শত বছরের হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯১১ সালের ১৯ আগস্ট। ব্রিটিশ রাজের শাসন। বাংলা-আসামের লেফটেন্যান্ট গভর্নর স্যার ল্যান্সলট হেয়ার একটা শ্বেতপাথরের ফলকের ওপর থেকে পর্দা তুলে দিলেন। সেই থেকে শুরু। আজ ওই ফলকটি ঘিরে আছে প্রায় ১০০ বছরের ইতিহাস আর ঐতিহ্য। আর আছে একটা নাম, একটা সংগঠন—ঢাকা ক্লাব।ব্রিটিশ সরকার নবাবদের জমি থেকে রমনার সবুজ চত্বরের ৫২৪ বিঘা জমি ঢাকা ক্লাবকে ইজারা দিলে ১৯১৩ সালে বর্তমান ভবনটিতে চলে আসে ঢাকা ক্লাব। জানা যায়, এই বিশাল জমি পেয়ে ক্লাব কর্তৃপক্ষ ঘোড়দৌড় খেলার রেসকোর্স, গলফ খেলার মাঠ এবং ক্লাব ভবন ও চত্বর গড়ে তোলে। সেই রেসকোর্স কিংবা গলফ খেলার মাঠ অবশ্য এখন আর নেই।আজকের ঢাকা ক্লাবকে দেখলে অবশ্য বয়সের ব্যাপারটা বোঝার কোনো উপায় নেই। ঝকঝকে মেঝে থেকে শুরু করে ছাদ পর্যন্ত কাঠের দারুণ কারুকাজ। ভেতরের আধুনিক আসবাব আর আলোকসজ্জা যেকোনো পাঁচতারা হোটেলের মতোই। ক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের বিনোদনের চমৎকার ব্যবস্থাও রয়েছে এখানে। আছে হেলথ সেন্টার, সুদৃশ্য সুইমিং পুল, বিলিয়ার্ড রুম, স্কোয়াশ খেলার কোর্ট, টেনিস কোর্ট, লাইব্রেরি, টিভি রুম, কার্ড রুম, গ্যালারি। আর এখানকার খাওয়াদাওয়ার ব্যবস্থা এককথায় অসাধারণ। পাঁচজন শেফ ক্লাবের সদস্যদের জন্য খাবার তৈরি করেন। তাঁরা একেকজন একেক ধরনের রান্নায় পারদর্শী।শহরের অনেকেরই ধারণা, ঢাকা ক্লাব আসলে বড়লোকের পানাহারের জায়গা। ঢাকা ক্লাবে শহরের অভিজাত ব্যক্তিরা আসা-যাওয়া করেন এটা ঠিক, কিন্তু তাঁদের মূল উদ্দেশ্যই থাকে ঢাকা ক্লাবের জমজমাট আড্ডায় শরিক হওয়া। শহরের বড়লোকেরা প্রাণখোলা আড্ডার লোভেই এখানে এসে হাজির হন। সঙ্গে তাঁদের বউ আর বাচ্চাও নিয়মিত আসা-যাওয়া করে এখানে।আড্ডা ছাড়াও খেলাধুলা করার বেশ ভালো সুযোগ আছে এখানে। আধুনিক ব্যায়ামাগার রয়েছে। রয়েছে সাঁতার কাটার জন্য সুন্দর সুইমিং পুল। টেনিস খেলার কোর্ট আছে দুটো। তবে স্কোয়াশ খেলার যে দুটো কোর্ট আছে, এর কথা আলাদাভাবে বলতেই হচ্ছে। এই কোর্ট দুটো আবার এসএ গেমসে স্কোয়াশের ভেন্যু হিসেবে ব্যবহূতও হয়েছিল।ঢাকা ক্লাব শুধু সদস্য এবং তাঁদের পরিবারের জন্য সংরক্ষিত বলে এখানে সাধারণের যাতায়াত খুবই সীমিত। ঢাকা ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ক্লাবটির প্রবেশাধিকার শুধু সদস্যদের মধ্যেই সংরক্ষিত। আর ঢাকা ক্লাবের সদস্য হওয়াও কিন্তু একেবারে হেলাফেলা ব্যাপার নয়। শুধু সিন্দুকে টাকা থাকলেই এখানকার সদস্য হওয়া যায় না। এর জন্য চাই যথেষ্ট শিক্ষা, শিল্প-সংস্কৃতিতে ঋদ্ধ মন এবং সামাজিক গ্রহণযোগ্যতা। অত যোগ্যতা অর্জন করে যে ক্লাবের সদস্য হতে হয়, ওই ক্লাব তো আর সবার জন্য খুলে দেওয়া যায় না। তা ছাড়া বাছবিচার না করে সবাইকে গণহারে প্রবেশাধিকার দিলে শহরের যেকোনো পাঁচতারা হোটেলের সঙ্গে ঢাকা ক্লাবের পার্থক্য থাকছে কোথায়?তাই বলে ঢাকা ক্লাবের চৌকাঠ মাড়ানো একেবারে অসাধ্য নয়। ঢাকা ক্লাবের যেকোনো সদস্যের সঙ্গে অতিথি হিসেবে ক্লাবের ভেতর ঢোকা যাবে। তবে এ ক্ষেত্রে মনে রাখতে হবে ঢাকা ক্লাবের ‘ড্রেস কোড’-এর কথাটা। এ ক্ষেত্রেও ক্লাবের ঐতিহ্য আর গঠনতন্ত্র অনুযায়ী সদস্য কিংবা অতিথি সবাইকেই পোশাক-পরিচ্ছদের ব্যাপারে কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। সেটা যে খুব বাড়াবাড়ি, তাও কিন্তু নয়। সাধারণ শার্ট-প্যান্ট ও জুতা বা নিদেনপক্ষে ফিতাওয়ালা স্যান্ডেল শু পরেও ঢাকা ক্লাবে ঢোকা যায়। কিন্তু কলার ছাড়া গেঞ্জি পরে কিংবা হাওয়াই চপ্পল পায়ে গলিয়ে অথবা ঘরে পরার পোশাক পরে দৃষ্টিকটু হয়ে কেউ যদি ক্লাবে ঢুকতে চান, তাহলে তাঁকে আটকানোটাই তো স্বাভাবিক।আজীবন ও বিশেষ সদস্য মিলিয়ে ঢাকা ক্লাবের সদস্য প্রায় আড়াই হাজার। ক্লাবের এই সদস্যদের আড্ডা থেকেই কিন্তু অনেক ভালো কাজের বুদ্ধি বেরিয়েছে। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া, পুনর্বাসন করা, এমনকি মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য বিশাল অঙ্কের অনুদানের ব্যবস্থাও করেছেন ঢাকা ক্লাবের সদস্যরা। তা ছাড়া সিডরে আক্রান্ত, বন্যায় ক্ষতিগ্রস্ত ও শীতার্ত ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছেন, দাঁড়াচ্ছেন ঢাকা ক্লাবের সদস্যরা।তবুও ঢাকা ক্লাবকে ঘিরে মানুষের কানাঘুষা কি কমেছে? সে প্রশ্নের জবাব পাওয়া গেল পরপর তিনবার ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া সাদাত সেলিমের কাছ থেকে, ‘সাধারণ মানুষের কাছ থেকে ক্লাবের যে বিচ্ছিন্নতা, সেটা আমরা দূর করার চেষ্টা করছি। মানুষ যাতে ঢাকা ক্লাব সম্পর্কে কোনো ভুল ধারণা পুষে না রাখে। এ জন্য আমরা নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের যুক্ত করছি। আমি মনে করি, বিচ্ছিন্নতার সেই প্রাচীরটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে।’ঢাকা ক্লাব নগরের সঙ্গে আরও একাত্ম হয়ে যাচ্ছে শতবর্ষের মাইলফলকে পা রাখার মাধ্যমে। আগামী বছরের ১৯ আগস্ট ১০০ বছর পূর্ণ করবে ক্লাবটি। এ জন্য বছরব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করবে তারা। এ প্রসঙ্গে সাদাত সেলিম বলেন, ‘আমরা চাইছি সামাজিকভাবে মানুষের কাছে আরও একটু উন্মুক্ত হতে। এত দিন ঢাকা ক্লাব যে অচলায়তনের মধ্যে ছিল, ইতিমধ্যে তা অনেকটাই কেটে গেছে। এটাই আমার তিন বছরের সবচেয়ে বড় সাফল্য।’