শতবর্ষে রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ ডিসেম্বর ১৯১০ সাল। আজ থেকে এক শতাব্দী আগে বিহারের ভাগলপুর থেকে কলকাতায় ফিরে আসেন সদ্য বিধবা সন্তানহারা এক মহীয়সী নারী। ওঠেন কলকাতার ৩০ নম্বর ইউরোপিয়ান অ্যাসাইলাম লেনের (বর্তমান আবদুল হালিম লেন) একটি বাড়িতে। বাড়ির মালিক ছিলেন সেই মহীয়সী নারীর স্বামীর সহকর্মী সৈয়দ আবদুল সালেক। এখানেই স্বামীহারা এই নারী শুরু করেন এক নতুন জীবন। কী করবেন এখন? এই চিন্তাই তাঁকে কুরে কুরে খাচ্ছিল। অবশেষে ঠিক করে ফেলেন, না, স্বামীর স্মৃতিকে অমর রাখার জন্য তিনি তাঁর স্বামীর নামে খুলবেন একটি বালিকা বিদ্যালয়। উপেক্ষিত মুসলিম নারীসমাজে শিক্ষার আলো জ্বালার জন্য এই মহীয়সী নারী শিক্ষার আলোকবর্তিকা নিয়ে কলকাতারই প্রাণকেন্দ্রে খুলে ফেলেন একটি নারীশিক্ষার বিদ্যালয়। মাত্র আটজন ছাত্রী নিয়ে শুরু হয় এই বালিকা বিদ্যালয়। বিদ্যালয়ের নাম দিলেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। কলকাতার ১৩ নম্বর ওয়ালিউল্লাহ লেনের একটি ভাড়াবাড়িতে শুরু করেন এই বিদ্যালয়। দুটি কক্ষ ভাড়া নিয়ে শুরু হয় এই বিদ্যালয়। শুরু করেন একই সঙ্গে দেশজুড়ে নারীশিক্ষার আন্দোলন। সেদিনকার সেই বিদ্যালয়টি আজ শতবর্ষে পা দিয়েছে। আজ আর ভাড়াবাড়িতে নয়, তৈরি হয়েছে চারতলার বিশাল অট্টালিকা। ছাত্রীসংখ্যা বেড়ে আটজন থেকে এখন হয়েছে এক হাজার ৪০০। শিক্ষিকার সংখ্যা ৫৮। বিদ্যালয় চলে দুই পালায়। সেই শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। যিনি এই বিদ্যালয় গড়েছিলেন, সেই নারী হলেন বেগম রোকেয়া। আর আজ এই বেগম রোকেয়ার গড়া সাখাওয়াত মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয় পালন করছে শতবর্ষ উৎসব। স্মরণ করছে বেগম রোকেয়াকে। হূদয় দিয়ে, ভালোবাসা দিয়ে, শ্রদ্ধাবনতচিত্তে।বেগম রোকেয়ার জন্ম ১৮৮০ সালের ৯ ডিসেম্বর বাংলাদেশের রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে। আর মৃত্যু ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতায়। ১৬ বছর বয়সে বেগম রোকেয়ার বিয়ে হয়েছিল বিহারের ভাগলপুর নিবাসী বিপত্নীক সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে। সাখাওয়াত হোসেনের তখন একটি কন্যাসন্তান ছিল। সাখাওয়াত হোসেন ছিলেন বিহারের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি ছিলেন মুক্তমনের ও প্রগতিবাদী চিন্তা-চেতনার মানুষ। বেগম রোকেয়ার যখন জন্ম, তখন শিক্ষার দিক থেকে পিছিয়ে ছিলেন মুসলিম নারীরা। বেগম রোকেয়াই মুসলিম নারীর মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য শুরু করেন আন্দোলন। নিজেও শেখেন ইংরেজি, বাংলা, উর্দু ও ফার্সি ভাষা। রোকেয়া নিজের নাম বাংলায় রোকেয়া খাতুনও লিখতেন। যদিও তিনি গোটা উপমহাদেশে তিনি পরিচিত হন বেগম রোকেয়া হিসেবে। আজ রোকেয়া বেগম নেই, কিন্তু বেঁচে আছে শতাব্দী কাল ধরে তাঁর হাতে গড়া সাখাওয়াত মেমোরিয়াল বালিকা বিদ্যালয়টি। দাঁড়িয়ে আছে কলকাতা শহরের প্রাণকেন্দ্র ১৭ লর্ড সিনহা রোডে। এখানে এখনো পাঠদান করা হয় বাংলা, ইংরেজি ও উর্দু মাধ্যমে।বিশিষ্ট রোকেয়া গবেষক প্রাণতোষ বন্দ্যোপাধ্যায় প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় বলেন, ১৯১০ সালে স্বামীহারা রোকেয়া যখন কলকাতায় আসেন, তখন সঙ্গে আরও আসেন তাঁর ছোট বোন হুমাইয়ারা ও হুমাইয়ারার দুই মাসের শিশুপুত্র আমির হোসেন চৌধুরী। সাখাওয়াত হোসেনের প্রথম পক্ষের কন্যা এবং তাঁর জামাতার অকথ্য অত্যাচার সইতে না পেরে স্বামীর মৃত্যুর পর তিনি চলে আসেন কলকাতায়। স্বামী মারা যান ১৯০৯ সালে কলকাতায় চিকিৎসা করাতে এসে। যদিও তাঁর দাফন হয় ভাগলপুরে। বেগম রোকেয়ার দুটি কন্যাসন্তান জন্ম হলেও সেই সন্তান জন্মের পরই মারা যায়। রোকেয়া বেগমের সঙ্গে আসা আমির হোসেনই লালিত-পালিত হয়েছিলেন রোকেয়ার কাছে। কলকাতার বেকার হোস্টেলে থেকে তত্কালীন ইসলামিয়া কলেজ থেকে তিনি স্নাতক হয়েছিলেন। ১৯৬৪ সালের দাঙ্গার সময় তিনি দাঙ্গা ঠেকানোর কাজে নিজেকে উৎসর্গ করেছিলেন ঢাকায়। বাঁচিয়েছিলেন প্রতিবেশীদের। পরে নূরুল আমিনের গুণ্ডা বাহিনীর হাতে তিনি নিহত হয়েছিলেন। রোকেয়া বেগম ১৯১১ সালের ১৬ মার্চ আটজন ছাত্রী নিয়ে প্রথম শুরু করেছিলেন বালিকা বিদ্যালয়, কলকাতার ১৩ নম্বর ওয়ালিউল্লাহ লেনের একটি ভাড়াবাড়িতে। মাকে নিয়ে এই বাড়িতেই থাকতেন রোকেয়া। এরপর ১৯১৩ সালের ৯ মে বিদ্যালয়টি তিনি সরিয়ে নিয়ে আসেন ১৩ নম্বর ইউরোপিয়ান অ্যাসাইলাম লেনের চার কামরার একটি ভাড়াবাড়িতে। এখানেই তিনি প্রথম প্রতিষ্ঠা করেন ছাত্রীনিবাসের। এরপর ছাত্রীসংখ্যা বাড়ায় ১৯১৫ সালের ২৭ ফেব্রুয়ারি এই বিদ্যালয়টি ফের চলে আসে কলকাতার ৮৬/এ নম্বরের লোয়ার সার্কুলার রোডের একটি দ্বিতল ভবনে। এখানে এই বিদ্যালয়টি চলে ১৬-১৭ বছর। এরপর ১৯৩২ সালের জুন মাসে এই বিদ্যালয়টি চলে আসে ১৬২ লোয়ার সার্কুলার রোডে। দ্বিতল ভবনের সেই বাড়িটি এখন আর নেই। এখানেই তৈরি হয়েছে সিপিআইয়ের রাজ্য কমিটির দপ্তর। ভুপেশ গুপ্ত ভবন। লোয়ার সার্কুলার রোডের এই বাড়িতেই জীবনাবসান হয় বেগম রোকেয়ার সেই ১৯৩২ সালের ৯ ডিসেম্বর। বিদ্যালয় প্রতিষ্ঠা থেকে মৃত্যুর আগ পর্যন্ত বেগম রোকেয়া ছিলেন এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সুপারিনটেনডেন্ট। এরপর এই বিদ্যালয়টি চলে যায় বর্তমান স্থলে। ১৭ লর্ড সিনহা রোডে। ১৯৩৭ সালে সরকার অধিগ্রহণ করে সাখাওয়াত মেমোরিয়াল বিদ্যালয়টি। ১৯৩৯ সালে বিদ্যালয়টি চলে আসে ১৭ নম্বর লর্ড সিনহা রোডে। তখন এই বাড়িটির নাম ছিল নবাববাড়ি। ছিল সিংহদরজা। শোনা যায়, ওই বাড়ির মালিক ছিলেন নবাব-পরিবারের এক শরিক। এখানেই সরকারকে নামমাত্র ট্যাক্স দিয়ে শুরু হয় সাখাওয়াত মেমোরিয়াল বিদ্যালয়ের কার্যক্রম। তখন এখানে ছিল দ্বিতল ভবনের একটি বাড়ি। সঙ্গে বাগান। পরে ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর বিদ্যালয়ের এই জায়গা পাকাপাকিভাবে তুলে দেওয়া হয় সাখাওয়াত মেমোরিয়াল বিদ্যালয়ের হাতে। বিদ্যালয়ও হয়ে যায় সরকারি। ১৯২৭ সালে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন সাকিনা সুলতানা মোয়ায়েদ জাদা। ১৯৩২ সালে ছিলেন মিস সিনহা। ১৯৩৬ সালে ছিলেন ভারতী চক্রবর্তী। ১৯৫৮ সালের দিকে লর্ড সিনহা রোডের বাড়িটি বিদ্যালয় চলার পক্ষে উপযুক্ত না হওয়ায় এটি ভেঙে নতুন বিদ্যালয় গড়ার উদ্যোগ নেওয়া হয়। ফলে ওই বছরই বিদ্যায়টিকে সাময়িক কালের জন্য স্থানান্তর করা হয় আলীপুরের মালটিপারপাস গার্লস স্কুলে। ১৯৬৪ সালে ফের বিদ্যালয় চলে আসে বর্তমান জায়গা সেই লর্ড সিনহা রোডে। আজও সেখানেই দাঁড়িয়ে আছে বেগম রোকেয়ার স্মৃতিবাহী এই হলুদ রঙের বিদ্যালয়টি।এই বিদ্যালয়টি আজ পালন করছে শতবর্ষ। শতবর্ষের অনুষ্ঠানমালা শুরু এ বছরের ১৬ মার্চ। চলবে ২০১১ মার্চ পর্যন্ত। আর শতবর্ষের এই উৎসব ঘিরে সেজেছে বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপিয়া সিংহ মহাপাত্র প্রথম আলোকে বলেছেন, শতবর্ষের এই অনুষ্ঠান উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আসছেন দেশ-বিদেশের এই বিদ্যালয়ের কৃতী ছাত্রীরা। লন্ডনের রোজ ব্রাফোর্ড কলেজ অব থিয়েটার অ্যান্ড পারফরমেন্সের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলও আসছে। আসছে বাংলাদেশের প্রতিনিধিও। তিনি আরও বলেছেন, এ বছরের ১৬ মার্চ থেকে শুরু হবে বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠান। শেষ হবে ২০১১ সালের ১৬ মার্চ। বছরজুড়ে থাকবে নানা অনুষ্ঠান। আর শতবর্ষের অনুষ্ঠানের সূচনা হবে বিদ্যালয়ে। সকালে পদযাত্রা। পতাকা উত্তোলন। ১০০ প্রদীপ প্রজ্বালন। আর মূল অনুষ্ঠান হবে কলকাতার বিজ্ঞান নগর মিলনায়তনে। এখানেই চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আবৃত্তি, সংগীত, নৃত্যের পাশাপাশি আরও থাকবে উর্দু ও ইংরেজি নাটক। সেই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চিত্রাঙ্গদা।