শত বছর পার হলেও বয়স্ক ভাতা পাচ্ছেন না ফুলজান বিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের হতদরিদ্র ফুলজান বিবি ১০০ বছর বয়স পার করলেও বয়স্ক ভাতা পাচ্ছেন না। ২০ অক্টোবর সকালে ফুলজান বিবি পাঁচ কিলোমিটার দূর থেকে বয়স্ক ভাতা নিতে আমতলী শহরের সোনালী ব্যাংকে আসেন। ব্যাংকে এসে জানতে পারেন, বয়স্ক ভাতা দেওয়ার তালিকায় তাঁর নাম নেই। এ খবর শুনে হাউমাউ করে কাঁদতে থাকেন এ বৃদ্ধা। যাকেই কাছে পেয়েছেন, তাকে ধরে জানতে চেয়েছেন, কেন তিনি বয়স্ক ভাতা পাবেন না। ফুলজান বিবি জানান, তাঁর স্বামী খোর্শেদ মিয়া মারা গেছেন প্রায় ৪০ বছর আগে। তিনি এক ছেলে ও পাঁচ কন্যার জননী। ছেলেমেয়েরা তাঁর খোঁজখবর নেন না। তক্তাবুনিয়া গ্রামের হজরত কালু শাহর মাজারে তিনি থাকেন। মানুষের দয়া-দাক্ষিণ্যের ওপর বেঁচে রয়েছেন। ফুলজান বিবি দাবি করেন, তাঁর বর্তমান বয়স ১১৮ বছর। তিনি বলেন, ‘ছয় মাস আগে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য টুটু মৃধা আমার কাছ থেকে খরচ বাবদ ৩০০ টাকা নিয়েছেন বয়স্ক ভাতা তালিকায় নাম তোলার জন্য। তিন মাস পরে বয়স্ক ভাতা দেওয়া হবে বলে বলেছেন। আমতলী সোনালী ব্যাংকে বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে জানতে পেরে আমি আমতলী শহরে এসেছি।’ এ ব্যাপারে মোবাইল ফোনে ইউপি সদস্য টুটু মৃধা বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় আছি। এ মুহূর্তে বিস্তারিত বলতে পারব না; বলেই তিনি সংযোগ কেটে দেন।’ হলদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন-অর রশিদ খান বলেন, ‘আমি এই বৃদ্ধা মহিলাকে চিনি, তাঁর তো বয়স্ক ভাতা পাওয়া উচিত। স্থানীয় মেম্বারকে (ইউপি সদস্য) বলে দিচ্ছি দ্রত ব্যবস্থা নিতে।’