শতভাগ না হলেও নির্বাচন সফল: সিইসি
ভোলা-৩ আসনের উপনির্বাচন শতভাগ না হলেও সফল হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। আজ শনিবার রাত নয়টার দিকে দপ্তর ত্যাগের সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন ভালো হয়েছে এবং তাতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। সকালে বিএনপি আমাদের ৩০টি কেন্দ্রের ব্যাপারে অভিযোগ করেছিল, আমরা বিভিন্নভাবে তদন্ত করে নয়টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছি। সবকটি লালমোহনে। তজুমদ্দিনে কিছু পাওয়া যায়নি।’নির্বাচনে আইন প্রয়োগকারী সংস্থার প্রশংসা করে সিইসি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করার জন্য আমরা স্থানীয়দের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেইনি। সাধারণ হিসাব অনুযায়ী ছয়গুণ বেশি পুলিশ বাহিনী নিয়োগ করেছি। ২৪০ জন র্যাব সদস্য দায়িত্ব পালন করেছেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন বলা যায় সুষ্ঠুই হয়েছে। কোথাও আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়েছে বলে শুনিনি, তবে দা-বটির ব্যবহার ছিল। এটা আমাদের বাহিনীর সাফল্য।’শামসুল হুদা বলেন, সকালে এখানে এসে বিএনপি কন্ট্রোল রুম করতে চেয়েছিল। কমিশনে রাজনৈতিক দলের কন্ট্রোল রুম, এমন নজির বিশ্বের কোথাও নেই। কেন তাদের নিজেদের জায়গা নেই? তাদের জায়গা দিলে তো আওয়ামী লীগও বলবে, তাদেরও কন্ট্রোল রুমের জন্য জায়গা দিতে হবে।বিএনপির পক্ষ থেকে তিন কমিশনারের পদত্যাগের দাবি সম্পর্কে সিইসি বলেন, এ দাবি তারা আরও বহুবার করেছে। নির্বাচনে যারা হারে তারা এমন কথা বলেই।