শতবর্ষের পথিকৃৎ নারী
নিজস্ব প্রতিবেদকনারী দিবস সামনে রেখে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে অবদান রাখা বিভিন্ন নারীর আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘শতবর্ষের পথিকৃৎ নারী’ শীর্ষক আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। গতকাল বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভবনের সামনে এ প্রদর্শনীর উদ্বোধন করেন দেশের প্রখ্যাত আলোকচিত্রী সাঈদা খানম। বেসরকারি সাহায্য সংস্থা স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট এ প্রদর্শনীর আয়োজন করে।অবিভক্ত ভারতে নারীমুক্তির অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন, সুফিয়া কামাল, নারীশিক্ষা ও নারীদের ভোটাধিকার আন্দোলনের অগ্রণী সংগঠক শামসুন নাহার মাহমুদ, পূর্ব পাকিস্তানের প্রথম মুসলিম নারী রাজনীতিবিদ জোবায়দা খাতুন চৌধুরী, ব্রিটিশ উপনিবেশবিরোধী আন্দোলনের সংগঠক ও বাংলাদেশের নারী আন্দোলনের নেত্রী হেনা দাশ, বাংলাদেশের নারীনেত্রী ও মুক্তিযোদ্ধা কাজী আজিজা ইদরিস, লীলা নাগ, সরলা দেবী চৌধুরানী, ভাষাসংগ্রামী রানী ভট্টাচার্য ও সোফিয়া খানের আলোকচিত্র এখানে প্রদর্শিত হয়েছে। পাশাপাশি আমেরিকার নারী অধিকার আন্দোলনের সংগঠক এঞ্জেলিনা এমিলি গ্রিমকে, নারীবাদী ব্রিটিশ লেখক মেরি উলস্টোনক্রাফটসহ আরও বেশ কয়েকজন বিখ্যাত নারীর আলোকচিত্র দেখানো হলো প্রদর্শনীতে।পাশাপাশি সন্ধ্যায় প্রামাণ্যচিত্র অগ্নিজিতা এবং নারী দিবসের আলোকে নির্মিত প্রামাণ্যচিত্র ৮ মার্চ দেখানো হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া পারভীন বলেন, ‘প্রদর্শনীতে এসে উপমহাদেশে অবদান রাখা বিভিন্ন নারীর আলোকচিত্র যেমন দেখলাম, তেমনি আন্তর্জাতিক অঙ্গনে অবদান রাখা নারীদের ছবি দেখে তাঁদের সম্পর্কে জানলাম।’ প্রদর্শনী গতকালই শেষ হয়েছে।বাংলা একাডেমীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ নিয়ে আলোচনা বাংলা একাডেমী গতকাল বুধবার ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে একক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করে। একাডেমীর সেমিনার কক্ষে বক্তৃতা করেন ফিরোজ মাহমুদ। সভাপতিত্ব করেন বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত ভাষণ দেন একাডেমীর সচিব মো. আলতাফ হোসেন। ফিরোজ মাহমুদ তাঁর বক্তৃতায় বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল আমাদের অলিখিত স্বাধীনতার ঘোষণা। বাঙালির অকৃত্রিম বন্ধু শেখ মুজিব ভাষা আন্দোলনের সময় থেকেই যে দেশপ্রেম, দূরদর্শিতা ও সংগ্রামী ভূমিকা পালন করেন, তারই উন্মুক্ত প্রকাশ ঘটেছে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে প্রদত্ত ঐতিহাসিক বক্তৃতায়। এ ভাষণ ছিল আবেগ ও যুক্তির অভূতপূর্ব সমন্বয়।’অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ ছিল পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণের একটি। প্রবল প্রতিকূল পরিস্থিতিতে রাষ্ট্রনৈতিক প্রজ্ঞা ও কৌশলে বঙ্গবন্ধু পরোক্ষভাবে ৭ মার্চের এ ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতার পথে আহ্বান করেন। তিনি বলেন, স্বল্প সময়ের ভাষণে বঙ্গবন্ধু গোটা জাতিকে ঐক্যের সুতায় গেঁথে ফেলেন। এ ভাষণের বিরুদ্ধে যতই বিরূপ মূল্যায়ন করা হোক, এ কথা অস্বীকারের কোনোই উপায় নেই যে ৭ মার্চ বঙ্গবন্ধু হাজার বছরে বাঙালি জাতিকে প্রথম স্বাধীনতার আস্বাদ দেন। এ ভাষণ চার দশক পেরিয়েও আমাদের জন্য সমান প্রেরণা ও উজ্জীবনের।লালন স্মরণোৎসব শুরুকুষ্টিয়া অফিসকুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে গতকাল বুধবার সন্ধ্যায় পাঁচ দিনব্যাপী লালন স্মরণোৎসব শুরু হয়েছে। উৎসবের উদ্বোধন করেন সাংসদ সুলতানা তরুণ। প্রধান আলোচক ছিলেন প্রবীণ সাংবাদিক ওয়ালীউল বারী চৌধুরী। বাউলসম্রাট ফকির লালন শাহ তাঁর জীবদ্দশায় ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে প্রতিবছর চৈত্রের দোল পূর্ণিমা তিথিতে তাঁর ভক্ত-অনুসারীদের নিয়ে গানের আসর করতেন। তাঁর তিরোধানের পর থেকে এ তিথিতে স্মরণোৎসব হিসেবে সমাধি চত্বরে প্রতিবছর গানের আসর বসে।বাউলদের আচার-অনুষ্ঠান ছাড়া লালন একাডেমির আয়োজনে ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সন্ধ্যায় কালী নদীর পাড়ে লালন মঞ্চে লালন একাডেমি ও দেশের বিভিন্ন জায়গা থেকে আসা শিল্পীরাও গান পরিবেশন করেন।সাম্মানিক ডিলিট পেলেন হাসান আজিজুল হক কলকাতা প্রতিনিধিহাসান আজিজুল হককে সাম্মানিক ডিলিট দিয়েছে ভারতের আসাম রাজ্যের শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ১২তম সমাবর্তন উৎসবে এ সম্মাননা তুলে দেওয়া হয় হাসান আজিজুল হকের হাতে। সম্মাননা তুলে দেন আসামের রাজ্যপাল জানকিবল্লভ পট্টনায়েক ও উপাচার্য তপধীর ভট্টাচার্য। আবৃত্তি সংকলন: ৭ মার্চ উপলক্ষে গতকাল দুপুরে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের আবৃত্তিকার শাহাদৎ হোসেন আবৃত্তির সংকলন বাংলাদেশের অপর নাম শেখ মুজিবুর রহমান প্রকাশিত হয় অডিও সিডি আকারে। এই আবৃত্তি সংকলনে বাংলাদেশের প্রথিতযশা কবিদের নির্বাচিত ১৯টি কবিতা রয়েছে। কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক পবিত্র সরকার এই আবৃত্তি সংকলনের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার তারেক মুহাম্মদ আরিফুল ইসলাম।