শতকে এক মণ ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত জাত আর সঠিক পরিচর্যার কারণে প্রতি শতাংশ জমিতে এক মণ ধান উৎপাদন করতে সক্ষম হয়েছেন ঝিনাইদহের কৃষক ইসমাইল হোসেন। ৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে শ্রমিক দিয়ে তিনি তাঁর খেতের ধান কাটেন।ইসমাইল হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের বাসিন্দা ও কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর। তিনি পেশায় সার ও কীটনাশক ওষুধ বিক্রেতা। ইসমাইল হোসেন জানান, দেশে খাদ্যের চাহিদা বাড়ছে, কিন্তু জমি বাড়ছে না। এ কারণে অল্প জমিতে বেশি ফলনের কোনো বিকল্প নেই। এ চিন্তা থেকে তিনি চাপালী গ্রামের মাঠে নিজের ৭০ শতক জমিতে অ্যারাইজ জাতের হাইব্রিড ধানের চাষ করেন। এ ছাড়া কৃষি বিভাগের পরামর্শও তিনি নিয়েছেন। ধানগাছ এত ভালো ছিল যে প্রায়ই বিভিন্ন এলাকা থেকে লোকজন তাঁর খেত দেখতে আসত। ৫ নভেম্বর তিনি সেই খেতের ধান কেটেছেন। ধান কাটার পর এক শতাংশ জমিতে এক মণ হিসাবে ধান পেয়েছেন। তিনি আশা করছেন, এই ধান বিক্রি করে প্রায় ৫০ হাজার টাকা পাবেন তিনি। ইসমাইল হোসেন আরও জানান, আষাঢ় মাসের ২৩ তারিখে তিনি ধান রোপণ করেন। অন্য সব জাতের মতো অ্যারাইজ জাতের ধানখেতের পরিচর্যা করতে হয়। জমি তৈরি, ধান রোপণ, সেচ দেওয়া, সার ও কীটনাশক ব্যবহার, আগাছা পরিষ্কারসহ ৭০ শতাংশ জমিতে খরচ হয়েছে ১৫ হাজার টাকা। অন্য সবার রোপণের পর তিনি খেতে ধান রোপণ করেন। অথচ সবার আগেই তাঁর ধান কাটা সম্ভব হয়েছে।ওই মাঠের আরেক কৃষক ফজলুর রহমান জানান, আমন মৌসুমে এত ভালো ফলন ভাবাই যায় না। অন্যদের মতো তিনিও ধান দেখে মুগ্ধ হয়েছেন। তিনি আগামী বছর এই জাতের ধান রোপণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে চাপালী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা সাধন চন্দ্র বিশ্বাস জানান, অ্যারাইজ জাতটি নতুন। তবে ধানগাছ দেখে তিনিও আশা করেছিলেন, অন্য জাতের চেয়ে দ্বিগুণ ফলন হবে। সাধারণত একটি ধানের বাইলে ১২০ থেকে ১৫০টি ধান পাওয়া যায়। কিন্তু এই খেতে তিনি পরীক্ষা করে দেখেছেন, একটি বাইলে ৩৬০ থেকে ৩৭০টি ধান রয়েছে। ফলে দ্বিগুণ ফলন হয়েছে।