ‘আমার স্বামী বয়াতি। দেশে দেশে বাউল গান কইরা ঘুইরা বেড়ান। সংসারে তেমন মন নাই। বছর তিনেক ধইরা অনেকটা সংসারছাড়া। আমার তিন ছেলে, দুই মেয়ের মইদ্যে বড় মাইয়াডা এই বছর মেট্টিক পরীক্ষা দিব। ক্লাসের এক নম্বর ছাত্রী। আর বড় ছেলেডাও সেভেনে পড়ে। রোল নাম্বার এক। বাকি তিনডাও ইস্কুলে পড়ে। কিন্তু সেলাইয়ের কাজ কইরা যেই পয়সা রোজগার করি, তা দিয়া এতগুলো ছেলে-মাইয়ারে ঠিকভাবে খাওয়নই দিতে পারি না। এরপর শত কষ্টের মইধ্যেও বাচ্চাগুলোরে লেহাপড়া চালাইয়া যাইতেছি। কিন্তু মাইয়াডা মেট্টিক পাস করলে হয়তো টেহার অভাবে আর পড়াইতেই পারুম না।’ জামেনার বড় মেয়ে দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী হেপি আক্তার জানায়, ‘আম্মার এত পরিশ্রম দেইখ্যা আমার বড় কষ্ট লাগে। আমাদের ভাইবোনদের লেখাপড়ার জন্য আম্মা কত কষ্ট করতাছে। লেখাপড়া শিখে ভবিষ্যতে আমার ডাক্তার হওনের ইচ্ছা আছে। তবে জানি না, আল্লা আমার সেই ইচ্ছা পূরণ করবেন কি না?’ভোলাচং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াসউদ্দিন ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক মন্তোষ চক্রবর্তী বলেন, ‘এই বিদ্যালয়ে পড়া এই দুই মায়ের প্রত্যেকটি ছেলেমেয়েই মেধাবী। আমাদের সবার চোখের সামনেই এ দুজন মা সন্তানদের লেখাপড়ার জন্য কী কষ্টটাই না করে যাচ্ছেন। আসলে এঁরাই হচ্ছেন সত্যিকারের রত্নগর্ভা মা।’ গত শুক্রবার গ্রামে সংবর্ধনা পাওয়ার পর দুই মা এখন গ্রামে বেশ আলোচিত। সংবর্ধনা সম্পর্কে সাহেদা বেগম ও জামেনা বেগম কান্নাজড়িত কণ্ঠে এ প্রতিনিধিকে বললেন, ‘জীবনেও ভাবি নাই আমরারে কেউ কুনুদিন এইভাবে ডাইক্যা নিয়া এই ধরনের সুন্দর অনুষ্ঠান কইরা সম্মান জানাইব। এই সম্মান পাওনের পর শত কষ্টের মইদ্যেও আমরার ছেলেমেয়েরার লেহাপড়া বন্দ করুম না। আপনেরা আমরার জইন্য দোয়া কইরেন।’সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী একরামুল হক বলেন, গুঞ্জন পাঠাগারকে অনুসরণ করে এমন মা খুঁজে খুঁজে বের করে এ ধরনের সম্মাননা ও স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিতে হবে সবাইকে।অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির এ টি এম রেজাউল করিম বলেন, ‘আমি এটিকে অনুসরণ করে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের আয়োজনের উদ্যোগ গ্রহণ করব।’অনুষ্ঠানের আয়োজক গুঞ্জন পাঠাগারের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান বলেন, ‘অসহায় ও দরিদ্র ওই দুই মায়ের অক্লান্ত পরিশ্রমের কারণেই তাঁদের তিন মেধাবী সন্তান এ বছর এসএসসি পরীক্ষা দিতে সক্ষম হয়েছে। বাকি সন্তানেরাও হাইস্কুলের মেধাবী শিক্ষার্থী। তাই ওই মাকে “উদ্যমী মা” হিসেবে অভিহিত করে সম্মাননা দেওয়ার চেষ্টা করেছি। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’