শত শত কোরাল লাখ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপকূলে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে লাল কোরাল। পাঁচ থেকে ছয় কেজি ওজনের প্রতিটি কোরাল মাছ বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ৯০০ টাকায়। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেকনাফ উপজেলার বাহারছড়া, শীলখালী ও বড়ডেইল এবং উখিয়ার মনখালী ও ছেপটখালী এলাকায় ১০-১২টি ইঞ্জিনচালিত নৌকায় সাত হাজারের বেশি লাল কোরাল ধরা পড়েছে। এই মাছ বিক্রি করে জেলেরা পেয়েছেন অর্ধকোটিরও বেশি টাকা। আগের দিন বুধবারও জেলেরা অর্ধকোটি টাকার মাছ ধরেন। জেলেরা জানান, বুধবার সকাল ১০টায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের দরগাহছড়া গ্রামের জেলে তজিল আহমদ আরও পাঁচ জেলে ও একটি নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে নামেন। জাল ফেলে আধা ঘণ্টা অপেক্ষার পর তাঁরা দেখতে পান, পুরো জাল লাল কোরালে ভর্তি। এত মাছ নৌকায় ধরছে না। পরে মুঠোফোনে খবর দিয়ে আরও পাঁচটি নৌকা সমুদ্রে নেন তিনি। আটকে পড়া মাছ ছয়টি নৌকায় বোঝাই করে তীরে আনেন ৪২ জেলে। তারপর শুরু হয় গণনা। পাওয়া যায় ছয় হাজার ১০০টি মাছ। প্রতিটির ওজন পাঁচ থেকে ছয় কেজি। প্রতিটি ৮৫০ থেকে ৯০০ টাকায় বিক্রি করে ৫১ লাখ ৮৫ হাজার টাকা পাওয়া যায়। অর্থাৎ এক দিনে ধরা মাছেই লাখোপতি বনে যান দরিদ্র জেলে তজিল আহমদ। খুশিতে আত্মহারা তজিল আহমদ (৪৫) জানান, দাদন দিয়ে নভেম্বরের শেষ দিকে তিনি একটি মাছ ধরার নৌকা তৈরি করেন। ১ ডিসেম্বর নৌকাটি সাগরে নামানো হয়। কিন্তু ২১ ডিসেম্বর পর্যন্ত তেমন কোনো মাছ পাননি। এতে তিনি হতাশ হয়ে পড়েন। ২২ ডিসেম্বর আল্লাহকে স্মরণ করে মাছ ধরতে নেমে তাঁর ভাগ্য খুলে যায়। তজিল আহমদ বলেন, ‘আল্লাহ যারে দেয়, চপ্পর ফাইটা দেয়।’ একটি নৌকার মাঝি নূর হোসেন (৪৮) বলেন, ‘সাগরে লাল কোরালের ঝাঁক দেখে প্রথমে আমরা ভয় পেয়েছিলাম। সাহস করে দ্রুত জাল ফেললাম।’গতকালও বাহারছড়া ও মনখালী এলাকার আবদুল করিম, মনজুর আলম, নুরুন্নবী, ছালেহ আহমদসহ কয়েকজন জেলের ১০টির বেশি নৌকায় সাত হাজার লাল কোরাল ধরা পড়ে। সৈকতে রেখে এসব মাছ বিক্রি করা হয়। টেকনাফের মাছ ব্যবসায়ী আবদুল গফুর, শামসুল আলম ও আবু তৈয়ব গতকাল প্রথম আলোকে বলেন, জেলেদের জালে এত লাল কোরাল ধরা পড়ার নজির নেই। গত দুই দিনে আমরা এই উপকূল থেকে ৭০ লাখ টাকার বেশি লাল কোরাল কিনেছি। এসব মাছ টেকনাফ থেকে কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায় পাঠানো হচ্ছে। চট্টগ্রাম ও ঢাকার বাজারে এই মাছ ভালো দামেই বিক্রি হবে। গতকাল সরেজমিনে দেখা গেছে, বাহারছড়া উপকূলের বিশাল সৈকত লাল কোরালে ভর্তি। পর্যটক ও স্থানীয় লোকজন তিন দিক ঘিরে মাছ বেচাকেনা দেখছেন। অনেকে তুলছেন ছবি। বিপুলসংখ্যক কোরাল ধরার খবরে মাছ দেখতে ছুটে যান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন। ইউএনও বলেন, ‘বেশি মাছ ধরা পড়ার খবর পেয়ে বসে থাকতে পারলাম না।’ তিনি উপস্থিত জেলেদের আরও বেশি মাছ ধরতে উৎসাহিত করেন। চট্টগ্রামের মিরসরাই থেকে ভ্রমণে আসা মীর আহমদ (৪৫) বলেন, ‘বিশাল সৈকতে বিছিয়ে রাখা মাছ দেখে মনটা খুশিতে ভরে গেল। বাড়ি কাছাকাছি হলে তরতাজা কয়েকটা মাছ কিনে নিয়ে যেতাম।’