নিত্যপণ্যের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীদের একহাত নিলেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান। তিনি বলেছেন, ভোজ্যতেল ও চিনি ছাড়া রমজানে প্রয়োজনীয় সব পণ্যে ৫০ শতাংশ থেকে শতভাগ পর্যন্ত মুনাফা করছেন ব্যবসায়ীরা।রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মিলনায়তনে দ্রব্যমূূল্য নিয়ে আয়োজিত মতবিনিময়ে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এ কথা বলেন। গতকাল মঙ্গলবার এ সভার আয়োজন করে ঢাকা চেম্বার।এর আগে ব্যবসায়ীরা বলেছেন, অনেক পণ্যই তাঁরা লোকসানে বিক্রি করছেন। চলতি বাজেটে কৃষিপণ্যের আমদানি শুল্ক নিয়ে জটিলতার কারণেও আদা-রসুনের দাম বেড়েছে। আবার ডালসহ কিছু পণ্য ‘একটু’ বেশি দামে বিক্রি করছেন।সভায় ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ব্যবসায়ীরা কত বেশি দামে পণ্য বিক্রি করছেন, তা তুলে ধরেন। তিনি বলেন, প্রতি কেজি আদায় খরচ হয় ৩৭ টাকা। বাজারে বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। আমদানি করা পেঁয়াজের মূল্য হয় ১৪ থেকে ১৫ টাকা, বিক্রি হচ্ছে ২৫ টাকায়। খেজুর আমদানি করা হয়েছে ৫৮ টাকায়, বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এক কেজি মসুর ডালে ৪৩ টাকা বেশি নেওয়া হচ্ছে। এ সময় তিনি বলেন, ‘আরও বলব? তাহলে লজ্জা পাবেন।’এসব তথ্য উল্লেখ করে চেয়ারম্যান বলেন, ‘এটা কি গ্রহণযোগ্য? এটা মুনাফাখোরি। এটা অবশ্যই বন্ধ করতে হবে। এটা কি বাংলাদেশের মানুষের রক্ত-মাংস খেয়ে ফেলার মতো না?’ব্যবসায়ীদের উদ্দেশে মজিবুর রহমান বলেন, ‘দয়া করে আপনারা সেবার উদ্দেশ্যে ব্যবসা করবেন না, মুনাফা করবেন। কিন্তু দয়া করে বেশি মুনাফা করবেন না। এটা হারাম, হারাম, হারাম।’সভায় ঢাকা মহানগর কৃষিপণ্য আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার বাবুল দেশে রসুনের পর্যাপ্ত উৎপাদন হয়েছে উল্লেখ করে কোরবানি ঈদ পর্যন্ত চীন থেকে রসুন আমদানি বন্ধের দাবি জানান।ট্যারিফ কমিশনের চেয়ারম্যান বলেন, ‘রসুনের আমদানি এ মুহূর্তে বন্ধ করতে পারছি না। কারণ, এখন যদি আমদানি বন্ধ করে দিই তাহলে ব্যবসায়ীরা এ মাসে ইচ্ছামতো মজুদ করবেন এবং সারা বছরের লাভ এক মাসেই করে ফেলার চেষ্টায় রত হবেন।’সভায় এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, ব্যবসায়ীরা ইচ্ছা করে পণ্যের দাম বাড়ান না। অনেক সময় পণ্যের দাম বাড়াতে বাধ্য হন। রমজানে প্রয়োজনীয় পণ্যের চাহিদা ও মজুদের তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘এবার বাজার স্বাভাবিক থাকার কথা। কিন্তু তার পরও দাম বাড়ছে। প্রশ্ন হলো, দামটা বাড়ায় কে? ভৌতিকভাবে তো আর দাম বাড়ানো হচ্ছে না। এটা তদারক করতে হবে।’ এ কে আজাদ বলেন, একই বাজারে একেক দোকানে একেক পণ্যের একেক দাম। সেখানে কোনো জবাবদিহি নেই।সভার মূল প্রবন্ধে ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, রমজানে প্রয়োজনীয় সব পণ্যের পর্যাপ্ত মজুদ থাকার পরও এসব পণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রবণতা প্রশ্নবিদ্ধ। মানুষের ক্রয়ক্ষমতা গত বছরের তুলনায় এ বছর যতটা বেড়েছে, দ্রব্যমূল্য তার চেয়ে অনেক বেশি বেড়েছে।আবদুল মোনেম সুগার মিলসের উপব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন মোনেম বলেন, ‘কোনো পণ্যের আমদানি ব্যয় যদি ৭০ টাকা হয়, তা যদি ৮০ টাকায় বিক্রি হয় তাহলে ঠিক আছে। কিন্তু ওই পণ্য যদি ১৫০ টাকায় বিক্রি হয়, তাহলে সেখানে অবশ্যই বিচ্যুতি (ডিসটোরশন) আছে। পণ্য বিপণনের কোন কোন পর্যায়ে বিচ্যুতি হচ্ছে, সেখানে হাত দিতে হবে।’খন্দকার বাবুল বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় আমাদের ১ শতাংশ মুনাফা করতে বলেছে। কিন্তু আদায় আমরা ৮ শতাংশ লোকসান দিচ্ছি। পেঁয়াজ আমদানিতে খরচ পড়ছে ১৯ টাকা। বিক্রি করছি ১৭ টাকায়।’ খন্দকার বাবুল প্রশ্ন তোলেন, এক কেজি হলুদ বিক্রি হচ্ছে ৫২ টাকায়। কিন্তু সেই হলুদ গুঁড়া করে প্যাকেটে ভরে কীভাবে ৩৫০ টাকা হবে?ঢাকা চেম্বারের সদস্য দ্বীন মোহাম্মদ বলেন, ‘টিসিবি ও সুগার করপোরেশন যদি বাড়তি দামে চিনি বিক্রি করে, তাহলে ব্যবসায়ীরাও দাম বাড়ানোর চিন্তা করতে পারে।’ তিনি বলেন, বাজারে ভোজ্যতেল ও ডালের দাম ‘একটু’ বেড়েছে। পণ্যে ভেজাল: জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন আম, টমেটো ও মাছে ভেজাল মেশানোর কথা উল্লেখ করে বলেন, ‘দু-একজন ব্যবসায়ী কি ফরমালিন দিচ্ছেন? না, হাজার হাজার ব্যবসায়ী ফরমালিন দিচ্ছেন।’ ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কি আপনার ছেলের জন্য মেয়াদোত্তীর্ণ ওষুধটা কিনবেন? ফরমালিন দেওয়া আম কিনবেন?’এ কে আজাদ বলেন, ‘ব্যবসায়ীদের প্রতিনিধি হিসেবে অনেক সময় আমাকে লজ্জা পেতে হয়। ভয়ে মানুষ ফল খান না। ফলে ফরমালিন মেশানো হয়। ব্যবসায়ীদের কেউ না কেউ এটা করেন। এর দায় আমরা এড়াতে পারি না।’