শত সদস্যে এক পরিবার!
ক্রিকেট খেলছে শিশুরা। কাঠের স্ট্যাম্পের জায়গায় বসানো হয়েছে ইটের পর ইট। সেখানে বল লাগলেই ব্যাটসম্যান আউট। আর খুদে খেলোয়াড়েরা তক্তা কেটে নিজেরাই বানিয়ে নিয়েছে ব্যাট। ওরা আবার একই পরিবারের সদস্য। তবে অন্য দশটা পরিবার থেকে এই পরিবারের অনেক তফাত। এই পরিবারের সদস্যসংখ্যা ১০০। এদের কারও বাবা নেই, কারও নেই মা। আর থাকার নেই কোনো ঠিকানা। তবে এই পরিবারের সবারই এখন আছেন অভিভাবক আর থাকার জায়গা। সেখানকার প্রাঙ্গণেই খেলছিল শিশুরা। এটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ‘সরকারি শিশু পরিবার’। নগরের এতিম, ভূমিহীন ও দুস্থ শিশুদের জন্য এখানে চারতলা ভবনে গড়ে উঠেছে আর্থসামাজিক প্রশিক্ষণকেন্দ্র। এটি অবস্থিত মিরপুর ১০ নম্বর সেকশনের বি-ব্লকে, ডিসিসির অঞ্চল-৭-এর কার্যালয়ের ঠিক পেছনে।সরকারি শিশু পরিবারের সব সদস্য এখন এক পরিচয়ে বড় হচ্ছে। সমাজসেবা অধিদপ্তর তাদের ভরণপোষণ করছে। একটি শিশুর যা যা প্রয়োজন, তার সবই পাচ্ছে তারা। এখন এখানে সদস্য হতে আগ্রহী আরও অনেকে, তবে ধারণক্ষমতা না থাকায় সদস্য আর বাড়ানো যাচ্ছে না বলে জানালেন এখানকার একজন কর্মী।এতিম, ভূমিহীন যেকোনো শিশু সরকারি শিশু পরিবারের সদস্য হতে পারবে। তবে শিশুটির বয়স ছয় থেকে নয় বছরের মধ্যে হতে হবে। ভর্তি হওয়ার জন্য প্রথমে আবেদন ফরম পূরণ করে জমা দিতে হয়। এখান থেকে সারা বছরই আবেদন ফরম দেওয়া হয়। তবে আসন খালি হলেই কেবল এর সদস্য হতে পারে শিশুরা। এর আগে অবশ্য শিশুটি আসলেই এতিম বা দুস্থ কি না, তা যাচাই করে দেখা হয়। তারপর সাক্ষাৎকারের মাধ্যমে তাকে ভর্তি করা হয়। সদস্য হওয়ার পর শিশুদের সব খরচ কর্তৃপক্ষ বহন করে। অসুস্থ হলে চিকিৎসা দেওয়া হয়। এ জন্য একজন খণ্ডকালীন চিকিৎসকও আছেন।সরকারি শিশু পরিবারের ভেতরে শিশুদের দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। এরপর তাদের পড়াশোনা শুরু হয় বাইরের বিদ্যালয়ে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণও দেওয়া হয় এদের। পরিবারের ভেতরে সেলাই, ইলেকট্রনিকস সামগ্রী মেরামতের কাজ শেখানো হয়। এখানের তিনজন সদস্য এসওএস ও ইউসেপ বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষণ নিচ্ছে। সব প্রশিক্ষণই চলে পড়াশোনার পাশাপাশি। পরিবারের সদস্যদের দেখাশোনার জন্যে দুজন কর্মী আছেন। শিশুরা তাঁদের ‘বড় ভাইয়া’ বলে ডাকে। এ ছাড়া শিশু পরিবারে একজন শিক্ষক ও দুজন কারিগরি প্রশিক্ষক আছেন।সরকারি শিশু পরিবারে শিশুরা ১৮ বছর বয়স বা এইচএসসি পরীক্ষা পর্যন্ত এখানে সদস্য হিসেবে থাকতে পারে। এরপর পরিবারের নিয়মানুযায়ী তাদের আসন ছেড়ে দিতে হয়। যাদের চলে যেতে হবে, শিশু পরিবার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। তবে কেউ যদি পড়াশোনায় খুব ভালো হয়, আর পড়াশোনার ইচ্ছা থাকে, সে ক্ষেত্রে তাকে বিশেষ বিবেচনায় পড়াশোনা করানোর ব্যবস্থাও আছে। এখানের ১০০ শিশুর সবাই শিক্ষার্থী। নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তারা প্রথম থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে।