শতকরা ৫ ভাগ কাজ করে ৪০ ভাগের বিল তুলে লাপাত্তা ঠিকাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ তিন বছরেও শেষ হয়নি। ৩০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। কিন্তু নতুন ভবন নির্মাণ না হওয়ায় ব্যবহারের অনুপযোগী পুরোনো জরাজীর্ণ ভবনেই ঝুঁকি নিয়ে হাসপাতালের কাজ কোনো রকম চলছে।সরেজমিন দেখা গেছে, পুরোনো হাসপাতাল ভবনের ডান দিক ও বাঁ দিকে নয় ফুট উচ্চতার কংক্রিটের অসংখ্য পিলার দাঁড়িয়ে আছে। সেগুলো ঘিরে জন্মেছে ঝোপঝাড়। পিলারগুলো অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় সেগুলো ভেঙে যেতে শুরু করেছে।হাসপাতালের অফিস সূত্রে জানা যায়, ২০০৬ সালে ৩১ অক্টোবর সরকারি হাসপাতাল নির্মাণ প্রতিষ্ঠানের (সিএমএমইউ) প্রধান নির্বাহী প্রকৌশলী ফজলুর রশিদ মৃধা স্বাক্ষরিত কার্যাদেশ পত্রে ঢাকার মেসার্স ওয়াহেদ ট্রেডার্স এই ভবন নির্মাণের কাজের ঠিকাদার নিয়োগ পান। দোতলা ভবন নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয় তিন কোটি ৭৭ লাখ ১০ হাজার ৭৬০ টাকা। ২০০৭ সালের অক্টোবর মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ কাজ শুরু করে। পরবর্তী ১৮ মাসের মধ্যে হাসপাতালের নির্মাণকাজ শেষ করার সময় নির্ধারণ ছিল। অথচ ঠিকাদার ছয় মাসে মাত্র ৫ শতাংশ কাজ করে লাপাত্তা হয়ে গেছে।হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে সিএমএমইউ বিভাগকে বহু চিঠি দেওয়া হয়েছে। ঠিকাদারের সঙ্গেও অনেকবার যোগাযোগ করা হয়েছে। কোনো কাজ হচ্ছে না। ঠিকাদার মাত্র নয় ফুট উঁচু কয়েকটি পিলার ছাড়া আর কিছুই করেননি। ২০০৭ সালের ১৯ ডিসেম্বর থেকে নির্মাণকাজ পুরোপুরি বন্ধ আছে। পরে জানা গেছে, সিএমএমইউ-এর একশ্রেণীর কর্মকর্তাদের যোগসাজশে ঠিকাদার ৫ শতাংশ কাজ করে ৪০ ভাগ কাজের বিল তুলে নিয়ে এখন কাজ করবে না বলে জানিয়ে দিয়েছে।’সিভিল সার্জন আবদুস শহীদ বলেন, ‘এখন এই হাসপাতাল ভবন নির্মাণের জন্য নতুন করে টেন্ডারসহ নতুন ঠিকাদার খোঁজা হচ্ছে। ভবন নির্মাণ না হওয়ায় পুরোনো জরাজীর্ণ ভবনেই ঝুঁকি নিয়ে চিকিৎসকেরা সেবা দিচ্ছেন।’