শতভাগ স্যানিটেশন স্বীকৃতিপ্রাপ্ত উপজেলা বদরগঞ্জের একি হাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মানুষের বাড়িত নাই পায়খানা (ল্যাট্রিন)। য্যাটে স্যাটে (যেখানে-সেখানে) পায়খানা করে। গোন্দর (দুর্গন্ধের) জন্যে আস্তা-ঘাট (রাস্তা) দিয়া হাঁটা যায় না। এ্যালা নাক-মুখ ঢাকি আস্তা হাইটপ্যার (হাটা) নাগে। হামার অসুখ-বিসুখ পাছ ছাড়ে না।’ কথাগুলো এভাবেই বলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার আমরুলবাড়ি গ্রামের গৃহবধূ রেবেকা সুলতানা। ২০০৫ সালের জুন রংপুরের বদরগঞ্জকে শতভাগ স্যানিটেশন অর্জনকারী উপজেলা হিসেবে ঘোষণা দেওয়া হয়। শতভাগ ঘোষণা দেওয়ার পর এডিবি (এশিয় উন্নয়ন ব্যাংক) থেকে পুরস্কার হিসেবে তখন উপজেলায় বরাদ্দ পাওয়া গিয়েছিল ২৫ লাখ টাকা। এ টাকা বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করার জন্য সরকারি নির্দেশনা থাকলেও তা আত্মসাত্ করার অভিযোগ রয়েছে। আফতাবগঞ্জ মাদ্রাসার শিক্ষক এম এ মতিন সরকার বলেন, ‘২০০৫ সালে কাগজে-কলমে উপজেলাকে স্যানিটেশনে শতভাগ অর্জনকারী হিসেবে ঘোষণা দেওয়ার পর সরকারিভাবে ২৫ লাখ টাকা পুরস্কার হিসেবে পাওয়া গিয়েছিল। ওই টাকা দিয়ে উন্নয়নমূলক কাজ করার নির্দেশনা থাকলেও কতিপয় সরকারি কর্মকর্তার যোগসাজশে ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিরা তা তুলে আত্মসাত্ করেছেন। তিনি বলেন, শুধু পুরস্কারের টাকা দিয়েই যদি ল্যাট্রিন সেট কিনে দেওয়া হতো, তাহলে উপজেলার কোনো বাড়িতে ল্যাট্রিন বাদ পড়ত না। রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বকুল বলেন, ‘শতভাগ ঘোষণা দেওয়ার স্বার্থে আমরা কয়েকটি পরিবার মিলে তখন একটি ল্যাট্রিন দেখিয়েছিলাম। তিনিও স্বীকার করেন, এখন মানুষ রাস্তার ধারে পায়খানা করে পরিবেশ দূষিত করে ফেলেছে। দামোদরপুরের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান, লোহানীপাড়ার চেয়ারম্যান সেকেন্দার আলী, গোপীনাথপুরের চেয়ারম্যান মিজানুর রহমান ও গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজার রহমান স্বীকার করেছেন, কোনো ইউনিয়নেই শতভাগ ল্যাট্রিন নেই। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রাজ্জাক বলেন, ‘উপজেলায় শতভাগ স্যানিটেশন নেই। বর্তমান সরকারের ঘোষণা মোতাবেক ২০১৩ সালের মধ্যে শতভাগ স্যানিটেশন অর্জনের লক্ষ্যে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল আলম সরকার বলেন, ‘কাউকে দিয়ে জোরপূর্বক কোনো কাজ সফল করা সম্ভব নয়; দরকার সচেতনতা সৃষ্টির। শতভাগ স্যানিটেশন ও শিক্ষা অর্জনের লক্ষ্যে মডেল হিসেবে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নকে বেছে নিয়ে আমরা কাজ করছি।’