শতাধিক গাড়ি ভাঙচুর করে রিকশা চলাচল বন্ধের প্রতিবাদ!
রাজধানীর কাকরাইল থেকে মালিবাগ-মৌচাক হয়ে রামপুরা ও মগবাজার পর্যন্ত সড়কে রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে শতাধিক যানবাহন ভাঙচুর করেছেন রিকশাচালকেরা। গতকাল সোমবার সকালে কয়েক শ রিকশাচালক ওই সব এলাকার রাস্তা আটকে বিক্ষোভ করেন। এ কারণে দুপুর পর্যন্ত ওই এলাকায় যান চলাচল বন্ধ ছিল।স্থানীয়দের অভিযোগ, দেড় ঘণ্টারও বেশি সময় ধরে রিকশাচালকেরা ওই সব এলাকায় তাণ্ডব চালালেও তাঁদের বাধা দেওয়ার মতো পর্যাপ্ত পুলিশ রাস্তায় ছিল না।ঘটনার সময় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ভাঙচুরের সময় বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে ও কাচ লেগে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহত ছয় রিকশাচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে নগরের বিভিন্ন সড়কে রিকশা চলাচল বন্ধ করে দেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এরই অংশ হিসেবে গতকাল সকাল নয়টার পর কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে মালিবাগ-মৌচাক হয়ে মগবাজার ও রামপুরা পর্যন্ত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়। রিকশাচালকেরা ওই সব সড়কে রিকশা নিয়ে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। ট্রাফিক পুলিশের সঙ্গে রিকশাচালকদের বিভিন্ন জায়গায় বাগিবতণ্ডা হয়। বিক্ষুব্ধ রিকশাচালকেরা রামপুরা থেকে কাকরাইল পর্যন্ত সড়কের বিভিন্ন জায়গায় জড়ো হয়ে অবস্থান নিতে চান। কিন্তু পুলিশ তাঁদের সরিয়ে দেয়। তাঁরা বিচ্ছিন্নভাবে কিছু ভাঙচুর করে দলে দলে মুক্তাঙ্গনে গিয়ে জড়ো হন। বেলা ১১টা নাগাদ মুক্তাঙ্গনে কয়েক হাজার রিকশাচালক জড়ো হন। বাংলাদেশ রিকশা-ভ্যান মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পাঁচজনের একটি প্রতিনিধিদল স্মারকলিপি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যায়। সেখানে তারা ওই সড়কগুলোতে আবার রিকশা চালুসহ ১০ দফা দাবি জানায়। সমাবেশ শেষে রিকশাচালকেরা আবার একই পথ ধরে ফিরতে শুরু করেন। পুলিশ জানায়, ফেরার সময় বিজয়নগর এলাকায় হঠাৎই কয়েকজন রিকশাচালক গাড়ি ভাঙচুর শুরু করেন। এরপর তাঁরা কাকরাইল, শান্তিনগর, মৌচাক, মালিবাগ, মগবাজার, রামপুরা, দৈনিক বাংলা মোড় ইত্যাদি এলাকায় প্রায় দেড় ঘণ্টা ধরে গাড়ি ভাঙচুর করেন। রাস্তায় চলাচলকারী বাস, কার, অটোরিকশাসহ যা সামনে পড়েছে, তাঁরা ভেঙেচুরে একাকার করেছেন। ওই সময় আশপাশের ভিকারুননিসা, উইলস লিটল ফ্লাওয়ারসহ কয়েকটি স্কুলের ছুটি হলে অভিভাবকেরা সন্তানদের নিয়ে বের হচ্ছিলেন। শিশুদের নিয়ে তাঁরা এই তাণ্ডবের মধ্যে পড়েন। দুপুর একটার দিকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে ভাঙচুরকারীরা পালিয়ে যান।বিজয়নগরে কর্তব্যরত এক ট্রাফিক সদস্য জানান, বেলা ১১টার দিকে কয়েক শ রিকশাশ্রমিক মিছিল নিয়ে পল্টনের দিক থেকে বিজয়নগর এলাকায় ঢোকেন। তাঁরা হঠাৎই ইটের টুকরা, গাছের ডাল ও লাঠিসোঁটা দিয়ে বেশ কয়েকটি চলন্ত বাস ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন, উল্টে দেন। পরে মিছিল নিয়ে কাকরাইল মোড়ের দিকে চলে যান তাঁরা। কাকরাইল মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফখরুদ্দিন আহমেদ জানান, কাকরাইল মোড় ও শান্তিনগর এলাকায় বড় বড় ইটের টুকরা ছুড়ে বেশ কয়েকটি বাস ও অটোরিকশা ভাঙচুর করেছেন শ্রমিকেরা। গাড়ি ভাঙতে ভাঙতে তাঁরা রামপুরার দিকে চলে যান। কাকরাইল এলাকায় একটি হোটেলের নিরাপত্তাকর্মী আবদুর রহিম দাবি করেন, ব্যাপক ভাঙচুর হলেও পুলিশের কোনো সদস্যকে রাস্তায় দেখা যায়নি। একজন দোকানদার জানান, কাকরাইল মোড়ে পুলিশের কয়েকজন সদস্য দাঁড়িয়ে থাকলেও এত লোককে ঠেকানো তাঁদের পক্ষে সম্ভব ছিল না।ওই বিক্ষোভকারীদের ঠেকাতে কী উদ্যোগ নিয়েছেন জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সার্জেন্ট বলেন, ‘আমাদের কাজ তো ট্রাফিক সামলানো। আমরা বেতারে বারবার নিয়ন্ত্রণকক্ষকে বিষয়টি জানিয়েছি। কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো অতিরিক্ত ফোর্স আসেনি।’শান্তিনগর এলাকার চা বিক্রেতা মো. রাসেল জানান, বেলা ১১টার দিকে সহস্রাধিক লোক প্রধান সড়কে রিকশা চলাচল বন্ধ করার প্রতিবাদে মিছিল বের করেন। এর এক ঘণ্টা পর তাঁরা হঠাৎ বাস ও সিএনজি অটোরিকশা ভাঙচুর শুরু করেন। মিছিলে যোগ না দেওয়ায় কয়েকটি রিকশাও ভাঙচুর করেছেন তাঁরা। চলন্ত বাসে হঠাৎই আক্রমণ করেন তাঁরা। বাসের দরজা-জানালা দিয়ে মানুষ লাফিয়ে লাফিয়ে নামে।প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ আসার আগে স্থানীয় তরুণ, হকার ও ব্যবসায়ীরা রিকশাচালকদের প্রতিরোধে রাস্তায় নামতে থাকেন। তখন তাঁদের সঙ্গেও রিকশাচালকদের হাতাহাতি হয়। স্থানীয়দের বাধার মুখে ধীরে ধীরে সরতে শুরু করেন তাঁরা।দুপুর একটার দিকে যখন পুলিশ আসে, তখন রাস্তা পুরোপুরি ফাঁকা, চারদিকে শুধু ভাঙচুরের চিহ্ন। স্থানীয় লোকজন জানান, রামপুরা থেকে কাকরাইল পর্যন্ত শতাধিক গাড়ি ভাঙচুর হয়েছে। অনেক গাড়ির মালিক ও চালক হাতজোড় করে অনুরোধ করেও তাঁদের গাড়ি রক্ষা করতে পারেননি। রিকশাচালকেরা যাত্রীসহ কয়েকটি অটোরিকশা উল্টে দেন।সরেজমিনে গিয়ে দেখা গেছে, মালিবাগ মোড় থেকে রাজারবাগ পর্যন্ত রাস্তার সড়ক বিভাজকে রোপিত গাছগুলো উপড়ে বা ডাল ভেঙে নিয়েছে ভাঙচুরকারীরা। পুরো রাস্তাজুড়ে ভাঙা কাচ আর ইটের টুকরা।ডিএমপি থেকে জানানো হয়েছে, রিকশাচালকদের আন্দোলন নিয়ে পুলিশের পর্যাপ্ত প্রস্তুতি ছিল মুক্তাঙ্গন ঘিরে। তাঁরা যখন ফিরে যাচ্ছিলেন, তখন পুলিশ তাঁদের পিছু নেয়নি।ডিএমপির অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান জানান, এ ঘটনায় রমনা থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। তিনি জানান, পুলিশের রাস্তা বন্ধের সিদ্ধান্ত আগের মতোই থাকবে।