শতবর্ষী চা-বাগান নিয়ে সীমান্তসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে উভয় দেশের ছয় হাজার ৫৩০ একর অপদখলীয় জমির বিষয়ে মীমাংসার প্রক্রিয়া চলছে। এরই মধ্যে ২৫টি অমীমাংসিত সমস্যার অধিকাংশের সুরাহা হলেও বাংলাদেশের প্রায় শত বছরের পুরোনো একটি চা-বাগানের বিষয়টি অমীমাংসিত রয়েই গেছে। এই চা-বাগানটির ৩৬০ একরসহ মোট ৪৮৫ একর জমির বিষয়ে সুরাহা হয়নি। বাংলাদেশের অভ্যন্তরের এসব জমির মালিকানা দাবি করছে ভারত।জানতে চাইলে ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, বাংলাদেশের ভেতর ভারতীয় অপদখলীয় জমির পরিমাণ তিন হাজার ২৪ একর। আর ভারতের ভেতর বাংলাদেশের অপদখলীয় জমির পরিমাণ তিন হাজার ৫০৬ একর। অপদখলীয় জমি হস্তান্তরের ক্ষেত্রে ২৫টি জায়গায় সমস্যা তৈরি হয়। এর মধ্যে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মেঘালয়ের সীমান্তবর্তী এলাকার ২৩টি জায়গার সমাধান হয়ে গেছে। সংশ্লিষ্ট অপর এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, অমীমাংসিত দুটি জায়গার মধ্যে একটি হলো মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথাল টি এস্টেট। ভারত প্রথমে দাবি করেছিল, এই চা-বাগানের ৩৬০ একর জমি আসামের সংরক্ষিত বনাঞ্চলের অংশ। বাংলাদেশের পক্ষ থেকে প্রামাণিক দলিল হস্তান্তরের পর ভারত এই দাবি থেকে সরে যায়। এখন ভারত নতুন করে দাবি তুলেছে, ওই জমি আসামের এক চা-বাগানের অংশ। কিন্তু তাদের এ দাবিও টিকবে না। ওই জমি যে বাংলাদেশের তার সপক্ষে জোরালো প্রমাণ রয়েছে বলে এই কর্মকর্তা জানান।ভূমি জরিপ অধিদপ্তরের নথিপত্র অনুযায়ী, বড়লেখা উপজেলার সীমান্তবর্তী এই চা-বাগানটি ১৯২০ সালে হিন্দুস্তান টি কোম্পানির পাল্লাথাল বিভাগ হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তী সময়ে প্রায় এক হাজার ২০০ একর জমি নিয়ে প্রতিষ্ঠা হয় ‘পাল্লাথাল টি এস্টেট’ এবং তা করিমগঞ্জের জনৈক কলিন বিহারী রায়ের কাছে বিক্রি করা হয়। কলিন বিহারী পুরো বাগানেই চা চাষ করতেন। চা-বাগানটিকে ১২টি অংশে ভাগ করে চা চাষ করা হতো। এর মধ্যে ২, ৩ ও ৪ নম্বর অংশের মাঝামাঝি চা-বাগানের প্রধান সড়ক ও বিভিন্ন অংশে যাওয়ার পথ রয়েছে। ১৯৫৩-৫৪ সালে কলিন বিহারি বাগানটি বিক্রি করে দেন পুষ্প রানী চৌধুরীর কাছে। পুষ্প রানী ২, ৩ ও ৪ নম্বর সেকশনে আর চা চাষ করেননি। কারণ এসব অংশ চা চাষের উপযোগী ছিল না। তাই এসব অংশসহ বাগানের ৩৬০ একর জমিতে পানের চাষ করেন। ১৯৮৯-৯০ সালে পুষ্প রানী চৌধুরীর কাছ থেকে পাল্লাথাল চা-বাগানটি কিনে নেন রিয়াজুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, তাঁরা কিনে নেওয়ার পর চা চাষের পাশাপাশি কিছু কিছু স্থানে বাঁশঝাড়, ছন, রাবারগাছ ও পানের চাষ করছেন। রিয়াজ রহমান কিনে নেওয়ার পর থেকে বাগানের যে ৩৬০ একর জমি নিয়ে ভারত প্রশ্ন তুলেছে, সেই অংশসহ এক হাজার ২০০ একরবিশিষ্ট পুরো বাগানটি বাংলাদেশের মালিকানায় রয়েছে। বাংলাদেশ চা বোর্ডের নথিপত্র ও চা-বাগানের মানচিত্রেও ওই ৩৬০ একর জমি বাংলাদেশের মালিকানাধীন বাগানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই চা-বাগানের মধ্যে সীমান্ত পিলার ও উভয় দেশের সীমান্তরক্ষীদের চৌকি থাকলে দীর্ঘদিন ধরে স্থিতাবস্থা বজায় রেখেছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী। ফলে সেখানে চা চাষে কোনো সমস্যা হয়নি। সম্প্রতি যৌথ সমীক্ষা চলার সময় ভারত দাবি করে যে, বাগানের ওই ৩৬০ একরের অংশটি ভারতের আসাম রাজ্যের সংরক্ষিত বনাঞ্চলের অংশ। এরপর উভয় দেশের কর্মকর্তা ওই জমির মূল উ ৎ স, চা-বাগান ও পানখেত পর্যবেক্ষণ করে দেখেন। তাতে ওই ৩৬০ একর ভারতের বনাঞ্চলের অংশ, এ দাবির পক্ষে কোনো প্রমাণ মেলেনি। এর কিছুদিন পর ভারত নতুন করে দাবি করে, ওই অংশটি হচ্ছে ভারতের একটি চা-বাগানের অংশ। কিন্তু এ দাবিও টেকার কোনো যুক্তি নেই বলে মনে করেন বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁরা বলেন, ওই চা-বাগানের পাশেই কাঁটাতারের বেড়া তৈরি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্বভাবতই কাঁটাতারের বেড়াই ভারতীয় সীমান্ত হিসেবে চিহ্নিত হওয়ার কথা। সূত্রগুলো জানায়, চা-বাগানের যে অংশটি নিয়ে ভারত প্রশ্ন তুলেছে, সে অংশে ভারত থেকে প্রবেশ করা দুঃসাধ্য। আর বাংলাদেশ থেকে অনায়াসেই সেখানে চলাফেরা করা সম্ভব।তা ছাড়া ভারতের দাবি মেনে নিয়ে ওই ৩৬০ একর জমি দিয়ে দিলে ওই চা-বাগানের মূল প্রবেশপথ বিচ্ছিন্ন হয়ে যাবে। এর ফলে চা-বাগানটির অপমৃত্যু হবে বলে মন্তব্য করেছেন রিয়াজুর রহমান। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, সার্বিক অবস্থা বিবেচনা করলে এবং ১৯৭৪ সালের সীমান্ত চুক্তি ও পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে যে বোঝাপড়া হয়েছে, তার ভিত্তিতে ন্যায্যতা ও সমতার নীতিতে ওই ৩৬০ একর পাল্লাথাল টি এস্টেটের কাছে তুলে দেওয়ার বিকল্প নেই।