শতভাগ না হলেও নির্বাচন সফল হয়েছে: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শতভাগ না হলেও ভোলা-৩ আসনের উপনির্বাচন সফল হয়েছে। এ মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। গতকাল শনিবার রাত নয়টার পর দপ্তর ত্যাগের আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।সিইসি আরও বলেন, ‘নির্বাচন ভালো হয়েছে এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। সকালে বিএনপি ৩০টি কেন্দ্রের ব্যাপারে অভিযোগ করেছিল। আমরা বিভিন্নভাবে তদন্ত করে নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছি। সব কটি লালমোহনে, তজুমদ্দিনে কিছু পাওয়া যায়নি।’আইন প্রয়োগকারী সংস্থার প্রশংসা করে সিইসি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করার জন্য আমরা স্থানীয়দের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিইনি। সাধারণ হিসাব অনুযায়ী ছয় গুণ বেশি পুলিশ নিয়োগ করেছি। র‌্যাবের ২৪০ জন সদস্য দায়িত্ব পালন করেছেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন বলা যায় সুষ্ঠুই হয়েছে। কোথাও আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়েছে বলে শুনিনি। দা-বঁটির ব্যবহার ছিল। এটা আমাদের বাহিনীর সাফল্য।’ বিএনপির অভিযোগ সম্পর্কে সিইসি বলেন, তাদের অভিযোগের ভিত্তিতে নয়টি কেন্দ্র স্থগিত করা হয়েছে। সামান্য সন্দেহ যেখানে হয়েছে, সেখানেই ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। তিনি বলেন, অভিযোগ করার আগে তাদের একবারও কি মনে হয়নি যে রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে। ফলাফল মেনে নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে।শামসুল হুদা আরও বলেন, সকালে এখানে এসে বিএনপি নিয়ন্ত্রণ কক্ষ করতে চেয়েছিল। কমিশনে রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ কক্ষ থাকার নজির বিশ্বের কোথাও নেই। কেন? তাদের নিজেদের জায়গা নেই? তাদের জায়গা দিলে তো আওয়ামী লীগ বলবে, তাদেরও নিয়ন্ত্রণ কক্ষের জন্য জায়গা দিতে হবে। নির্বাচন শতভাগ সফল হয়েছে কি না জানতে চাইলে সিইসি বলেন, শতভাগ সফল নির্বাচন কোথাও হয় না। আমেরিকা, যুক্তরাজ্যেও নয়।বিএনপির কর্মকাণ্ড পীড়াদায়ক ছিল মন্তব্য করে সিইসি বলেন, দুই প্রার্থীই মেনে নিয়েছেন যে বহিরাগতদের এজেন্ট নিয়োগ করা যাবে না। কিন্তু সকালে রিটার্নিং কর্মকর্তা জানালেন, ৩৭ কেন্দ্রে বিএনপির এজেন্ট নেই। যদি এলাকা থেকেই এজেন্টই দিতে না পারল, তাহলে কী হলো? শেষ পর্যন্ত নিয়ম ভঙ্গ করে ওই সব কেন্দ্রে বাইরের লোককে এজেন্ট হিসেবে নিয়োগের জন্য বলা হয়েছে।বিএনপির পক্ষ থেকে তিন কমিশনারের পদত্যাগের দাবি সম্পর্কে সিইসি বলেন, এ দাবি তারা আরও বহুবার করেছে। নির্বাচনে যারা হারে, তারা এমন কথাই বলে।