শত বাধা পেরিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্ধাহার-অনাহার ছিল নিয়মিত ঘটনা। কাউকে চালাতে হয়েছে রিকশা, কেউ করেছে দিনমজুরি। অর্থাভাবে কুপি জ্বালাতে পারেনি, পড়তে হয়েছে দিনের আলোয়। শত বাধা পেরিয়ে আজ তারা সফল। এ বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে তারা।গ্রামে গ্রামে আজ এই অদম্য মেধাবীদের জয়গান। আজ তাদের চোখে আনন্দাশ্রু। পেশায় দিনমজুর অবসরে ছাত্র: পরীক্ষার ফল জানতে অন্য শিক্ষার্থীরা বৃহস্পতিবার যখন বিদ্যালয়ে ভিড় করছিল, তখন প্রচণ্ড রোদে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় জমিতে ধান কাটছিল মোজাম্মেল হক। পরে মায়ের কাছ থেকে জানতে পারে, গৌরনদীর পিংলাকাঠি মাধ্যমিক বিদ্যালয় থেকে সে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে।গৌরনদীর বোরাদী গরঙ্গল গ্রামে বৃহস্পতিবার মোজাম্মেলের বাড়িতে গেলে তার মা লিপি বেগম বলেন, ‘মোর বাজানে ছয় দিন ধইররা মেহেন্দীগঞ্জে ধান দাইতে গ্যাছে। হে তো বদলা দিয়া আয়-রোজগার হইররা মোগো সংসার চালায়। ফাঁক পাইলে লেহাপড়া হরে।’ পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে মোজাম্মেল চতুর্থ। তার বাবা তিন বছর যাবৎ অসুস্থ। অষ্টম শ্রেণী থেকে মোজাম্মেলকে দিনমজুরের কাজ শুরু করতে হয়।মোজাম্মেলের আগামী দিনের পড়াশোনা নিয়ে চিন্তিত তার মা ও বোন। অর্থাভাবে কলেজে ভর্তি হতে পারবে কি না, তাও নিশ্চিত নয়। মোজাম্মেল জানায়, ‘সব কষ্ট ভুলে গেছি। লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে বাবা, মা ও বোনের কষ্ট ঘোচানোর পাশাপাশি দেশের জন্য কাজ করব।’ রিকশা চালাত কৃপেশ: কখনো রিকশা চালানো, কখনো দিনমজুরি আবার কখনো বাড়ি বাড়ি ছাত্র পড়াতে হয়েছে কৃপেশ চন্দ্র দাসকে। তবু থামেনি পথচলা। সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে কৃপেশ।কৃপেশদের মূল বাড়ি সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগরের মাসকান্দা গ্রামে। বাবা নৃপেন্দ্র চন্দ্র দাস মারা গেছেন ১২ বছর আগে। এরপর তারা চলে আসে সুনামগঞ্জ শহরে। দুই ভাই, তিন বোনের মধ্যে দুই বোনের বিয়ে হয়েছে। এখন মা, ভাই আর এক বোন মিলে চারজনের সংসার। বড় ভাই নৌকাশ্রমিক, বোন দর্জির কাজ করে। অভাবের কারণে বোনের লেখাপড়া হয়নি। কৃপেশ বলে, ‘মায়ের স্বপ্ন, আমি অনেক বড় হব। যত কষ্টই হোক, মায়ের স্বপ্ন পূরণ করবই। আমি ইঞ্জিনিয়ার হতে চাই।’সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহ বলেন, ‘কৃপেশ অনেক কষ্ট করে পড়ালেখা করেছে। আমরাও সাধ্যমতো সহায়তা করেছি। এখন বাকিটা কীভাবে চালাবে, বুঝতে পারছি না।’দিনের আলোতে চলত আফরোজার পড়া: পাশের বাড়িতে বিদ্যুতের আলো জ্বলে। অথচ দিনের আলো শেষ হওয়ার পরই বন্ধ হয়ে যেত আফরোজা খানম সুমির পড়া। রাতে মোমবাতি বা কুপি জ্বালিয়ে পড়ার সাধ্য নেই। ভাঙা বেড়া দিয়ে ঘরে শিয়াল ঢোকে, সামান্য ঝড়বৃষ্টি হলে অন্যের ঘরের বারান্দায় আশ্রয় নিতে হয়। এভাবেই প্রতিকূল পরিবেশে পড়াশোনা করেছে আফরোজা। ময়মনসিংহের ত্রিশাল উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে পাঁচপাড়ায় আফরোজাদের বাড়ি। প্রতিদিন সে হেঁটে ত্রিশাল উপজেলা সদরে নজরুল উচ্চবিদ্যালয়ে যেত। তার বাবা নাসির উদ্দিন কখনো সংবাদপত্র, কখনো বা পান-সিগারেট বিক্রি করে দুমুঠো খাবার জোগাড় করেন। আফরোজা জানায়, সে পাইলট হতে চায়। নাসির উদ্দিন জানান, আফরোজা পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে নিজেই নিজের পড়াশোনার খরচ চালিয়েছে। নবম শ্রেণীতে ওঠার পর তার বড় চাচা প্রতি মাসে খরচ দিত ৩০০ টাকা। তা দিয়ে ওর পড়ার খরচ কোনোমতে চলত।নজরুল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, আফরোজা ভালো ফল করেছে। আমরা খুশি।চিকিৎসক হতে চায় মোরশেদা: তিন ভাইবোন ও মা-বাবা মিলে মোরশেদা খাতুনদের পাঁচ সদস্যের সংসার। সন্তানদের লেখাপড়ার খরচসহ সংসারের খরচ চালাতে ভীষণ হিমশিম খেতে হয় অটোরিকশাচালক বাবা আবদুল মতিনকে। শিক্ষক ও বাবা-মায়ের উৎসাহে দিনাজপুরের পার্বতীপুর খোলাহাটি ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে মোরশেদা।মোরশেদাদের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার আরাজি দিলালপুর গ্রামে। এর আগে সে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। মোরশেদা ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। মোরশেদার বাবা আবদুল মতিন জানান, ‘আমি পড়াশোনা করতে পারিনি অর্থাভাবে। প্রতিজ্ঞা করেছি বাচ্চাদের মানুষ করব। কিন্তু ওদের ঠিকমতো খাবারই দিতে পারি না।’ প্রতিবেশী হোসনেয়ারা বেগম, জালাল উদ্দিন বলেন, আগামী দিনে মোরশেদার পড়াশোনার খরচ চালানো ওর বাবার পক্ষে একেবারেই অসম্ভব।’[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন খলিল রহমান, সুনামগঞ্জ, জহুরুল ইসলাম, গৌরনদী (বরিশাল), আলমগীর কবীর, ত্রিশাল (ময়মনসিংহ), আলতাফ হোসেন, বদরগঞ্জ (রংপুর)]