শত পদের ইফতারি বেইলি রোডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র মাহে রমজানের প্রথম ১০ দিন পেরিয়ে গেল। রমজান মাসের প্রথম দিনগুলোতে ইফতার, সেহিরর আয়োজন পরিকল্পনা—এসব বিষয়ই প্রধান হয়ে ওঠে। এরপর থেকে দিনে দিনে ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ততা বাড়লেও ইফতারের বিশেষ গুরুত্ব থেকেই যায় একেবারে মাসের শেষ দিনটি পর্যন্ত।রাজধানীতে পুরান ঢাকার ইফতারির ঐতিহ্য দীর্ঘকালের। চকবাজারে মসজিদের সামনের সড়কজুড়ে বিকেল থেকেই বসে যায় ইফতারির বিশাল বাজার। তবে শহরে যে যানজট, তাতে অনেকের পক্ষেই পুরান ঢাকায় গিয়ে সেই ইফতারি কেনার ইচ্ছে থাকলেও সম্ভব হয়ে ওঠে না। এ জন্য অনেক প্রতিষ্ঠানই নগরের বিভিন্ন এলাকায় পুরান ঢাকার ইফতারি নিয়ে রোজার শুরু থেকেই পসরা সাজিয়ে বসে। এর মধ্যে অনেক দিন থেকেই বেইলি রোডের ইফতারি ক্রেতাদের কাছে সমাদৃত হয়ে উঠেছে। বেইলি রোডের ইফতারির বাজারের মধ্যে অন্যতম প্রতিষ্ঠান ক্যাপিটাল ইফতারি বাজার। এবার তারা ইফতারির ১০০ উপকরণ নিয়ে এসেছে। গতকাল সোমবার ক্যাপিটালের ইফতারির বাজারে গিয়ে দেখা গেল, জাম্বো সাইজের মুরগির রোস্ট, খাসির পায়ের রোস্ট, মগজের ভুনা, ইলিশ মাছের পোলাও, সুতিকাবাব, ফিরনি, জিলাপি, হালিম মিলিয়ে শত পদের পসরা থেকে ক্রেতারা পছন্দমতো পদগুলো কোনাকাটায় ব্যস্ত। মিরপুর থেকে ইফতারি কিনতে এসেছিলেন আবদুল কাদের। জানালেন, সাধারণত বাড়িতেই ইফতারের আয়োজন হয়। তবে পুরান ঢাকার ইফতারি তাঁর খুবই পছন্দ। তাই রোজার মাসে এক দিন ক্যাপিটাল থেকে এবং এক দিন ভিড় ঠেলে চকবাজার গিয়ে ইফতারি কেনেন। এবার ইফতারির দাম বেশ চড়া বলেই তাঁর মনে হয়েছে।দাম সম্পর্কে ক্যাপিটালের স্বত্বাধিকারী জালাল উদ্দিন বললেন, কাঁচাবাজারের চড়া দামের সঙ্গে সমন্বয় করে তৈরি খাবারের দাম নির্ধারণ করতে তাঁরা হিমশিম খাচ্ছেন। দাম চড়া বলে তাঁদের বিক্রিও কমে গেছে। বেইলি রোডের ইফতারিতে ফখরুদ্দিনের ইফতারিও সমাদৃত। বিশেষ করে তাঁদের কাচ্চি বিরিয়ানি, গরুর তেহারি, হালিম, বোরহানি, কাবাব, দহিবড়া এসব পছন্দ করেন ক্রেতারা। বেইলি রোড়ে আরও কিছু খাবারের দোকান আছে, যেখানে পশ্চিমা খাবার বিক্রি হয়। ইফতারিতে যাঁরা একটু স্বাদ বদল করতে চান, তাঁরা এসব দোকানে আসেন। দরদাম যাই হোক, সারা দিন রোজার শেষে ইফতারির আয়োজনে সাধ্যমতো উপাদেয় খাবারের ব্যবস্থাই করতে সচেষ্ট থাকেন সবাই। তাই দিনের শেষ প্রান্তে ইফতারির দোকানে সেই চিরচেনা ভিড় লেগেই থাকে।