প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৭টি জেলায় বিদ্যালয়ে গমনের উপযোগী সব শিশু ভর্তি হয়েছে। কিন্তু প্রথম আলোর প্রতিনিধিরা নয়টি জেলায় সরেজমিন পরিদর্শন করে এই দাবি পুরো সত্য নয় বলে তথ্যপ্রমাণ পেয়েছেন।প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী প্রাথমিক শিক্ষায় বেশ অগ্রগতি হয়েছে। কিন্তু এখন পর্যন্ত শতভাগ শিক্ষার্থী ভর্তির বিষয়টি নিশ্চিত হয়নি। সরেজমিনে তাঁরা বেশ কিছু উদাহরণ পেয়েছেন, যা থেকে স্পষ্ট যে শতভাগ ভর্তির দাবির মধ্যে কিছুটা ফাঁকফোকর রয়েছে। তা ছাড়া শতভাগ ভর্তির লক্ষ্য পূরণ করতে গিয়ে অনেকের নাম বিদ্যালয়ের খাতায় থাকলেও তারা স্কুলে যায় না। তবে এসব অসংগতির বাইরেও স্থানীয় পর্যায়ের চিত্র হচ্ছে, প্রাথমিক শিক্ষায় অগ্রগতি হয়েছে। তবে সরকারিভাবে যতটা বলা হচ্ছে, পরিস্থিতি ততটা ভালো নয়।প্রথম আলোর খুলনা, নাটোর, কুষ্টিয়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নীলফামারী, শেরপুর, টাঙ্গাইল, রাজবাড়ী জেলার স্থানীয় সাংবাদিকেরা সরেজমিন পরিদর্শন করে শতভাগ ভর্তির চিত্র পাননি। তবে শেরপুর, টাঙ্গাইল ও রাজবাড়ী জেলার কিছু এলাকায় আকস্মিক জরিপ চালিয়ে সংশ্লিষ্ট প্রতিনিধিরা স্কুলে না যাওয়া শিশুর সংখ্যা খুব বেশি পাননি। ডুমুরিয়া (খুলনা): ২১ এপ্রিল সকালে জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কৈয়ার টিয়াবুনিয়া ইটভাটা এলাকায় গিয়ে জানা যায়, প্রসেনজিৎ সরদার, ইয়ারব সরদার, সাব্বির হোসেন, রানীমা, জিয়াদ, সোহানা, সাদিয়া, আলী আহসান, লামিয়া, লাকি ও নাসিমা এখনো বিদ্যালয়ে যায় না। এদের প্রত্যেকের বয়স পাঁচ থেকে ১০ বছরের মধ্যে। ভান্ডাপাড়া ইউনিয়নের উলা হাজিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার আশপাশে (উলা মধ্যপাড়া) নুসরত, সাগর, ছালমান, ফয়সল, রূপা, জাহিদ, শরিফুল, আশরাফুল, রহমত উল্লাহ, তাওহিদ, খায়রুল, মিনারুল এবং মৈখালি এলাকার সনিয়া, মিঠু, লামজু, সোহেল, ফরিদ, বায়জিদ স্কুলে যায় না। একই কথা জানায়, কাঞ্চননগর এলাকার প্রসেন ও রাসেল, শোভনা ইউনিয়নের চিংড়া জেলেপাড়ার সঞ্জয় সরকার ও দেবদাস সরকার। খর্ণিয়া ইটভাটা এলাকায়ও বেশ কয়েকটি শিশু লেখাপড়ার বাইরে রয়েছে বলে জানা যায়।উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে মাত্র কয়েকটি এলাকা ঘুরে এই চিত্র পাওয়া গেছে। উলা এলাকার গহর গাজী বলেন, অভাবের কারণে এলাকার কয়েক শ শিশু বিদ্যালয়ে যায় না। তবে উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ আবদুল গণি দাবি করেন, ২১০টি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার শতভাগ শিশু ভর্তি হয়ে লেখাপড়া করছে। তবে ৪০ জন প্রতিবন্ধী শিশু ভর্তি হতে পারেনি। তিনি বলেন, কেউ যাতে বাদ না থাকে, তা নিশ্চিত করতে প্রধান শিক্ষকদের নিয়ে বারবার সভা করা হয়েছে।কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা শহরের একটি চায়ের দোকানে কাজ করে আলামিন। বয়স ১০। বাবার নাম জামরুল ইসলাম। সে কোনোদিন স্কুলে যায়নি। তবে সে জানায়, তার বোনের কাছ থেকে সে নাম লেখা শিখেছে। তার সাত বছর বয়সী ছোট ভাইও স্কুলে যায় না। জেলার দৌলতপুর উপজেলার দুর্গম চরাঞ্চল চিলমারীর চর, খারিজার চর ও রামকৃষ্ণ গ্রামে সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, এসব এলাকায় বেশির ভাগ শিশু স্কুলে না গিয়ে পরিবারের কাজে সহায়তা করে। চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান শেলী দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘চরাঞ্চলের অধিকাংশ মা-বাবা অশিক্ষিত। পরিবারের আয়-উপার্জনের জন্য সন্তানকে তাঁরা জমির কাজে লাগিয়ে দেন।’কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ জামাল উদ্দীন শতভাগ শারীরিক যোগ্যতাসম্পন্ন শিশুরা স্কুলে যায় দাবি করে বলেন, ‘বছরের এ সময়ে (এপ্রিল) স্কুলগুলোতে ৫০ ভাগ ছাত্রছাত্রী উপস্থিত থাকে। কারণ হিসেবে তিনি জানান, গ্রামের অনেক পরিবারের বাবা-মায়েরা শিশুদের দিয়ে মাঠের কাজ করান। ফলে স্কুলে উপস্থিতির হার কমে যায়। তিনি আরও বলেন, ছয় থেকে ১০ বছরের শিশুরা এক দিনের জন্য হলেও স্কুলে ভর্তি হয়েছে। সেই এক দিনের ভর্তিটাও গণনার মধ্যে পড়ে। পরে অভাব-অনটনের কারণে আর স্কুলে যায় না।’নাটোর: সদর উপজেলার শুধু নুরিয়াগাছা গ্রামেই ১৪ জন শিশু এখনো স্কুলে ভর্তি হয়নি। গ্রামে স্কুল না থাকা ও দুর্গম যাতায়াত-ব্যবস্থার কারণেই এসব শিশু বিদ্যালয়ে ভর্তি হতে পারেনি বলে জানিয়েছেন তাদের অভিভাবকেরা।২১ এপ্রিল সকাল ১০টায় সরেজমিনে সদর উপজেলার নুরিয়াগাছা গ্রামে গিয়ে দেখা যায়, চার থেকে ছয় বছর বয়সী অনেক শিশু খেলাধুলায় ব্যস্ত। গ্রামের প্রতিটি বাড়িতে পরিবারের সদস্যরা এ সময় তাঁতে কাপড় বুনতে ব্যস্ত। গ্রামের বেশ কয়েকটি বাড়ি ঘুরে জানা গেল কাকলি খাতুন, মিতু, জান্নাতুন ইয়াসমিন, আরমান, বিথি, নাঈম, মেহেদী হাসান, ইসমাইল, শিমুল, আরিফুল, শারমিন, হাছান, সজল ও আকাশ এখনো স্কুলে ভর্তি হয়নি। এদের সবার বয়স পাঁচ থেকে ১১ বছরের মধ্যে। এসব শিশুর অভিভাবকেরা বলেন, নুরিয়াগাছা গ্রামে কোনো স্কুল নেই। বর্ষার সময় পুরো গ্রাম অন্যান্য জনপদ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সে সময় নৌকা একমাত্র যানবাহন। শুকনো মৌসুমে ফসলের মাঠের মধ্য দিয়ে সরু কাঁচা রাস্তা দিয়ে পাশের ভট্টপাড়া গ্রামে যাতায়াত করতে হয়। নুরিয়াগাছা গ্রামের যেসব শিশুর বয়স সাত বছরের বেশি হয়েছে, কেবল তারাই ভট্টপাড়া গ্রামের স্কুলে যাতায়াত করে।ভট্টপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান বলেন, ‘নুরিয়াগাছা গ্রামটি জেলার সবচেয়ে দুর্গম। ওই গ্রাম থেকে দেড় কিলোমিটার মেঠোপথ পাড়ি দিয়ে স্কুলে আসতে হয়। হয়তো এ কারণে কোনো কোনো অভিভাবক তাঁদের সন্তানদের স্কুলে পাঠাতে পারেননি। তবে আমাদের স্কুলে যারা ভর্তির জন্য এসেছে, তাদের ভর্তি করেছি। আগামীতে হয়তো ওই সব শিশু স্কুলে যাতায়াত শুরু করবে।’ জয়পুরহাট: জেলার ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের উত্তর মহব্বতপুর (দুর্গাপুর) গ্রামে ২৭ এপ্রিল বুধবার দুপুরের পর সরেজমিনে দেখা গেল, ভূমিহীন, হতদরিদ্র পরিবারের নয়জন শিশু কোনোদিনই বিদ্যালয়মুখী হয়নি। বিদ্যালয়ে না যাওয়া শিশুরা হলো: শান্ত, হালিম, রুবেল, চঞ্চল, নাদিরা বেগম, নাঈম হোসেন, বৃষ্টি, শিমুল ও রাবেয়া সুলতানা। নাদিরা বেগমের মা মিনা বেগম, নাঈম হোসেনের মা মিনু বেগম ও শিমুলের দাদি আমেনা বেগম জানান, অভাবের সংসারে পেটের ভাত জোটে না। ছেলে-মেয়েদের লেখাপড়াও করাতে পারি না। উত্তর মহব্বতপুর (দুর্গাপুর) গ্রামের অবস্থাসম্পন্ন কৃষক রফিকুল ইসলাম ও তাঁর প্রতিবেশী আমিনুর রহমান জানান, দরিদ্র ও অশিক্ষিত হওয়ায় ওই শিশুদের মা-বাবা তাদের লেখাপড়ার ব্যাপারে কোনো খোঁজখবর রাখে না।নীলফামারী: শতভাগ ভর্তির দাবি করা হলেও জেলার অনেক শিক্ষার্থী এখনো কোনো স্কুলে ভর্তি হয়নি। নীলফামারী জেলার জলঢাকা উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম দাবি করেন, তাঁর উপজেলায় ছয় থেকে ১২ বছরের সব ছেলেমেয়েকে বিদ্যালয়ে ভর্তি করে শতভাগ ভর্তি নিশ্চিত করা হয়েছে। কিন্তু ২৭ এপ্রিল ওই উপজেলার গোলনা ইউনিয়নের খারিজা গোলনা গ্রামে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, কেউ কেউ নামমাত্র ভর্তি হলেও স্কুলে যাওয়ার ব্যাপারে তেমন কোনো আগ্রহ নেই।গ্রামের আছির উদ্দিনের ছেলে জসিয়ার রহমান জানায়, ‘ভর্তি হছিনু বই দিছে। ৫/৬ দিন স্কুল গেছনু। নেকপের পাঁওনা দেকি (লিখতে পারি না বলে) মাস্টার ডাঙ্গায় (মারে)। সেই জন্য পড়া বাদ দিচুং (দিয়েছি)।’গ্রামের মীর মান্নানের ছেলে মীর আবদুল আলীম স্কুলে ভর্তি হয়নি। সে জানায়, ‘কিছুদিন আগে এমনি স্কুলত গেছি। নাম ভর্তি করি নাই। এখন যাই না।’ আলীমের বড় বোন মর্জিনা ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। সে লেখাপড়া করে, তার ভাই করে না। গ্রামের দুলাল চন্দ্র রায় বলেন, গ্রামের বেশির ভাগ বাচ্চা বিভিন্ন এনজিও ও সরকারি-বেসরকারি স্কুলে যায়। তবে অভিভাবকের কড়াকড়ি (শাসন) না থাকার কারণে কম যায়। আবার অনেকে কাজের অজুহাতে বাচ্চাদের স্কুলে পাঠান না।কালীগঞ্জ বাড়গোপাল আনন্দ স্কুলের শিক্ষক নবকুমার রায় বলেন, এখানে সাত থেকে ১২ বছরের ৩৫টি বাচ্চা ভর্তি আছে। তারা সবাই দ্বিতীয় শ্রেণীর ছাত্র। তিনি বলেন, ম্যানুয়াল অনুযায়ী ৩৫ জনের বেশি নেওয়া যাবে না। আমি অলিখিতভাবে নয়জন বেশি নিয়েছি, আরও অনেকে আসে ভর্তির জন্য।সিরাজগঞ্জ: শতভাগ শিশুর প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার কথা বলা হলেও শহরের গয়লা উত্তরপাড়া মহল্লায় স্কুলে ভর্তি না হওয়া ১২টি শিশুর খোঁজ পাওয়া যায়। সংশ্লিষ্ট এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো এই মহল্লা তাদের আওতাভুক্ত নয় বলে দাবি করছে। শহরের গয়লা উত্তরপাড়া মহল্লার শরিফ মিয়া, সাগর আলী, হালিমা খাতুন, সুমন মিয়া, ছানোয়ার হোসেন, স্বাধীন, শাহীনসহ কয়েকটি শিশু বিদ্যালয়ে ভর্তি হয়নি। এরা সবাই শ্রম বিক্রি আর খেলাধুলা করে সময় কাটায়। এদিকে এই মহল্লার কয়েকটি পরিবার জরিপ থেকে বাদ পড়ে গেলেও এদের জরিপভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়নি। গয়লা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীন বলেন, ‘আমরা স্থানীয়ভাবে আলাপ-আলোচনার ভিত্তিতে জরিপ করে ছাত্রছাত্রী ভর্তির ব্যবস্থা করেছি।’শেরপুর: জেলার পাঁচটি উপজেলায় ২০১১ সালে প্রাথমিক শিক্ষায় শতভাগ শিক্ষার্থী ভর্তি হয়েছে। এ পাঁচটি উপজেলা হচ্ছে: শেরপুর সদর, নালিতাবাড়ী, নকলা, শ্রীবরদী ও ঝিনাইগাতি। সরেজমিন অনুসন্ধান করে এবং প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। ২৭ এপ্রিল বুধবার সরেজমিনে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের লছমনপুর গ্রামে গিয়ে অর্ধশত পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, এসব পরিবারের ছয় থেকে ১০ বছর বয়সী সব শিশুই ওই গ্রামের কোনো না কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করছে। টাঙ্গাইল ও রাজবাড়ী থেকে পাঠানো তথ্য অনুযায়ী, জেলার প্রায় সব শিশু বিদ্যালয়ে যায়। তবে অনেকে খাতায় নাম লেখালেও আর্থিক অনটনের কারণে বিভিন্ন কাজে যুক্ত হচ্ছে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন: এনামুল হক (সিরাজগঞ্জ), কামনাশীষ শেখর (টাঙ্গাইল), মুক্তার হোসেন (নাটোর), আসাদুল ইসলাম (জয়পুরহাট), তৌহিদী হাসান (কুষ্টিয়া), মীর মাহমুদুল হাসান (নীলফামারী), দেবাশীষ সাহা রায় (শেরপুর), কাজী আবদুল্লাহ্ (ডুমুরিয়া) ও এজাজ আহম্মেদ (রাজবাড়ী)।