শত বাধা পার হয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু থেকেই নানা বিতর্ক, বাধা ও আতঙ্ককে সঙ্গী করে চলছে আফ্রিকান বিশ্বকাপের প্রস্তুতি। সব বাধা পায়ে দলে আফ্রিকান বিশ্বকাপের দুয়ারে দাঁড়িয়ে বিশ্ব। এই সময় পুরোনো বিতর্কগুলো মনে করিয়ে দিয়েছেন দেবব্রত মুখোপাধ্যায়১৫ মে ২০০৪, জুরিখএক সংবাদ সম্মেলনে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার আনুষ্ঠানিকভাবে জানালেন, মরক্কো ও মিসরকে হারিয়ে ২০১০ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেয়েছে দক্ষিণ আফ্রিকা।দক্ষিণ আফ্রিকা! এখনো যে দেশটিতে সুপ্ত আগ্নেয়গিরি হয়ে আছে বর্ণবাদ, এখনো যে দেশে সন্ধ্যার পর ঘরের বাইরে মানুষের নিরাপত্তা নেই, দেশের একটা বিরাট অংশের মানুষের এখনো যেখানে নুন আনতে পান্তা ফুরোয়; সেই দক্ষিণ আফ্রিকায় হবে বিশ্বকাপ! ইউরোপ-আমেরিকাজুড়ে ‘গেল, গেল’ রব উঠল। ২০০৬ সালে এসেও ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মতো মানুষ বললেন, এখনো সময় আছে, বিশ্বকাপ সরিয়ে নিন। সমালোচনার ঝড় চলতে লাগল। সঙ্গে দক্ষিণ আফ্রিকা থেকে নেতিবাচক খবর আসতে থাকল—ভেন্যু নির্মাণকাজ এগোচ্ছে না, শ্রমিক ধর্মঘট চলছে, নিরাপত্তার হুমকি বাড়ছে। বড় বড় পত্রিকা ভবিষ্যদ্বাণী করল, ২০১০ বিশ্বকাপের কপালে খারাবি আছে।‘খারাবি’ আছে কি না, সেটা বলার সময় এখনো আসেনি। তবে সমালোচকদের মুখে আপাতত ছাই দিতে পেরেছে আফ্রিকানরা। ছয় বছর ধরে একটানা গালিগালাজ আর অজস্র প্রতিবন্ধকতা সহ্য করে অবশেষে সত্যি সত্যিই বিশ্বকাপের দুয়ারে হাজির দক্ষিণ আফ্রিকা। অবশেষে আফ্রিকান নাচে নেচে ওঠার অপেক্ষায় বিশ্ব।সমস্যাটা শুরু হয়েছিল একেবারে গোড়ায়। বিশ্বকাপ আয়োজক নির্বাচনের ক্ষেত্রে ফিফার ‘মহাদেশ আবর্তন নীতি’র কারণে ২০১০ বিশ্বকাপটা আফ্রিকাতেই হতো। আফ্রিকাকে এখনো আদিমানুষে অধ্যুষিত একটা জঙ্গল মনে করা লোক পৃথিবীতে নিতান্ত কম নয়। ব্যাপারটি উপলব্ধি করেই ফিফাতে কয়েক দফা এই নীতি বদলে ফেলার প্রস্তাব আনা হলো। নীতিটা ২০০৭ সালে এসে বদলে ফেলাও হলো। কিন্তু তত দিনে ইউরোপ-আমেরিকার বাইরে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে পরপর দুটি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারটা স্থির হয়ে গেছে। সবাই লাগলেন দক্ষিণ আফ্রিকার পেছনে। প্রথমেই তো নিরাপত্তা-সমস্যা। দক্ষিণ আফ্রিকার শহরগুলোতে ছিনতাই, সংঘর্ষের উদাহরণ খুঁজে বের করা কঠিন কিছু না। সেসব উদাহরণ টেনে বলা হলো, এখানে বিশ্বমানের খেলোয়াড় ও সারা দুনিয়ার বিশ্বকাপের দর্শকেরা নিরাপদ নয়।মাঠে নামলেন প্রেসিডেন্ট জ্যাকব জুমা থেকে শুরু করে খোদ কিংবদন্তি নেলসন ম্যান্ডেলা পর্যন্ত। বাইরের লোকদের মুখ তো বন্ধ করা যাবে না। হাত জোড় করে দেশবাসীকে অনুরোধ করলেন আফ্রিকার মানসম্মান টিকিয়ে রাখার জন্য।আয়োজক কমিটির প্রধান ড্যানি জর্ডান সংবাদমাধ্যমকে জানালেন, বিশ্বকাপের সময় নিরাপত্তা বাড়াতে ১৩৮ মিলিয়ন মার্কিন ডলার বাজেট করা হয়েছে। এই সময়ে আয়োজক শহরগুলোতে বাড়ানো হবে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যসংখ্যা। নিরাপত্তার পর দ্বিতীয় সমস্যা হয়ে দাঁড়াল ভেন্যুগুলোর নির্মাণকাজ। আয়োজক কমিটি ঠিক করল, ১০টি ভেন্যুতে খেলা হবে। এর মধ্যে ৫টি স্টেডিয়াম সংস্কার করা হবে এবং ৫টি নির্মাণ করা হবে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হলো, ২০০৯-এর মাঝামাঝি সমস্ত নির্মাণকাজ শেষ হবে। কিন্তু ২০০৮ সাল থেকেই দফায় দফায় খবর আসতে থাকল, নির্মাণকাজ পিছিয়ে পড়েছে। ২০০৯ তো দূরে থাক, বিশ্বকাপের আগেই নির্মাণকাজ শেষ হবে কি না সন্দেহ। নির্মাণকাজে সবচেয়ে বড় ধাক্কাটা লাগল ২০০৯ সালের জুলাই মাসে। নির্মাণাধীন ও সংস্কারাধীন ভেন্যুগুলোর প্রায় ৭০ হাজার নির্মাণকর্মী একসঙ্গে ধর্মঘটে গেলেন। তাঁদের দাবি, বেতন-ভাতা বাড়াতে হবে। শ্রমিকদের মুখপাত্র জানালেন, তাঁদের যে বেতন দেওয়ার কথা, তাও নিয়মিত দেওয়া হয় না। শেষমেশ আয়োজক কমিটির হস্তক্ষেপে ধর্মঘট তুলে নেওয়া হলো। কিন্তু এর ফলে আরও পিছিয়ে পড়ল কাজ। এবার সত্যিই শঙ্কা, কাজ শেষ হবে তো? জর্ডান বললেন, অক্টোবরের মধ্যে কাজ শেষ হবে। কেউ বিশ্বাস করল না। কিন্তু জর্ডানরাই সত্যি প্রমাণিত হলেন। কী তাজ্জব ব্যাপার! ২০০৯ সালেরই সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে গেল ভেন্যুগুলোর নির্মাণ ও সংস্কারকাজ। নতুন করে তৈরি হওয়া স্টেডিয়ামগুলোর কাজই শেষ হলো সবার আগে। তার পরও বিতর্ক কি শেষ হয়? এবার সামনে এল মানবাধিকার ইস্যু। বিশ্বকাপ চলাকালীন ভেন্যুগুলোকে পরিচ্ছন্ন রাখার জন্য ‘গরিবি হটাও’ জাতীয় একটা কর্মসূচি নেওয়া হলো। এই কর্মসূচির আওতায় ডারবানসহ বেশ কিছু শহর থেকে বস্তি সরিয়ে ফেলা হলো। এক কেপটাউন থেকে প্রায় ২০ হাজার বস্তিবাসীকে সরিয়ে ফেলার পরিকল্পনা হলো। পরিকল্পনা করা হলো বড় শহরগুলোকে সংযুক্ত করা হাইওয়ের পাশ থেকে সরিয়ে ফেলা হবে দরিদ্রদের আবাসন। এ রকম সব কর্মসূচির প্রতিবাদে ২০০৯ সালের জুলাই মাসে দেশজুড়ে শুরু হলো বিক্ষোভ। এই বিক্ষোভে দরিদ্রদের এ রকম উদ্বাস্তু করে ফেলার প্রতিবাদ জানানোর পাশাপাশি বিশ্বকাপ-সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় স্থানীয়দের কাজের সুযোগ করে দেওয়ার দাবিও জানানো হলো। গত এপ্রিলে সুইস লেবার অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে চিঠি দিয়ে জানাল, বিশ্বকাপ উপলক্ষে দক্ষিণ আফ্রিকায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এই ইস্যু শান্ত হতে না হতেই আফ্রিকাজুড়ে শুরু হলো পরিবহন শ্রমিকদের বিক্ষোভ ধর্মঘট। বিশ্বকাপের সময় বিদেশি দর্শকদের সুবিধার জন্য শহরগুলোতে বিশেষ বাস সার্ভিস চালুর ঘোষণা দিয়েছিল আয়োজক কমিটি। এই সিদ্ধান্তের প্রতিবাদ করলেন দক্ষিণ আফ্রিকার ‘ট্যাক্সি মাফিয়া’ বলে খ্যাতি পেয়ে যাওয়া ট্যাক্সিচালক ও ট্যাক্সিমালিকেরা। তাঁদের বক্তব্য, কম খরচের বাস সার্ভিস চালু করলে তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন।শেষমেশ আলোচনায় এসব সমস্যার সমাধান হলো। রয়ে গেল ফিফাবিষয়ক কিছু বিতর্ক। ফিফার সঙ্গে স্থানীয় আয়োজক কমিটির প্রথম ঝামেলা হলো, একটি রাগবি টেস্ট ম্যাচ আয়োজন নিয়ে।১২ জুন থেকে কেপটাউনে স্প্রিংবক ও ফ্রান্সের মধ্যে টেস্ট ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ফিফা বলল, বিশ্বকাপ চলা অবস্থায় এই ইভেন্ট চলতে পারে না। এ নিয়ে বেশ দড়ি টানাটানির পর টেস্ট ম্যাচকে অনুমতি দেওয়া হলো। কারণ, ওই সময়ে কেপটাউনে কোনো বিশ্বকাপ ম্যাচ থাকছে না। আরেকটি বিতর্ক হলো দক্ষিণ আফ্রিকান বেসরকারি বিমান সংস্থা ‘কুলুলা ডট কম’-এর সঙ্গে। এই সংস্থা তাদের বিজ্ঞাপনে বিশ্বকাপের বিভিন্ন লোগো ব্যবহার শুরু করেছিল। এ নিয়ে আপত্তি করল ফিফা। বিষয়টি নিয়ে ফিফার সঙ্গে আইনি লড়াইয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।সবকিছুই একসময় শান্ত হয়। তা-ই হচ্ছিল। কিন্তু সেই শান্ত হয়ে আসতে থাকা পরিস্থিতিতে হঠাৎ আগুন জ্বেলে দিল এ বছরেরই জানুয়ারি মাসে অ্যাঙ্গোলায় টোগো জাতীয় দলের ওপর বিচ্ছিন্নতাবাদীদের হামলা। আফ্রিকান নেশনস কাপ খেলতে যাওয়ার পথে টোগো দলের বাসের ওপর হামলায় নয়জন আহত ও তিনজন মারা গেলেন। এই ঘটনায় আবার ‘গেল, গেল’ রব উঠল। যদিও ড্যানি জর্ডান বারবার বলে গেলেন, এই ঘটনায় দক্ষিণ আফ্রিকান বিশ্বকাপে কোনো প্রভাব পড়বে না। শেষ পর্যন্ত সবাই একটু আশ্বস্ত হলো আক্রমণকারীদের কথায়। অ্যাঙ্গোলার শাসকদের বিরুদ্ধে লড়তে থাকা বিদ্রোহীদের পক্ষ থেকে বলা হলো, তাঁরা বাসের সঙ্গে সেনাসদস্য দেখে আক্রমণ করেছিলেন, ফুটবলারদের নয়; ফুটবলের সঙ্গে তাঁদের কোনো শত্রুতা নেই।আবার কিছুদিন আগে আতঙ্ক ছড়িয়ে পড়ল ইরাকি পুলিশের দেওয়া এক খবরে। তারা বলল, বিশ্বকাপে আক্রমণ করতে চায় আল-কায়েদা। আল-কায়েদার পক্ষ থেকে বলা হলো, এটা বানোয়াট কথা। ফুটবলের মতো বৈশ্বিক খেলায় আক্রমণ করার কোনো ইচ্ছে নেই তাদের। শেষ পর্যন্ত কী হবে, সেটা বুঝতে ১১ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এখনো পর্যন্ত একটার পর একটা বাধা, বিতর্ক আর আতঙ্ককে যেভাবে টপকে এগোচ্ছে, তাতে আফ্রিকানদের জয় নিশ্চিত বলেই মনে হচ্ছে। তাই হোক। বেজে উঠুক ভুভুজেলা, নেচে উঠুক আফ্রিকান সংস্কৃতি, মেতে উঠুক বিশ্ব। মাস শেষে ট্রফিটা যার ঘরেই যাক, জয় হোক আফ্রিকানদের।