শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার জীবনের নানাবিধ কাজের মধ্যে অন্যতম কঠিন কাজটি কিন্তু সুফিয়া কামালকে নিয়ে লেখা, সে কন্যা হিসেবেই হোক, কি বাংলাদেশের নারী আন্দোলন ও মানবাধিকারের কর্মী হিসেবেই হোক অথবা একজন সাধারণ নাগরিক হিসেবেই হোক। এর মূল কারণ অবশ্য তাঁর জীবনের সঞ্চারণ, সঞ্চালন এবং ব্যাপ্তির যে গভীরতা, তার সামগ্রিক রূপটা ধরে নিয়ে তা কোনো লেখনীর মধ্য দিয়ে প্রকাশ করা প্রায় অসম্ভব একটি ব্যাপার। তারপরও তো বলার থাকে। সুফিয়া কামালের সাহিত্য চর্চা, তাঁর কবি পরিচয়, এ দেশের সকল আন্দোলন-সংগ্রাম থেকে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ-পরবর্তী সময় স্বাধীন বাংলাদেশ গড়ার কাজে তাঁর অবদান, নারী, শিশু, প্রতিবন্ধী—যে যেভাবে দুর্বল অবস্থানে থেকেছে, তার অধিকার প্রতিষ্ঠায় তাঁর কাজ বহুল আলোচিত হলেও এখনো তাঁর পরিধি নিরূপণ করা পূর্ণ হয়েছে বলে দাবি করা যায় না। তাঁর মাতৃরূপের পরিচয় ও আস্বাদ পায়নি এমন মানুষের সংখ্যা হাতে গোনা যাবে। মানুষের সঙ্গে, এ দেশের মাটির সঙ্গে তাঁর যে অচ্ছেদ্য বন্ধন ও ভালোবাসার নিগূঢ় সম্পর্ক, তার সংবাদও হয়তো জানা আছে অনেকের। তাই তো সুমন (কবির সুমন) এত চমৎকারভাবে বলতে পেরেছেন যে তিনি বাংলাদেশের চিত্রটি দেখেন সুফিয়া কামালের মুখে। সুমন আরও বলেছেন, বাংলাদেশের মানুষের কাছে ভাত আর ভাষা মানেই সুফিয়া কামাল! এ তো গেল তাঁর, যাকে বলা যেতে পারে জন-অবয়ব। একেবারে নিজের কাছে তাঁর যে একটা আশ্চর্য অপরূপ এক নিজস্ব জগতের অস্তিত্ব ছিল, যেখানে ঘরের পোষা বিড়াল, কুকুর, প্রতিদিন তাঁর উঠোনের গাছগুলোতে আসা পাখিগুলো, কাঠবিড়ালি, এমনকি প্রতিবেশীদের পোষা প্রাণীগুলো নিয়ে। তাঁর আঙিনার প্রতিটি গাছপালার সঙ্গে ছিল তাঁর সখ্য। তিনি যেমন পরম আদরে মাথায় হাত বুলিয়ে দিতেন তাঁর কাছে স্নেহপ্রার্থী যেকোনো মানুষের, তেমনই আদরের স্পর্শ পেয়ে এসেছে তাঁর আদরের বিড়াল ‘কুটু’, কুকুর, ‘ডিংকু’। একা একা যখন বারান্দার পাশের গাছে কাঠবিড়ালির ওঠানামা দেখতেন, তাঁর চেহারায় ফুটে উঠত এক অদ্ভুত তৃপ্তি। একদিন পাখিগুলো না এলে চিন্তিত হতেন কী হলো তাদের। ‘কুটু’র নিয়মিত গোসল হতো তাঁর হাতে—ছিল ‘কুটু’র আলাদা চিরুনি, যা দিয়ে তিনি নিজের হাতে আঁচড়ে দিতেন তার সারা শরীর। মনে আছে একটা পর্যায়ে তিনি যখন খুবই অসুস্থ, আমি প্রায়ই সিলেট থেকে এসে তাঁর কাছে থাকতাম। আমি ঘুমোতাম তাঁর পাশের ঘরেই, যেখান থেকে তাঁর ঘরটা সরাসরি দেখা যেত। মায়ের বিছানার পাশে একটা ছোট শতরঞ্জি পাতা ছিল। পোষা কুকুর ‘ডিংকু’ কদিন ধরে নিয়ম করল রাতে পাহারাদারির কাজ ছেড়ে মায়ের বিছানার পাশের শতরঞ্জিটায় ঘুমোতে। একদিন রাতে মা বিছানা থেকে নামতে গিয়ে ‘ডিংকু’র শরীরের বাধায় পড়ে গেলেন। আমি শব্দ পেয়ে ছুটে গিয়ে তাঁকে তুললাম। স্বভাবতই রাগটা গিয়ে পড়ল ডিংকুর ওপর। আমি ডিংকুকে বকা দিতেই মা বললেন, ‘শোনো, ডিংকু ছিল বলে তো আমার মাথাটাথা ফাটেনি বা হাড়গোড় ভাঙেনি। কারণ, আমার মাথাটা গিয়ে ওর পেটের মধ্যে পড়েছিল।’ এই ছিলেন সুফিয়া কামাল! সবকিছুর মধ্যেই অন্যের ভালোটা দেখা! যার জন্য পড়ে গেলেন, তাকেই বাঁচানোর চেষ্টা! কত স্নেহশীল, মমতাময়ী হলে একজন মানুষ এমন হতে পারে। কখনো কখনো কঠিন সময়ে বাড়িতে মাছ আসেনি, কিন্তু তাঁর বিড়ালদের জন্য মাছ আসা বন্ধ হয়নি, নিজের হাতে কুটে-বেছে রান্না করে খাইয়েছেন তাদের। তাঁর কথা ছিল ‘অবলা প্রাণী—বলতে তো পারবে না কষ্ট হলেও!’ আমাদের বাড়ির এক গৃহকর্মী একবার মন্তব্য করেছিল, ‘আমাদের বাড়িটা কুকুরদের মেডিকেল।’ কারণ পাড়ার সব বেওয়ারিশ কুকুর অসুস্থ অবস্থায় আমাদের বাড়ির বারান্দায় এসে উঠত। শুধু কি তাই, যেসব মানুষজন, প্রতিবেশী বা দূরের বাসিন্দা, তাদের বিড়ালছানাগুলো ফেলে দিতে চাইত, কখনো মাকে বলে, কখনো লুকিয়ে আমাদের বাড়ির উঠোনে ফেলে যেত! অন্যদিকেও আমাদের যত অভাব-না পাওয়া পুষিয়ে দিতে সদা সচেষ্ট থেকেছেন নিজের শরীরের খাটুনি দিয়ে। শুধু আমাদের কেন? যারাই তাঁর কাছে এসেছে, সবার জন্য সবচেয়ে ভালোটা তুলে দিয়েছেন নিজের সব স্বার্থ ভুলে গিয়ে!মনে আছে, একবার খুব অসুস্থ অবস্থায় পিজি হাসপাতালে তাঁকে যত্ন করে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হলো। তিনি অসুস্থ হলেও চলতে-ফিরতে পারেন। আশপাশে সবাই অনেক বেশি অসুস্থ। আমাকে ডেকে বললেন, ‘ডাক্তারদের বল আমাকে ছেড়ে দিতে। আমার তো এত যত্নের প্রয়োজন নাই। আমি শুধু শুধু একটা বেড আটকে রেখেছি। অনেকের প্রয়োজন হতে পারে কিন্তু তারা তো পাবে না।’ডাক্তারকে আমি সে কথা বলায় ডাক্তার একটু অবাক হয়ে বললেন—‘কত বড় মানুষদের দেখেছি, একবার এখানে এলে সহজে যেতে চান না আর তিনি নিজেই ছেড়ে দিতে চাইছেন?’ এমনই নির্লোভ ছিলেন সুফিয়া কামাল। উল্লেখ্য, তাঁদের মতো মানুষের পিজিতে থাকার খরচ কিন্তু বহন করত সরকার।ভালোবাসতেন উঠোনের নিমগাছটি, নিমের ফুল, বর্ষায় কদম ফুলের ফুটে ওঠা, বাড়ির মূল ফটকে মাধবীলতা, বাবার হাতে লাগানো বাবলাগাছের হলুদ সমারোহ। গরমকালে ছাদ ঘেঁষে চাঁপা ফুলের সৌরভ, গন্ধরাজের মাতাল করা গন্ধ আর বর্ষায় বেল, জুঁই, কামিনী। খুব পছন্দের ছিল হাসনাহেনা। তবে সবচেয়ে বেশি আনন্দ পেতেন বোধহয় শরতের শিউলি ফোটায়। শেষবারের মতো অসুস্থ হয়েছিলেন শরতের কাছাকাছি সময়ে। তখন তাঁর শক্তি ছিল না হেঁটে উঠোন, এমনকি বারান্দা পর্যন্তই আসেন। ঘরে শুয়ে-বসে খবর নিতেন সবার—কাছের-দূরের। একইভাবে খবর নিতেন পাখিগুলো আসে কি না, কাঠবিড়ালিটা কি কাঠবাদামের গাছটা বেয়ে ওঠানামা করে তখনো? ঠিক জানতেন বারান্দায় রোদটা সে সময় কোন দিক থেকে এসে পড়বে। জানতে চাইতেন তেমনই হচ্ছে কি না। শিউলি ফুলের রাশিতে নিচটা ঢেকে যাচ্ছে কি? মনে পড়ে কোনো কোনো সন্ধ্যায় মা এস্রাজ বাজাতেন।কদম ফুল ফোটার সময় এসেছে, আসবে শিউলি ফোটার দিন, উঠোনে-বারান্দায় শরতের রোদও উঁকি দেবে কয়দিন পর—সবকিছুর মধ্যেই ঘুরে ঘুরে খুঁজে পেতে চাই তাঁর দৃষ্টি আর ভাবি তাঁর জানতে চাওয়া সবকিছু ঠিকমতো ঘটছে কি?